সংগীত ও প্রযুক্তির সমন্বয়েই আগামীর সম্ভাবনা: রাকিব মোসাব্বির
সাইফুল বারী
প্রকাশ: ০৫ নভেম্বর ২০২৬, ১১:১৩ পিএম
গায়ক ও সংগীত পরিচালক রাকিব মোসাব্বির। ছবি: সাম্প্রতিক দেশকাল
দীর্ঘ ২১ বছরের সংগীতযাত্রায় নানা পরিবর্তনের সাক্ষী হয়েছেন রাকিব মোসাব্বির। শিল্পী, সুরকার, সংগীত পরিচালক ও সাউন্ড ইঞ্জিনিয়ার হিসেবে কাজ করার পাশাপাশি সংগীতের সঙ্গে প্রযুক্তির সমন্বয়েও আগ্রহী তিনি।
ফিতা ক্যাসেটের যুগ থেকে ডিজিটাল প্ল্যাটফর্মের বিস্তার—সবকিছুর অভিজ্ঞতা রয়েছে তার। বর্তমান সংগীতাঙ্গনের পরিবর্তন, গানের মান ও মৌলিকত্ব, কৃত্রিম বুদ্ধিমত্তার প্রভাব, কপিরাইট এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে সাম্প্রতিক দেশকালের মুখোমুখি হয়েছেন তিনি। সাক্ষাৎকারটি নিয়েছেন সাইফুল বারী…
আপনার সংগীতজীবনের শুরুটা কীভাবে?
ছোটবেলা থেকেই সংগীতের প্রতি ভালোবাসা ছিল। ২০০৫ সালে ‘ক্লোজআপ ওয়ান : তোমাকেই খুঁজছে বাংলাদেশ’ রিয়েলিটি শোকে কেন্দ্র করে আমার সংগীতজীবনের পথচলা আরো দৃশ্যমান হয়। গত ২১ বছরে শিল্পী, সুরকার, সংগীত পরিচালক ও সাউন্ড ইঞ্জিনিয়ার হিসেবে কাজ করেছি। এই দীর্ঘযাত্রায় শিখেছি, সংগীতে টিকে থাকতে প্রতিভার পাশাপাশি নিয়মিত চর্চা, অধ্যবসায় ও সময়ের সঙ্গে নিজেকে মানিয়ে নেওয়া জরুরি।
শিল্পী, সুরকার ও সংগীত পরিচালক হিসেবে আপনার কাজের ধরন কেমন?
একটি গান তৈরিতে কথা, সুর, কণ্ঠ ও সংগীতায়োজন—সবকিছুর সমন্বয় জরুরি। আমি সহজ কথা, সুর ও ভাবনার গান করতে ভালোবাসি। আমার কণ্ঠের নিজস্বতা, সুর করার দক্ষতা এবং সাউন্ড ইঞ্জিনিয়ারিংয়ের অভিজ্ঞতা আলাদা পরিচিতি দিয়েছে। আমি চাই, প্রযুক্তির ব্যবহার যেন গানের আবেগকে আড়াল না করে, বরং আরো সুন্দরভাবে প্রকাশ করে।
বাংলাদেশের বর্তমান সংগীতাঙ্গনকে কীভাবে মূল্যায়ন করবেন?
বাংলাদেশের সংগীতাঙ্গন অনেক পরিবর্তনের মধ্য দিয়ে এসেছে। ২০০৮ সালে আমার প্রথম অ্যালবাম ফিতা ক্যাসেটে প্রকাশিত হয়েছিল। এরপর সিডি থেকে শুরু করে ইউটিউব, ফেসবুক ও অডিও স্ট্রিমিং প্ল্যাটফর্মের বিকাশ দেখেছি। এখন গান প্রকাশ সহজ হয়েছে, নতুন শিল্পীরাও সুযোগ পাচ্ছেন। তবে দ্রুত জনপ্রিয় হওয়া আর দীর্ঘস্থায়ী গ্রহণযোগ্যতা এক নয়। একটি গানকে মানুষের মনে টিকিয়ে রাখতে মৌলিকত্ব, সুন্দর কথা, সুর ও আবেগের প্রয়োজন।
সংগীতের পাশাপাশি প্রযুক্তি উদ্যোক্তা হিসেবেও কাজ করছেন। এই ভাবনা কীভাবে এলো?
সংগীত নিয়ে কাজ করতে গিয়ে বুঝেছি, শুধু ভালো গান তৈরি করলেই হয় না; সেটি সংরক্ষণ, প্রচার ও শ্রোতার কাছে পৌঁছে দেওয়াও গুরুত্বপূর্ণ। সেই ভাবনা থেকেই প্রযুক্তির প্রতি আগ্রহ তৈরি হয়েছে। সংগীতের অভিজ্ঞতা আমাকে সৃজনশীল দিকটি বুঝতে সাহায্য করে, আর প্রযুক্তি শেখায় কীভাবে গানকে ডিজিটাল মাধ্যমে আরো কার্যকরভাবে উপস্থাপন করা যায়। আমি বিশ্বাস করি, সংগীত ও প্রযুক্তির সমন্বয় ভবিষ্যতে নতুন সম্ভাবনা তৈরি করবে।
ডিজিটাল প্ল্যাটফর্ম, কৃত্রিম বুদ্ধিমত্তা ও কপিরাইট নিয়ে আপনার ভাবনা কী? ভবিষ্যৎ পরিকল্পনা কী?
ডিজিটাল প্ল্যাটফর্ম ও কৃত্রিম বুদ্ধিমত্তা সংগীতাঙ্গনে নতুন সম্ভাবনা তৈরি করছে। তবে গানের স্বত্ব, কপিরাইট ও রয়্যালটি নিশ্চিত করাও জরুরি। গীতিকবি, সুরকার, শিল্পী ও সংগীত প্রযোজক—সবার অধিকার যথাযথভাবে সংরক্ষিত হওয়া উচিত। এআইকে সৃজনশীলতার বিকল্প নয়, সহায়ক প্রযুক্তি হিসেবে দেখি।
ভবিষ্যতে মৌলিক সংগীত সৃষ্টি, ডিজিটাল সংগীত বিতরণ এবং স্বাধীন শিল্পীদের স্বত্ব ও আয়ের সুযোগ বাড়াতে কাজ করতে চাই। ২১ বছরের অভিজ্ঞতা থেকে আমার উপলব্ধি, সংগীতের প্রতি ভালোবাসার পাশাপাশি ভবিষ্যতের পরিবর্তনের জন্যও প্রস্তুত থাকতে হবে।
