মেট্রো স্টেশনের নিচে পুলিশের গাড়িতে আগুন দেওয়া হয়েছে। ছবি: সংগৃহীত
রাজধানীর মিরপুরে পোশাকশ্রমিকদের সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনীর সংঘর্ষের মধ্যে এবার পুলিশের একটি গাড়িতে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। খবর পেয়ে ঘটনাস্থলে গেছে ফায়ার সার্ভিসের একটি ইউনিট।
রবিবার দুপুর সাড়ে ১২টার পর মিরপুরের পূরবী সিনেমা হলের সামনে এ ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিস সদর দপ্তরের মিডিয়া সেলের কর্মকর্তা আনোয়ার ইসলাম দোলন বলেন, “খবর পেয়ে পল্লবী ফায়ার স্টেশনের একটি ইউনিট ঘটনাস্থলে পাঠানো হয়েছে।”
এর আগে ন্যূনতম মাসিক মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণসহ বিভিন্ন দাবিতে রোববার সকাল থেকে মিরপুরের বিভিন্ন পোশাক কারখানার শ্রমিকরা বিক্ষোভ শুরু করেন। একপর্যায়ে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে তাদের সংঘর্ষ হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে শ্রমিকদের লাঠিপেটা এবং সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে পুলিশ। পরে মিরপুর-১০ এলাকা থেকে শ্রমিকেরা সরে গেলেও ওই এলাকায় যান চলাচল স্বাভাবিক হয়নি।
এমন অবস্থার মধ্যে দুপুরে মেট্রো স্টেশনের নিচে পুলিশের গাড়িতে আগুন দেওয়ার ঘটনা ঘটে। আগুন নেভাতে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে বাধার সম্মুখীন হয়। তাদের অভিযোগ, এ সময় আন্দোলনকারীরা ইটপাটকেল নিক্ষেপ করে।
একই দাবিতে শনিবারও মিরপুরে সড়ক অবরোধ করেন পোশাক শ্রমিকরা। তাদের অবরোধের কারণে সকাল সাড়ে ১০টা থেকে বেলা ১টা পর্যন্ত মিরপুর ১০, ১১ ও ১২ নম্বরসহ আশপাশের এলাকায় যান চলাচল বন্ধ ছিল।
একপর্যায়ে শ্রমিকরা মিরপুর ১ নম্বরের শাহ আলী এলাকায় জড়ো হন। সেখানে কয়েকটি মার্কেট ও পোশাক কারখানায় ভাঙচুরের ঘটনা ঘটে। এ সময় নিরাপত্তাকর্মীদের সঙ্গে শ্রমিকদের হাতাহাতি, পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষের ঘটনাও ঘটে।
