Logo
×

Follow Us

মিডিয়া

দুই বছরে ১৮৯ সাংবাদিক নিহত

Icon

সৈয়দ রাইয়ান আমীর

প্রকাশ: ০৩ নভেম্বর ২০২৬, ১২:৫৯ পিএম

দুই বছরে ১৮৯ সাংবাদিক নিহত

প্রতি চার দিনে বিশ্বের কোথাও না কোথাও একজন সাংবাদিক খুন হচ্ছেন। ২০০৬ সাল থেকে এভাবে প্রাণ গেছে ১ হাজার ৬৪১ জনের। গড়ে বছরে ৮০ জন। অথচ খুনিদের বেশিরভাগই থেকে যাচ্ছে ধরাছোঁয়ার বাইরে। প্রতি সাতটি হত্যাকাণ্ডের ছয়টির তদন্ত বা বিচার হয় এখনো চলছে, নয়তো থমকে আছে।

জাতিসংঘের শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতিবিষয়ক সংস্থা ইউনেসকোর ‘হাইলাইটস ফ্রম দ্য ইউনেসকো ডিরেক্টর-জেনারেলস রিপোর্ট অন দ্য সেফটি অব জার্নালিস্টস অ্যান্ড দ্য ডেঞ্জার অব ইমপিউনিটি’ শীর্ষক প্রতিবেদনে এ চিত্র উঠে এসেছে। সাংবাদিকদের বিরুদ্ধে অপরাধের দায়মুক্তি অবসানের আন্তর্জাতিক দিবস-২০২৬ উপলক্ষে প্রতিবেদনটি প্রকাশ করা হয়েছে। দুই বছর পরপর প্রকাশিত এ প্রতিবেদনের প্রচ্ছদেই লেখা, ‘হুমকি বদলায়, দায়মুক্তি টিকে থাকে।’

প্রতিবেদন অনুযায়ী, ২০২৪ ও ২০২৫ সালে বিশ্বে ১৮৯ জন সাংবাদিক, গণমাধ্যমকর্মী ও সাংবাদিকতায় যুক্ত সামাজিক যোগাযোগমাধ্যমের কনটেন্ট নির্মাতা নিহত হয়েছেন। আগের দুই বছরে এ সংখ্যা ছিল ১৫৮। অর্থাৎ হত্যা বেড়েছে ২০ শতাংশ। ২০১৪-১৫ সালের পর আর কোনো দুই বছরে এত সাংবাদিক খুন হননি। শুধু ২০২৫ সালেই নিহত হয়েছেন ৯৭ জন, যা গত আট বছরে সর্বোচ্চ।

এই রক্তক্ষরণের বড় উৎস যুদ্ধ। দুই বছরে নিহত সাংবাদিকদের ১২৭ জন, অর্থাৎ ৬৭ শতাংশই মারা গেছেন সংঘাতকবলিত দেশে। ২০২২-২৩ সময়ে এ হার ছিল ৪৩ শতাংশ। নতুন আতঙ্কের নাম ড্রোন। ছয়টি দেশে ড্রোন হামলায় নিহত হয়েছেন ৫০ জন সাংবাদিক, যা সংঘাতকবলিত দেশে মোট হত্যার ৪০ শতাংশ। অস্থায়ী মিডিয়া কেন্দ্র ও কর্মস্থলে হামলায় চার দেশে মারা গেছেন ৩৬ জন। একটি হামলাতেই প্রাণ গেছে ৯ জনের। ‘প্রেস’ লেখা জ্যাকেট পরে বা চিহ্নিত গাড়িতে থেকেও নিহত হয়েছেন ১৫ জন। পরিচয়ের এই চিহ্ন যে আর সুরক্ষা দিচ্ছে না, তা এখন স্পষ্ট।

অঞ্চল হিসেবে সবচেয়ে বিপজ্জনক আরব অঞ্চল। সেখানে দুই বছরে নিহত হয়েছেন ৯৭ জন। এরপর লাতিন আমেরিকা ও ক্যারিবীয় অঞ্চল (৩৭) এবং এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল (৩৪)। দেশের তালিকায় শীর্ষে ফিলিস্তিন। সেখানে ২০২৪ সালে অন্তত ৩০ জন এবং ২০২৫ সালে অন্তত ৩২ জন সাংবাদিক নিহত হয়েছেন। গত বছর মেক্সিকোতে ১০ জন ও ইয়েমেনে ৯ জন খুন হন। বিপরীতে পশ্চিম ইউরোপ ও উত্তর আমেরিকায় নিহত হয়েছেন মাত্র একজন।

তবে সব খবর হতাশার নয়। সংঘাতের বাইরের দেশগুলোতে সাংবাদিক হত্যা নেমে এসেছে ৬২-তে, যা গত ১৮ বছরে সবচেয়ে কম। নারী সাংবাদিক নিহত হয়েছেন ১৪ জন, মোটের ৭ শতাংশ। এক দশকের বেশি সময়ের মধ্যে এটি সবচেয়ে কম হার। কিন্তু তাদের ১৩ জনই প্রাণ হারিয়েছেন সংঘাতপূর্ণ এলাকায়। উদ্বেগ বাড়াচ্ছে তরুণদের মৃত্যুও। 

২৫ থেকে ২৯ বছর বয়সী নিহত সাংবাদিকের সংখ্যা ১২ থেকে বেড়ে ২০ হয়েছে। বিক্ষোভের খবর সংগ্রহ করতে গিয়ে মারা গেছেন ৭ জন, যা এ যাবৎকালের সর্বোচ্চ। নিজের বাড়িতে খুন হয়েছেন ২০ জন, কখনো পরিবারের সদস্যসহ।

সবচেয়ে বড় প্রশ্ন বিচার নিয়ে। ২০১২ সালে বিচারহীনতার হার ছিল ৯৫ শতাংশ। ধীরে ধীরে কমে ২০২৪ সালে তা দাঁড়ায় ৮৫ শতাংশে। এবার আবার এক শতাংশ বিন্দু বেড়ে হয়েছে ৮৬ শতাংশ, অর্থাৎ ফিরে গেছে ২০২২ সালের অবস্থায়। প্রতিবেদনে একে দীর্ঘমেয়াদি অগ্রগতির উল্টো যাত্রা হিসেবে দেখানো হয়েছে। ২০০৬ সাল থেকে নথিভুক্ত মামলার মধ্যে নিষ্পত্তি হয়েছে মাত্র ২২৩টি, অর্থাৎ ১৪ শতাংশ। ১ হাজার ১৩টি মামলা এখনো ঝুলে আছে। আর ৩২১টি মামলার বিষয়ে কোনো তথ্যই পায়নি সংস্থাটি। 

আরব অঞ্চলে বিচারহীনতার হার ৯৮ শতাংশ, সেখানে নিষ্পত্তি হয়েছে মাত্র ৮টি মামলা। আফ্রিকায় ছয় বছরের মধ্যে প্রথমবার এ হার বেড়ে ৮৩ শতাংশে উঠেছে। সংঘাতহীন দেশগুলোতে এ হার ৭৭ শতাংশ, ২০২২ সাল থেকে যা একই জায়গায় আটকে আছে।

রাষ্ট্রগুলোর আগ্রহেও ভাটা পড়েছে। ২০২৫ সালের অক্টোবরে ৭৮টি দেশের কাছে অমীমাংসিত ১ হাজার ৩৫৮টি হত্যা মামলার হালনাগাদ তথ্য চেয়েছিল ইউনেসকো। সাড়া দিয়েছে ৪৮টি দেশ, তার মধ্যে বিস্তারিত তথ্য দিয়েছে ৪০টি। সাড়া দেওয়ার হার ৬২ শতাংশ, আগের দফায় যা ছিল ৮০ শতাংশ। ২০১৯ সালের পর এটিই সর্বনিম্ন। ৩০টি দেশ কোনো জবাবই দেয়নি।

কিছু অগ্রগতিও অবশ্য আছে। টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রার (এসডিজি) ১৬.১০.১ সূচকে সাংবাদিক হত্যার তথ্য দিয়েছে ১১টি দেশ। আগের দফায় দিয়েছিল মাত্র একটি। ৩৮টি দেশ সাংবাদিক সুরক্ষায় নেওয়া পদক্ষেপের কথা জানিয়েছে। যেমন ব্রাজিলে তদন্তের জাতীয় প্রটোকল, কলম্বিয়ায় নারী সাংবাদিকদের জন্য তহবিল। 

জাতিসংঘের ইউনিভার্সাল পিরিওডিক রিভিউতে মতপ্রকাশের স্বাধীনতাবিষয়ক সুপারিশ গ্রহণের হার ৬৫ থেকে বেড়ে ৬৯ শতাংশ হয়েছে। তবে মোট ২১ হাজার ৮৬৭টি সুপারিশের মধ্যে এ বিষয়ে ছিল মাত্র ৮৭১টি, আনুপাতিক হিসাবে যা আগের চেয়ে প্রায় ৩০ শতাংশ কম।

প্রতিবেদনের একটি সীমাবদ্ধতাও চোখে পড়ে। হত্যার বাইরে গুম, আটক বা হয়রানির তথ্য ইউনেসকো নিয়মিতভাবে সংগ্রহ করে না। রিপোর্টার্স উইদাউট বর্ডার্সের (আরএসএফ) হিসাবে, দুই বছরে ৭২টি দেশে অন্তত ৯৩৮ জন সাংবাদিক আটক হয়েছেন। ‘নিখোঁজ’ হয়েছেন অন্তত ১৬০ জন। 

ইউএন উইমেন ও আইসিএফজের এক জরিপে দেখা গেছে, ৪৫ শতাংশ নারী সাংবাদিক ও গণমাধ্যমকর্মী সেলফ-সেন্সরশিপ করছেন। অনলাইন হয়রানির জেরে শারীরিক সহিংসতার শিকার হওয়ার হার ২০২১ সালের ২০ শতাংশ থেকে বেড়ে ৪২ শতাংশ হয়েছে।

সংখ্যার হিসাবে কিছু জায়গায় পরিস্থিতির উন্নতি হয়েছে, এটা ঠিক। কিন্তু হত্যার পর বিচার না হলে সে উন্নতি টেকসই হয় না। ড্রোনের মতো নতুন হুমকি বাড়ছে। জবাবদিহির পুরোনো ঘাটতি রয়ে গেছে আগের মতোই। প্রচ্ছদের কথাটিই তাই শেষ পর্যন্ত সত্যি হয়ে থাকে।

বাংলাদেশের অবস্থান কোথায়

ইউনেস্কোর মহাপরিচালকের “সাংবাদিকদের নিরাপত্তা এবং বিচারহীনতার বিপদ” শীর্ষক সাম্প্রতিক প্রতিবেদন অনুযায়ী, বাংলাদেশ সাংবাদিক হত্যার ক্ষেত্রে বেশ কিছু উদ্বেগজনক পরিসংখ্যানের অংশ হিসেবে উঠে এসেছে। 

প্রতিবেদনটিতে দেখা যায়, ২০২৪ ও ২০২৫ সালের মধ্যে বাংলাদেশে মোট ৭ জন সাংবাদিককে হত্যা করা হয়েছে। এর মধ্যে ২০২৪ সালে ৫ জন এবং ২০২৫ সালে ২ জন সাংবাদিক নিহত হন। স্বল্পোন্নত দেশগুলোর (LDC) তালিকায় থাকা যে রাষ্ট্রগুলোতে এই দ্বিবার্ষিক সময়ে সাংবাদিক হত্যার ঘটনা নথিবদ্ধ করা হয়েছে, বাংলাদেশ তার মধ্যে অন্যতম। অন্যদিকে, সাংবাদিক হত্যার বিচারহীনতা দূর করার লক্ষ্যে ইউনেস্কোর মহাপরিচালক বিভিন্ন দেশের কাছে সাংবাদিক হত্যার বিচার বিভাগীয় তদন্ত ও আইনি পদক্ষেপের হালনাগাদ অবস্থা জানতে চেয়ে অনুরোধ করলেও, বাংলাদেশ থেকে কোনো সাড়া পাওয়া যায়নি। 

পরিসংখ্যান অনুযায়ী, ২০০৬ সালের ১ জানুয়ারি থেকে ২০২৫ সালের ৩১ অক্টোবর পর্যন্ত সংঘটিত বাংলাদেশে ২৪টি সাংবাদিক হত্যার মামলার বিষয়ে ইউনেস্কো রাষ্ট্রীয় প্রতিক্রিয়া ও তদন্তের অগ্রগতি সম্পর্কে তথ্য চেয়েছিল, কিন্তু বাংলাদেশ এই অনুরোধের কোনো আনুষ্ঠানিক উত্তর দেয়নি। তবে এই উদ্বেগজনক চিত্রের পাশাপাশি একটি ইতিবাচক অগ্রগতিও প্রতিবেদনে স্থান পেয়েছে। ২০২৫ সালে জাতিসংঘের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রার (SDG 16.10.1) অধীনে ভলান্টারি ন্যাশনাল রিভিউ (VNR) জমা দেওয়া ৩৫টি দেশের মধ্যে বাংলাদেশ একটি। 

এ বছর মাত্র ৫টি দেশ তাদের জাতীয় পর্যায়ের পর্যালোচনায় সাংবাদিকদের নিরাপত্তা বা এই নির্দিষ্ট লক্ষ্যমাত্রার বিষয়ে সুস্পষ্টভাবে উল্লেখ বা তথ্য প্রদান করেছে, যার মধ্যে বাংলাদেশ অন্যতম।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫