Logo
×

Follow Us

প্রচ্ছদ প্রতিবেদন

পোশাকশ্রমিকদের নতুন মজুরি ১ ডিসেম্বর থেকে কার্যকর

Icon

ডেস্ক রিপোর্ট

প্রকাশ: ১৭ নভেম্বর ২০২৬, ০৮:৫৪ পিএম

পোশাকশ্রমিকদের নতুন মজুরি ১ ডিসেম্বর থেকে কার্যকর

বর্ধিত হারে মজুরি শ্রমিকেরা পাবেন জানুয়ারি মাসের প্রথম সপ্তাহে। ছবি: সংগৃহীত

তৈরি পোশাকশিল্পের শ্রমিকদের নতুন মজুরি যখনই চূড়ান্ত হোক না কেন, তা আগামী ১ ডিসেম্বর থেকে কার্যকর হবে বলে জানিয়েছেন নিম্নতম মজুরি বোর্ডের চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানী।

দ্রুততম সময়ের মধ্যে নতুন মজুরি নির্ধারণ করা হবে উল্লেখ করে তিনি জানান, বর্ধিত হারে এ মজুরি শ্রমিকেরা পাবেন জানুয়ারি মাসের প্রথম সপ্তাহে।

মঙ্গলবার সন্ধ্যায় রাজধানীতে নিম্নতম মজুরি বোর্ডের কার্যালয়ে আয়োজিত জরুরি সংবাদ সম্মেলনে এসব কথা বলেন সৈয়দ আজাদ সুবহানী।

তৈরি পোশাকশিল্পের শ্রমিকদের মজুরি বৃদ্ধির দাবিতে চলমান অসন্তোষ এবং বোর্ডের তৃতীয় সভা স্থগিত হওয়া নিয়ে তৈরি হওয়া বিভ্রান্তি দূর করতে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয় বলে জানান তিনি।

সৈয়দ আজাদ সুবহানী বলেন, “নতুন মজুরি নির্ধারণে আইনগত কিছু প্রক্রিয়া অনুসরণ করতে হবে। সে কারণে ১ ডিসেম্বর বা এমন নির্দিষ্ট কোনো তারিখে নতুন মজুরি ঘোষণার কোনো প্রতিশ্রুতি তিনি দেননি। তবে নতুন মজুরি চূড়ান্ত হওয়ার পর শ্রমিকেরা ১ ডিসেম্বর থেকেই বর্ধিত হারে মজুরি পাবেন।”

বোর্ডের চেয়ারম্যান বলেন, “আমি কিন্তু বলিনি যে ১ ডিসেম্বর নতুন মজুরি ঘোষণা দেব। সেটি আইনগত ও বাস্তবিক কারণে সম্ভব নয়। আমরা যখনই এটি চূড়ান্ত করতে পারব, গেজেট প্রজ্ঞাপনে উল্লেখ থাকবে যে বর্ধিত মজুরি ২০২৬ সালের ১ ডিসেম্বর থেকে প্রাপ্য হবে।”

তিনি আরও বলেন, “নতুন মজুরি নির্ধারণের জন্য আইন অনুযায়ী বোর্ড ছয় মাস সময় পায়। প্রয়োজন হলে সরকারের কাছ থেকে অতিরিক্ত সময় নেওয়ারও সুযোগ রয়েছে। তবে সরকার দ্রুততম সময়ের মধ্যে বিষয়টির সুরাহা চায়। বোর্ডও সেই লক্ষ্যেই কাজ করছে।”

তৈরি পোশাকশিল্পের শ্রমিকদের নতুন মজুরি নির্ধারণে গঠিত বোর্ড ইতিমধ্যে দুটি সভা করেছে। তৃতীয় সভা গতকাল সোমবার অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও তা স্থগিত করা হয়। আগামী ২৩ নভেম্বর সভার নতুন তারিখ নির্ধারণ করা হয়েছে।

সভা স্থগিত হওয়ার কারণ ব্যাখ্যা করে সৈয়দ আজাদ সুবহানী বলেন, বোর্ডের একজন স্থায়ী সদস্য হঠাৎ অসুস্থ হয়ে পড়ায় সভাটি স্থগিত করতে হয়েছে। ওই সদস্য শ্রমিকপক্ষের প্রতিনিধি। তাকে বাদ দিয়ে সভা করার ক্ষেত্রে আইনগত বাধ্যবাধকতা না থাকলেও নৈতিক ও বাস্তবিক কারণে সভা স্থগিতের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সভা স্থগিতের পেছনে কোনো পক্ষের চাপ রয়েছে কি না, এমন প্রশ্নের জবাবে বোর্ডের চেয়ারম্যান বলেন, তার ওপর কোনো পক্ষ থেকে চাপ, অনুরোধ কিংবা ভয়ভীতি দেখানোর ঘটনা ঘটেনি।

 এ বিষয়ে শ্রমিকদের আশ্বস্ত করে তিনি বলেন, “কোনো তরফে আমার ওপর কোনো চাপ বা অনুরোধ বা উপরোধ বা ভীতি প্রদর্শনের কিছুই নেই। এটি আমি আপনাদের মাধ্যমে শ্রমিক ভাইদের হলফ করে বলছি।”

মালিকপক্ষের প্রস্তাব সম্পর্কে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, “না, তারা সভার জন্য অপেক্ষা করছে। তৃতীয় সভার দিনই তারা জানাবে।”

নভেম্বরের মধ্যে অন্তত নতুন মজুরির খসড়া প্রস্তাব প্রকাশ করা সম্ভব কি না, এমন প্রশ্নের জবাবে সৈয়দ আজাদ সুবহানী বলেন, “মালিক ও শ্রমিকপক্ষের প্রস্তাব পাওয়ার পর সেগুলো নিয়ে আলোচনা ও দর-কষাকষি করতে হবে। উভয় পক্ষকে আলোচনার টেবিলে বসিয়ে একটি বাস্তবসম্মত সিদ্ধান্তে পৌঁছাতে হবে।”

তিনি বলেন, “আমরা যদি কোনো কিছু চাপিয়ে দিই, সেটি বাস্তবায়নযোগ্য হবে কি না, সেটিও দেখতে হবে। আবার আইনি প্রক্রিয়া এড়িয়ে গেলে সিদ্ধান্তে ত্রুটি থেকে যাবে। তখন কেউ না কেউ সেটি বাতিল করার সুযোগ পেতে পারে।”

নতুন মজুরি নির্ধারণে শ্রমিকদের প্রকৃত জীবনযাত্রার ব্যয় ও কারখানাগুলোর পরিস্থিতি বুঝতে বিভিন্ন শিল্পাঞ্চল পরিদর্শন করছেন বোর্ডের সদস্যরা। সৈয়দ আজাদ সুবহানী জানান, দ্বিতীয় সভার পর বোর্ডের সদস্যরা চট্টগ্রামের বিভিন্ন শিল্পাঞ্চলে ছোট, মাঝারি ও বড় তৈরি পোশাক কারখানা পরিদর্শন করেছেন। সেখানে বিভিন্ন গ্রেডের শ্রমিক, কর্মচারী ও মালিকপক্ষের সঙ্গে কথা বলেছেন।

গত ১৫ নভেম্বর নারায়ণগঞ্জের বিভিন্ন শিল্পাঞ্চলেও একাধিক কারখানা পরিদর্শন করা হয়। সেখানে শ্রমিকদের প্রকৃত বেতন, আবাসন, পারিবারিক ব্যয় এবং তাদের আয়ের ওপর নির্ভরশীল সদস্যের সংখ্যা সম্পর্কে তথ্য সংগ্রহ করা হয়েছে। গতকাল সোমবার শ্রমিক প্রতিনিধি বাবুল আখতারকে সঙ্গে নিয়ে সাভারের কয়েকটি কারখানা পরিদর্শন করেন বোর্ডের চেয়ারম্যান।

বোর্ডের চেয়ারম্যান বলেন, “এসব পরিদর্শনে পাওয়া তথ্য নতুন মজুরি নির্ধারণের প্রতিবেদনে অন্তর্ভুক্ত করা হবে। শুধু মালিকপক্ষ বা শ্রমিকপক্ষের বক্তব্যের ওপর নির্ভর না করে বাস্তব পরিস্থিতি যাচাই করতেই এসব উদ্যোগ নেওয়া হয়েছে।”

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫