প্রশ্ন ওইসিডির
সরকারি অডিটের সুফল কতটা পৌঁছাচ্ছে জনগণের কাছে
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১৭ নভেম্বর ২০২৬, ০৫:১৮ এএম
ছবি: কৃত্রিম বুদ্ধিমত্তায় তৈরি
সরকারি অর্থ ব্যয়ের স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে নিরীক্ষা বা অডিট প্রতিষ্ঠানগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। কিন্তু অডিট প্রতিবেদনের সুপারিশগুলো শেষ পর্যন্ত কতটা কার্যকর হচ্ছে কিংবা প্রশাসনের ভেতরে কী ধরনের ইতিবাচক পরিবর্তন আনছে, তার সঠিক পরিমাপ এখনো অনেক ক্ষেত্রেই অনুপস্থিত।
অর্থনৈতিক সহযোগিতা ও উন্নয়ন সংস্থা (ওইসিডি) তাদের সাম্প্রতিক এক পর্যালোচনায় এমন চিত্রই তুলে ধরেছে। সংস্থাটির মতে, কেবল প্রতিবেদন প্রকাশ আর সুপারিশ তৈরির সংখ্যার মধ্যে সীমাবদ্ধ থাকলে অডিটের প্রকৃত সুফল জনগণের কাছে পৌঁছায় না।
প্রতিবেদনটি প্রকাশিত হয় ১৬ নভেম্বরে। এতে দেখা যায়, গত ২৩ অক্টোবর অনুমোদিত ওইসিডির ‘মেজারিং পাবলিক অডিট ইমপ্যাক্ট অ্যান্ড কমিউনিকেটিং ইটস ভ্যালু’ শীর্ষক প্রতিবেদনে বিশ্বজুড়ে সরকারি অডিট প্রতিষ্ঠানগুলোর কাজের প্রভাব মূল্যায়ন ও তা জনসমক্ষে তুলে ধরার সীমাবদ্ধতাগুলো বিশ্লেষণ করা হয়েছে।
২০২৪ সালের ডিসেম্বর থেকে ২০২৫ সালের জানুয়ারি পর্যন্ত পরিচালিত একটি জরিপের ভিত্তিতে প্রতিবেদনটি তৈরি করা হয়। এতে ১৫টি দেশের সর্বোচ্চ নিরীক্ষা প্রতিষ্ঠান (এসএআই) এবং ২২টি অভ্যন্তরীণ নিরীক্ষা বিভাগসহ (আইএএফ) মোট ৩৭টি সংস্থা অংশ নেয়।
প্রতিবেদনের তথ্য বলছে, অডিটের প্রভাব পরিমাপের ক্ষেত্রে সর্বোচ্চ নিরীক্ষা প্রতিষ্ঠান এবং অভ্যন্তরীণ নিরীক্ষা বিভাগগুলোর মধ্যে বড় ধরনের ব্যবধান রয়েছে। জরিপে অংশ নেওয়া ৮৭ শতাংশ সর্বোচ্চ নিরীক্ষা প্রতিষ্ঠান তাদের কর্মদক্ষতা মূল্যায়ন কাঠামোতে অডিটের প্রভাব যুক্ত করেছে, যেখানে অভ্যন্তরীণ নিরীক্ষা বিভাগগুলোর ক্ষেত্রে এই হার মাত্র ১৮ শতাংশ। এমনকি অভ্যন্তরীণ নিরীক্ষা বিভাগগুলোর ৭৭ শতাংশই কেবল প্রতিবেদন বা সুপারিশ তৈরির মতো প্রাথমিক কাজের হিসাব রাখতেই বেশি মনোযোগী। পূর্ণাঙ্গ ফলাফল বা দীর্ঘমেয়াদি প্রভাব মূল্যায়ন করে মাত্র ৫ শতাংশ অভ্যন্তরীণ নিরীক্ষা বিভাগ, যেখানে সর্বোচ্চ নিরীক্ষা প্রতিষ্ঠানগুলোর ৬০ শতাংশ এই কাজটি করে থাকে।
আর্থিক সাশ্রয় ও অনিয়ম উদ্ঘাটনের ক্ষেত্রে অডিট প্রতিষ্ঠানগুলো বেশ কিছু চমকপ্রদ তথ্য দিয়েছে। জরিপ অনুযায়ী, সর্বোচ্চ নিরীক্ষা প্রতিষ্ঠানগুলোর ৭৩ শতাংশ এবং অভ্যন্তরীণ নিরীক্ষা বিভাগগুলোর ৩৬ শতাংশ জালিয়াতি শনাক্ত ও অর্থ পুনরুদ্ধারকে তাদের প্রধান আর্থিক সাফল্য হিসেবে দেখায়। উদাহরণ হিসেবে বলা যায়, ২০২৪ সালে যুক্তরাষ্ট্রের গভর্নমেন্ট অ্যাকাউন্টেবিলিটি অফিস (জিএও) প্রতি ১ ইউরো খরচের বিপরীতে ৭৩ ইউরো সমমূল্যের আর্থিক সুবিধা নিশ্চিত করেছে, যার মোট পরিমাণ ছিল ৬ হাজার ৫০০ কোটি ইউরো।
যুক্তরাজ্যের ন্যাশনাল অডিট অফিস ২০২৩-২৪ অর্থবছরে প্রতি ১ ইউরোর বিপরীতে ২১ ইউরো সাশ্রয় করে মোট ২০০ কোটি ইউরো আর্থিক সুবিধা এনেছে। দক্ষিণ কোরিয়ার বোর্ড অব অডিট অ্যান্ড ইনস্পেকশন ২০২৩ সালে ১৫০ কোটি ইউরো এবং লাটভিয়ার রাষ্ট্রীয় অডিট অফিস ২০২২ সালে প্রতি ১ ইউরোর বিপরীতে ৫ দশমিক ৬ ইউরো হারে মোট ৩ কোটি ইউরো সাশ্রয় করেছে।
তবে কেবল আর্থিক অঙ্কের এই সাফল্যই অডিটের পূর্ণাঙ্গ চিত্র নয়। ওইসিডি বলছে, ওইসিডিভুক্ত দেশগুলোতে অডিট সুপারিশ বাস্তবায়নের গড় হার ৭৮ শতাংশ হলেও অনেক ক্ষেত্রেই তা কেবল কাগজে-কলমে বা আনুষ্ঠানিকতার মধ্যে সীমাবদ্ধ থাকে। অডিটের অ-আর্থিক বা গুণগত প্রভাব পরিমাপ করা এখনো সবচেয়ে বড় চ্যালেঞ্জ।
জরিপে অংশ নেওয়া ১৮টি প্রতিষ্ঠানই অ-আর্থিক সুফল পরিমাপের জটিলতাকে প্রধান বাধা হিসেবে চিহ্নিত করেছে। এ ছাড়া ১৩টি প্রতিষ্ঠান সুনির্দিষ্ট মানদণ্ডের অভাব এবং ১১টি প্রতিষ্ঠান জনবল ও বাজেট সংকটের কথা জানিয়েছে।
অডিট প্রতিবেদনের ভাষা ও উপস্থাপন নিয়েও প্রতিবেদনে কিছুটা সমালোচনামূলক দৃষ্টিভঙ্গি দেখা গেছে। অত্যন্ত কারিগরি ও জটিল ভাষার কারণে সাধারণ মানুষ তো বটেই, অনেক নীতিনির্ধারকও এসব প্রতিবেদনের মর্মার্থ সহজে বুঝতে পারেন না।
জরিপের তথ্যমতে, সুপারিশ দেওয়ার পর তার বাস্তব ফল দৃশ্যমান হতে দীর্ঘ সময় লেগে যাওয়াকে বড় সমস্যা হিসেবে দেখছে ৪৭ শতাংশ সর্বোচ্চ নিরীক্ষা প্রতিষ্ঠান ও ৪৫ শতাংশ অভ্যন্তরীণ নিরীক্ষা বিভাগ।
পাশাপাশি, অভ্যন্তরীণ নিরীক্ষা বিভাগগুলোর মাত্র ১৪ শতাংশ মূল প্রতিবেদনের বাইরে সামাজিক যোগাযোগমাধ্যম বা আধুনিক ডিজিটাল ড্যাশবোর্ড ব্যবহার করে, যেখানে সর্বোচ্চ নিরীক্ষা প্রতিষ্ঠানগুলোর ক্ষেত্রে এই হার ৮৭ শতাংশ।
প্রতিবেদনে সতর্ক করে বলা হয়েছে, অডিট যদি কেবল ত্রুটি ধরার নেতিবাচক প্রবণতার মধ্যে আটকে থাকে, তবে প্রশাসনের ভেতরে অহেতুক ভীতি ও আমলাতান্ত্রিক জটিলতা বাড়তে পারে। তাই অডিট প্রতিষ্ঠানগুলোকে কেবল সংখ্যাগত হিসাব না কষে, সহজবোধ্য ভাষা, কার্যকর ফলোআপ এবং কৌশলগত পরিকল্পনার মাধ্যমে নিজেদের কাজের প্রকৃত মূল্য জনগণের সামনে তুলে ধরার পরামর্শ দিয়েছে ওইসিডি।
