‘সখী মন বুঝলা না’ গানের ভিডিওতে ইমরান ও রুবাইয়া এশা।
প্লেব্যাক কিংবা অডিও দুই মাধ্যমেই একচেটিয়া কাজ করে যাচ্ছেন ইমরান মাহমুদুল। ১৪ নভেম্বর প্রকাশ পেল ইমরানের নতুন একক গান ‘সখী মন বুঝলা না’। গানের কথা লিখেছেন ও সুর করেছেন গুঞ্জন রহমান।
সংগীতায়োজন করেছেন শিল্পী নিজে। ইমরানের ইউটিউব চ্যানেলের পাশাপাশি বিভিন্ন আন্তর্জাতিক অডিও প্ল্যাটফর্মে শোনা যাচ্ছে গানটি।
সাধারণত রোমান্টিক আদলে তৈরি গানে বেশি পাওয়া যায় ইমরানকে। ভিন্ন কিছু করার প্রয়াস থেকে এবার নিজের পছন্দের জনরার সঙ্গে ফোক মিশ্রণ করেছেন তিনি। ভিডিও নির্মাণেও বাড়তি যত্ন থাকে ইমরানের। এবারও এর ব্যতিক্রম হয়নি। নতুন গানে মডেল হয়েছেন অভিনেত্রী ও উপস্থাপক রুবাইয়া এশা। ভিডিও নির্দেশনা দিয়েছেন চন্দন রায় চৌধুরী।
পুরো ভিডিওতে নৃত্য পরিবেশনের পাশাপাশি কোরিওগ্রাফি করেছে রেনেসাঁ ড্যান্স গ্রুপ। কস্টিউম ডিজাইন করেছেন আজান চৌধুরী। এই গান দিয়ে তিন বছর পর ইমরানের গানের ভিডিও পরিচালনা করেছেন চন্দন রায় মজুমদার।
ইমরান জানান, সখী মন বুঝলা না গানের ভিডিও তৈরি করতে সময় লেগেছে পাঁচ মাস। গত জুলাইয়ে যুক্তরাষ্ট্রে সংগীত সফরে যাওয়ার আগে এক দিন শুটিং করেন ইমরান। এরপর যুক্তরাষ্ট্র থেকে ফিরে এসে আবার অংশ নেন শুটিংয়ে। এরপর এডিটিংয়ে সময় লেগেছে ২০ দিন।
নতুন এই গান নিয়ে ইমরান বলেন, “এই গানের ভিডিও টেকনিক্যালি অনেক অ্যাডভান্সড। এখন গ্লোবালি যে ট্রেন্ড চলছে, সেভাবেই অডিও ও ভিডিও নির্মাণ করা হয়েছে। গানের কথা লিখেছেন ও সুর করেছেন গুঞ্জন রহমান। মিউজিক্যালি অনেক ট্রেন্ডি হলেও গানের কথা ও সুর ফোক ঘরানার। যে ঘরানা আমরা সবাই পছন্দ করি। এটি এমন একটি গান, যেটা সবাই গাইতে পারবে। সব ধরনের মুডে শ্রোতারা শুনতে পারবেন।”
