Logo
×

Follow Us

প্রচ্ছদ প্রতিবেদন

যুদ্ধের তাপ, ঋণের ফাঁস

চাপে বাংলাদেশসহ উন্নয়নশীল বিশ্ব

Icon

হামিদুল ইসলাম সরকার

প্রকাশ: ১৫ নভেম্বর ২০২৬, ০১:৫৮ পিএম

চাপে বাংলাদেশসহ উন্নয়নশীল বিশ্ব

ছবি: কৃত্রিম বুদ্ধিমত্তায় তৈরি

  • বৈশ্বিক বৈদেশিক ঋণ ৯.৪ ট্রিলিয়ন ডলার
  • নতুন অর্থায়নের বড় অংশ ঋণের কিস্তি শোধেই যাচ্ছে 

মধ্যপ্রাচ্যের সংঘাত আন্তর্জাতিক জ্বালানি সরবরাহ ও বাণিজ্য ব্যবস্থায় নতুন অস্থিরতা তৈরি করেছে। যুদ্ধ পরিস্থিতি, জ্বালানি অনিশ্চয়তা ও ঋণের ক্রমবর্ধমান বোঝা—বিশ্ব অর্থনীতির সামনে এখন তিনটি বড় বিপদ। বাড়ছে তেল ও তরল গ্যাসে আমদানির ব্যয়, পরিবহন ও সরবরাহ খরচ। এর মধ্যেই উন্নয়নশীল দেশগুলোর বৈদেশিক ঋণ পৌঁছেছে রেকর্ড ৯.৪ ট্রিলিয়ন ডলারে। ঋণের সুদ ও আসল পরিশোধে বিপুল অর্থ খরচ করতে হচ্ছে এই দেশগুলোকে। ফলে শিক্ষা, স্বাস্থ্য, অবকাঠামো ও সামাজিক নিরাপত্তার মতো গুরুত্বপূর্ণ খাতে বিনিয়োগের জায়গা সংকুচিত হওয়ার আশঙ্কা বাড়ছে। 

বাংলাদেশও এই দ্বিমুখী সংকটের বাইরে নয়। একদিকে জ্বালানি আমদানির বাড়তি ব্যয়, অন্যদিকে বৈদেশিক ঋণের কিস্তি পরিশোধের চাপ। এর সঙ্গে যুক্ত রয়েছে ডলারের বাড়তি চাহিদা, বাণিজ্য ঘাটতি, রিজার্ভের ওপর চাপ এবং মধ্যপ্রাচ্যের শ্রমবাজার নিয়ে অনিশ্চয়তা। ফলে যুদ্ধ করছে বড় দেশগুলো আর যুদ্ধের ময়দানে সরাসরি অংশ না নিয়েও অর্থনৈতিক ময়দানে বড় মূল্য দিতে হচ্ছে বাংলাদেশকে—বিশ্লেষকরা এমনটাই মনে করছেন। প্রশ্ন উঠেছে, আন্তর্জাতিক সংঘাতের অভিঘাত সামাল দিতে গিয়ে উন্নয়নশীল দেশগুলো কি নিজেদের উন্নয়ন পরিকল্পনাই পেছাতে বাধ্য হচ্ছে?

যুদ্ধের অভিঘাত, জ্বালানি আমদানিতে ডলারের ঝড়

বাস্তবতা হলো, বাংলাদেশের অর্থনীতি আমদানিনির্ভর। বিশেষ করে জ্বালানি তেল, এলএনজি, সার ও শিল্পের কাঁচামালের জন্য আন্তর্জাতিক বাজারের ওপর নির্ভরতা রয়েছে। মধ্যপ্রাচ্যের সংঘাত দীর্ঘায়িত হলে শুধু জ্বালানির মূল্য নয়, পরিবহন, বীমা, জাহাজভাড়া ও সরবরাহ ব্যবস্থার খরচও বেড়ে যাবে। এর প্রভাব পড়ে আমদানি ব্যয়, উৎপাদন খরচ এবং শেষ পর্যন্ত ভোক্তামূল্যে। ফলে জীবনযাত্রার ব্যয় বাড়ায় নির্দিষ্ট আয়ের মানুষের জীবনে উঠবে নাভিশ্বাস। 

এদিকে মধ্যপ্রাচ্যের যুদ্ধকে বৈশ্বিক তেলবাজারের ইতিহাসে সবচেয়ে বড় সরবরাহ বিঘ্নগুলোর একটি হিসেবে চিহ্নিত করেছে আন্তর্জাতিক জ্বালানি সংস্থা (আইইএ)। সংস্থাটির পর্যবেক্ষণ অনুযায়ী, যুদ্ধের কারণে গুরুত্বপূর্ণ সামুদ্রিক বাণিজ্যপথে জ্বালানি ও অন্যান্য পণ্যের চলাচল ব্যাহত হচ্ছে। ফলে জ্বালানি নিরাপত্তা ও সরবরাহ ব্যবস্থা নিয়ে বিশ্বজুড়ে নতুন উদ্বেগ তৈরি হয়েছে। বাংলাদেশ ব্যাংকের চলতি নভেম্বরে প্রকাশিত সর্বশেষ বৈদেশিক লেনদেনের তথ্যেও এই চাপের চিত্র পাওয়া যাচ্ছে।

চলতি ২০২৬-২৭ অর্থবছরের প্রথম তিন মাস (জুলাই থেকে সেপ্টেম্বর) দেশের বাণিজ্য ঘাটতি আগের বছরের একই সময়ের তুলনায় ৩১ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৭.৪৮ বিলিয়ন ডলারে বা ৭৪৮ কোটি ডলারে। এ সময়ে মোট আমদানি ব্যয় হয়েছে ১৯.৩৩ বিলিয়ন ডলার, যা আগের বছরের তুলনায় ১৫ শতাংশ বেশি। বিপরীতে রপ্তানি আয় বেড়েছে মাত্র ৭ শতাংশ। দাঁড়িয়েছে ১১.৮৬ বিলিয়ন ডলারে। তবে সবচেয়ে উদ্বেগজনক পরিস্থিতি জ্বালানি আমদানিতে। প্রথম প্রান্তিকে পেট্রোলিয়াম পণ্য আমদানিতে ব্যয় হয়েছে ৪.২ বিলিয়ন ডলার। আগের বছরের একই সময়ে এই ব্যয় ছিল দুই বিলিয়ন ডলার। অর্থাৎ এক বছরের ব্যবধানে জ্বালানি আমদানির খরচ বেড়েছে ১০৫ শতাংশ। একই সময়ে ভোজ্যতেল আমদানি বেড়েছে ৫৪ শতাংশ এবং গম আমদানি ৬৬ শতাংশ।

অন্যদিকে কমেছে বিনিয়োগের জন্য শিল্পের প্রয়োজনীয় মূলধনি যন্ত্রপাতি আমদানি। প্রথম তিন মাসে মূলধনি যন্ত্রপাতি আমদানি কমেছে ২২.৫ শতাংশ। সামগ্রিক মূলধনি পণ্য আমদানির পতন ছিল ১৩.৬ শতাংশ। এই পরিসংখ্যান শিল্প সম্প্রসারণ ও নতুন বিনিয়োগের ক্ষেত্রে দুর্বলতার ইঙ্গিত দিচ্ছে। অর্থাৎ একদিকে জ্বালানি আমদানিতে বিপুল ডলার ব্যয় হচ্ছে, অন্যদিকে ভবিষ্যৎ উৎপাদন সক্ষমতা বাড়ানোর যন্ত্রপাতি আমদানি কমছে। এই পরিস্থিতিতে চলতি হিসাবের ঘাটতি বেড়ে দাঁড়িয়েছে ১.৩৩ বিলিয়ন বা ১৩৩ কোটি ডলারে। আগের বছরের একই সময়ে এই ঘাটতি ছিল ৮২.১ কোটি ডলার। 

প্রথম প্রান্তিকে সামগ্রিক বৈদেশিক লেনদেনের ঘাটতিও দাঁড়িয়েছে ১.১৬ বিলিয়ন বা ১১৬ কোটি ডলার। আগের বছরের একই সময়ে এই হিসাবে ৮৫.৩ কোটি ডলারের উদ্বৃত্ত ছিল। সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, বৈদেশিক মুদ্রা আয় ও ব্যয়ের মধ্যে ভারসাম্য ক্রমেই দুর্বল হচ্ছে। আমদানি ব্যয় দ্রুত বাড়লেও রপ্তানি আয় এবং অন্যান্য বৈদেশিক মুদ্রাপ্রবাহ সেই চাপ পুরোপুরি সামাল দিতে পারছে না।

 রেমিট্যান্সে প্রবৃদ্ধি, কিন্তু স্বস্তি কোথায়?

বাংলাদেশের বৈদেশিক মুদ্রার অন্যতম প্রধান উৎস হলো প্রবাসীদের পাঠানো আয় বা যাকে আমরা রেমিট্যান্স বলি। মধ্যপ্রাচ্যের দেশগুলোতে বিপুলসংখ্যক বাংলাদেশি কর্মরত থাকায় সেখানে সংঘাতের প্রভাব শুধু শ্রমবাজারে নয়, দেশের রেমিট্যান্স প্রবাহেও পড়ার আশঙ্কা রয়েছে। এদিকে বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, ২০২৬ সালের অক্টোবরে প্রবাসীরা দেশে পাঠিয়েছেন ২.৮৭ বিলিয়ন বা ২৮৭ কোটি ডলার। আগের বছরের একই মাসের তুলনায় এটি ১২.১ শতাংশ বেশি। সেপ্টেম্বরের তুলনায় বেড়েছে ৩.৮৯ শতাংশ। 

তবে উদ্বেগের বিষয় হলো টানা পাঁচ মাস ধরে মাসিক রেমিট্যান্স তিন বিলিয়ন ডলারের নিচে রয়েছে। চলতি অর্থবছরের জুলাই-অক্টোবর সময়ে দেশে রেমিট্যান্স এসেছে প্রায় ১১.৪৬৫ বিলিয়ন ডলার, যা আগের অর্থবছরের একই সময়ের তুলনায় ১৩ শতাংশ বেশি। অর্থাৎ সামগ্রিক প্রবৃদ্ধি থাকলেও মাসিক প্রবাহে তিন বিলিয়ন ডলারের সীমা অতিক্রম করতে না পারা এবং মধ্যপ্রাচ্যের শ্রমবাজারে অনিশ্চয়তা নতুন উদ্বেগ তৈরি করছে।

অর্থনীতিবিদদের পর্যালোচনা হলো, মধ্যপ্রাচ্যে কর্মরত বাংলাদেশিদের আয় কমে গেলে, কর্মসংস্থান ব্যাহত হলে কিংবা নিরাপত্তাজনিত কারণে তাদের কর্মস্থল পরিবর্তন করতে হলে দীর্ঘ মেয়াদে রেমিট্যান্স প্রবাহে নেতিবাচক প্রভাব পড়তে পারে।

 আকুর বিলে রিজার্ভ ৩০ বিলিয়ন ডলারের নিচে

প্রাপ্ত তথ্য বলছে, বৈদেশিক লেনদেনের চাপের মধ্যে বাংলাদেশের রিজার্ভেও বড় পরিবর্তন এসেছে। গত ৬ নভেম্বর এশিয়ান ক্লিয়ারিং ইউনিয়নের (আকু) সেপ্টেম্বর ও অক্টোবরের আমদানি বিল বাবদ ১.৬৪ বিলিয়ন বা ১৬৪ কোটি ডলার পরিশোধের পর আইএমএফের ইচগ৬ পদ্ধতিতে দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ নেমে এসেছে ২৯.৯৮ বিলিয়ন দুই হাজ-ার ৯৯৮ কোটি ডলারে। আর বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, এর আগের দিন ৫ নভেম্বর এই রিজার্ভ ছিল ৩১.৫১ বিলিয়ন বা তিন হাজার ১৫১ কোটি ডলার। 

একই সময়ে গ্রস রিজার্ভ ৩৬.৩৮ বিলিয়ন ডলার থেকে কমে দাঁড়িয়েছে ৩৪.৮৫ বিলিয়ন ডলারে। তবে রিজার্ভের এই পতনের ব্যাখ্যায় একটি বিষয় গুরুত্বপূর্ণ। আকুর বিল পরিশোধের কারণে একবারে বিপুল বৈদেশিক মুদ্রা বেরিয়ে যাওয়ায় এই পতন হয়েছে। ফলে এটিকে শুধু বৈদেশিক মুদ্রা আয়ের আকস্মিক পতন হিসেবে দেখা ঠিক হবে না বলে ব্যাংককার ও অর্থনীতিবিদরা বলছেন। আর বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকেও বলা হয়েছে, রেমিট্যান্স ও রপ্তানি আয় অব্যাহত থাকায় আগামী দিনে রিজার্ভ পুনরুদ্ধারের সম্ভাবনা রয়েছে। তার পরও সামগ্রিক বৈদেশিক লেনদেনের ঘাটতি, জ্বালানি আমদানির বাড়তি ব্যয় এবং নিয়মিত ঋণের কিস্তি পরিশোধের দায় রিজার্ভ ব্যবস্থাপনায় বাড়তি সতর্কতার দাবি রাখে।

 বিশ্বজুড়ে ঋণের পাহাড়, উন্নয়নশীল দেশের ঘুম হারাম

বাংলাদেশের সংকটকে বৈশ্বিক ঋণ পরিস্থিতি থেকে বিচ্ছিন্ন করে দেখার সুযোগ নেই। ৫ নভেম্বর প্রকাশিত বিশ্বব্যাংকের ‘ইন্টারন্যাশনাল ডেট রিপোর্ট ২০২৬’ উন্নয়নশীল দেশগুলোর জন্য নতুন সতর্কবার্তা দিয়েছে। ওই প্রতিবেদন অনুযায়ী, ২০২৫ সালে উন্নয়নশীল দেশগুলোর বৈদেশিক ঋণের পরিমাণ ৫.৫ শতাংশ বেড়ে রেকর্ড ৯.৪ ট্রিলিয়ন ডলারে পৌঁছেছে। ২০২২ থেকে ২০২৪ সালের গড় বৃদ্ধির তুলনায় এই বৃদ্ধির গতি প্রায় চার গুণ। সবচেয়ে ঝুঁকিপূর্ণ দেশগুলোর ঋণ আরো দ্রুত বেড়েছে।

বিশ্বব্যাংকের আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা (আইডিএ) থেকে স্বল্পসুদে ঋণ পাওয়ার যোগ্য দেশগুলোর ঋণ ৮.১ শতাংশ বেড়ে ১.৩ ট্রিলিয়ন ডলারে পৌঁছেছে। ঋণ বাড়ার পাশাপাশি বেড়েছে ঋণ নেওয়ার খরচও। বিশ্বব্যাংকের হিসাবে ২০২৫ সালে আইডিএ-যোগ্য দেশগুলো বেসরকারি ঋণদাতাদের কাছ থেকে নতুন ঋণ নেওয়ার ক্ষেত্রে গড়ে ৮.২ শতাংশ সুদ দিয়েছে। ১৯৮৯ সালের পর এটি সর্বোচ্চ। নতুন বন্ড ইস্যুর ক্ষেত্রে সুদের হার ছিল গড়ে ৯.৪ শতাংশ। অর্থাৎ উন্নয়নশীল দেশগুলো যখন অবকাঠামো, শিল্পায়ন ও সামাজিক উন্নয়নে অর্থের প্রয়োজন অনুভব করছে, তখনই তাদের ঋণ নিতে হচ্ছে অনেক বেশি সুদে। 

বিশ্লেষকরা বলছেন, আরো উদ্বেগজনক হলো, ২০২৫ সালে নিম্ন ও মধ্যম আয়ের দেশগুলোকে আসল ও সুদ মিলিয়ে ১.৪ ট্রিলিয়ন ডলার ঋণ পরিশোধ করতে হয়েছে। আগের বছরের তুলনায় এই পরিমাণ বেড়েছে ১.৯ শতাংশ। টানা পঞ্চম বছরের মতো ঋণ পরিশোধের পরিমাণ বাড়ল।

বিশ্বব্যাংকের হিসাব অনুযায়ী, ২০২২ থেকে ২০২৫ সাল পর্যন্ত উন্নয়নশীল দেশগুলো নতুন অর্থায়ন হিসেবে যত অর্থ পেয়েছে, তার চেয়ে ৪৩৬ বিলিয়ন ডলার বেশি পরিশোধ করেছে ঋণ পরিষেবায়। অর্থাৎ এই চার বছরে নতুন অর্থায়নের তুলনায় পুরোনো ঋণের সুদ ও আসল পরিশোধে বেশি অর্থ বেরিয়ে গেছে। তবে প্রতিবেদনে একটি গুরুত্বপূর্ণ পরিবর্তনের কথাও বলা হয়েছে। ২০২৫ সালে দীর্ঘমেয়াদি ঋণপ্রবাহে ২০২৪ সালের ১১৮ বিলিয়ন ডলারের নিট বহিঃপ্রবাহের বিপরীতে ৪৫ বিলিয়ন ডলারের নিট প্রবাহ ফিরে এসেছে। অর্থাৎ আন্তর্জাতিক ঋণবাজারে অর্থায়ন কিছুটা বাড়লেও ঋণের উচ্চ ব্যয় ও বিপুল পরিশোধের দায় থেকে উন্নয়নশীল দেশগুলো মুক্তি পাচ্ছে না।

 ঋণের কিস্তি, উন্নয়ন ব্যয়ের প্রতিদ্বন্দ্বী

বিশ্বব্যাংকের এই প্রতিবেদনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বার্তা হলো, ঋণ পাওয়া এবং ঋণের বোঝা বহন করার সক্ষমতা এক বিষয় নয়। উন্নয়নশীল দেশগুলো আন্তর্জাতিক বাজারে নতুন ঋণ পাচ্ছে, কিন্তু সেই ঋণের সুদ ও আসল পরিশোধে তাদের ব্যয়ও বাড়ছে। ফলে সরকারের হাতে থাকা সীমিত অর্থের ওপর একাধিক খাতের প্রতিযোগিতা তৈরি হচ্ছে। ঋণের কিস্তি পরিশোধ, জ্বালানি আমদানি, ভর্তুকি এবং সরকারি পরিচালন ব্যয়ের পর শিক্ষা, স্বাস্থ্য, অবকাঠামো ও সামাজিক নিরাপত্তার জন্য অর্থ বরাদ্দের সুযোগ কমে যেতে পারে।

বাংলাদেশের ক্ষেত্রেও বিষয়টি গুরুত্বপূর্ণ। কারণ দেশের বৈদেশিক ঋণের পরিমাণ বাড়ার পাশাপাশি সুদ ও আসল পরিশোধের দায়ও বাড়ছে। আন্তর্জাতিক বাজারে ঋণের সুদ বেশি থাকলে নতুন প্রকল্পের অর্থায়ন ব্যয়বহুল হয়ে ওঠে। আবার বৈদেশিক মুদ্রার আয় ও ব্যয়ের মধ্যে ভারসাম্য নষ্ট হলে ঋণের কিস্তি পরিশোধে রিজার্ভের ওপর বাড়তি চাপ তৈরি হয়। 

অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) হালনাগাদ প্রাথমিক হিসাব বলছে, ২০২৬-২৭ অর্থবছরের জুলাই থেকে সেপ্টেম্বর—এই তিন মাসে বাংলাদেশ বিদেশি সহায়তা পেয়েছে ৬৬ কোটি ২৩.১ লাখ ডলার। অথচ ঋণের আসল-সুদ পরিশোধে ব্যয় ১৩৫.১২ কোটি ডলার।

বাংলাদেশের সামনে একসঙ্গে তিন পরীক্ষা

বিশ্লেষকদের অভিমত, বাংলাদেশের সামনে এখন তিনটি বড় অর্থনৈতিক পরীক্ষা। প্রথমত, মধ্যপ্রাচ্যের সংঘাত দীর্ঘায়িত হলে জ্বালানি আমদানি ও পরিবহন ব্যয় কতটা নিয়ন্ত্রণে রাখা যাবে। দ্বিতীয়ত, রপ্তানি ও রেমিট্যান্স থেকে বৈদেশিক মুদ্রার প্রবাহ বাড়িয়ে বাণিজ্য ঘাটতি ও রিজার্ভের ওপর চাপ কতটা সামাল দেওয়া সম্ভব হবে। 

তৃতীয়ত, বৈদেশিক ঋণের কিস্তি পরিশোধের পাশাপাশি উন্নয়ন প্রকল্প ও সামাজিক খাতের ব্যয় কীভাবে সুরক্ষিত রাখা যাবে। এ ক্ষেত্রে শুধু নতুন ঋণ নেওয়া বা রিজার্ভ ধরে রাখাই যথেষ্ট নয়। প্রয়োজন ঋণের অর্থ কোন প্রকল্পে ব্যয় হচ্ছে, সেই প্রকল্প থেকে কতটা অর্থনৈতিক সুফল আসছে এবং ভবিষ্যতে তা বৈদেশিক মুদ্রা আয়ের সক্ষমতা কতটা বাড়াবে, তার কঠোর মূল্যায়ন। কারণ ঋণ নিয়ে এমন প্রকল্প বাস্তবায়ন করা হলো, যেখান থেকে প্রত্যাশিত উৎপাদন, কর্মসংস্থান কিংবা আয় তৈরি হয় না, সেখানে ঋণের কিস্তি পরিশোধের দায় শেষ পর্যন্ত জনগণের ওপরই পড়ে।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫