Logo
×

Follow Us

প্রচ্ছদ প্রতিবেদন

দাতা দেশের সমন্বয়হীনতায় কমছে উন্নয়ন সহায়তা

Icon

সৈয়দ রাইয়ান আমীর

প্রকাশ: ১৪ নভেম্বর ২০২৬, ০৯:৩৩ পিএম

দাতা দেশের সমন্বয়হীনতায় কমছে উন্নয়ন সহায়তা

দাতা দেশগুলোর অভ্যন্তরীণ আমলাতান্ত্রিক জটিলতা ও সমন্বয়হীনতার কারণে বৈশ্বিক উন্নয়ন সহায়তার অর্থ ব্যাপক হারে কমছে। 

এক মন্ত্রণালয়ের নীতির সঙ্গে আরেক মন্ত্রণালয়ের কাজের সংঘাত উন্নয়ন প্রকল্পের মূল লক্ষ্যকে প্রশ্নবিদ্ধ করার পাশাপাশি সহায়তা কমে যাওয়ার রেকর্ড তৈরি করেছে।

জলবায়ু পরিবর্তন, ভূরাজনৈতিক অস্থিরতা ও অর্থনৈতিক চাপে দাতা দেশগুলোর ঐতিহ্যগত অনুদান কমলেও একই সময়ে উন্নয়ন সহায়তা ব্যবস্থাপনায় যুক্ত হচ্ছে নতুন নতুন সরকারি দপ্তর ও সংস্থা। 

অর্থনৈতিক সহযোগিতা ও উন্নয়ন সংস্থার (ওইসিডি) ২০২৬ সালে প্রকাশিত ‘হোল অব গভর্নমেন্ট অ্যাপ্রোচেস টু ডেভেলপমেন্ট কো-অপারেশন: ইনসাইটস অ্যান্ড লেসনস ফ্রম প্র্যাকটিস’ শীর্ষক সাম্প্রতিক এক প্রতিবেদনে দাতা দেশগুলোর অভ্যন্তরীণ সমন্বয়ের সংকট ও সম্ভাবনার এমন চিত্রই উঠে এসেছে।

ওইসিডির তথ্য বলছে, ২০২৫ সালে সরকারি উন্নয়ন সহায়তা (ওডিএ) আগের বছরের তুলনায় ২৩ দশমিক ১ শতাংশ কমে ১৭৪ দশমিক ৩ বিলিয়ন মার্কিন ডলারে নেমে এসেছে। এক বছরে সহায়তা কমার এটিই সর্বোচ্চ রেকর্ড। ২০২৬ সালে এই সহায়তা আরও ৬ দশমিক ৯ শতাংশ কমতে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে। বিপরীতে ২০২৪ সালে অ-রেয়াতি অর্থায়ন ৭৫ শতাংশ বেড়ে ৯৪ দশমিক ৪ বিলিয়ন ডলারে পৌঁছেছে। 

একই সময়ে সরকারি উদ্যোগের মাধ্যমে আকৃষ্ট বেসরকারি অর্থায়ন রেকর্ড ৭৫ দশমিক ১ বিলিয়ন ডলারে দাঁড়িয়েছে।

সহায়তা কমলেও পরিচালনাকারী প্রতিষ্ঠানের সংখ্যা বাড়ছে। ওইসিডির উন্নয়ন সহায়তা কমিটির (ডিএসি) সদস্যদেশগুলোর অন্তত ২০৯টি সরকারি সংস্থা এখন উন্নয়ন সহযোগিতায় যুক্ত। ২০১৪ থেকে ২০২৪ সালের মধ্যে ১৪টি দাতা দেশে সহায়তা বিতরণকারী প্রতিষ্ঠানের সংখ্যা বেড়েছে। যুক্তরাষ্ট্রে ২২টি, সুইডেনে ২০টি ও জার্মানিতে ১৮টি সংস্থা এই তহবিল পরিচালনা করে।

ইতালিতে সংস্থার সংখ্যা ৫টি থেকে বেড়ে ১২টিতে দাঁড়িয়েছে। দক্ষিণ কোরিয়ায় দুটি মূল মন্ত্রণালয়ের পাশাপাশি ৩৪টি কেন্দ্রীয় সংস্থা এবং পর্তুগালে ৫৭টি সরকারি প্রতিষ্ঠান ওডিএ বাজেট পরিচালনা করে। ফলে ২০২৩-২৪ অর্থবছরে দ্বিপক্ষীয় সহায়তার প্রায় ১৫ শতাংশ এবং বহুপক্ষীয় সহায়তার প্রায় ৪৫ শতাংশ ব্যয় হয়েছে মূল উন্নয়ন সংস্থার বাইরের মন্ত্রণালয়গুলোর মাধ্যমে। বহুপক্ষীয় সহায়তার ৩০ দশমিক ৭ শতাংশই নিয়ন্ত্রণ করে অর্থ মন্ত্রণালয়।

বিভিন্ন মন্ত্রণালয়ের এই অংশগ্রহণ কারিগরি দক্ষতা বাড়ালেও অনেক ক্ষেত্রে তা দাতা দেশগুলোর নিজস্ব বাণিজ্য, অভিবাসন কিংবা নিরাপত্তা স্বার্থকে প্রাধান্য দিচ্ছে। পরিসংখ্যানেই এই অসংগতি স্পষ্ট। 

শ্রম ও সমাজকল্যাণবিষয়ক মন্ত্রণালয়গুলো তাদের বরাদ্দযোগ্য সহায়তার ৭১ শতাংশই দিচ্ছে উচ্চ-মধ্যম আয়ের দেশগুলোতে, যেখানে স্বল্পোন্নত দেশগুলো (এলডিসি) পাচ্ছে মাত্র ১১ শতাংশ। একইভাবে সংস্কৃতি মন্ত্রণালয়ের ৫৭ শতাংশ এবং স্বরাষ্ট্র ও অভিবাসন মন্ত্রণালয়ের ৫৩ শতাংশ সহায়তা যাচ্ছে উচ্চ-মধ্যম আয়ের দেশগুলোতে। 

দরিদ্র দেশগুলোর বদলে তুলনামূলক সচ্ছল দেশে এই অর্থ ব্যয় কতটা যৌক্তিক, তা নিয়ে খোদ প্রতিবেদনেই প্রশ্ন তোলা হয়েছে। আবার ২০২৪ সালে স্লোভেনিয়ার দ্বিপক্ষীয় সহায়তার ২৮ দশমিক ৮ শতাংশ (১৬ দশমিক ৬ মিলিয়ন ডলার) এবং পোল্যান্ডের ২১ দশমিক ৭ শতাংশ (১৬০ দশমিক ৩ মিলিয়ন ডলার) ব্যয় হয়েছে নিজ দেশে বিদেশি শিক্ষার্থীদের বৃত্তি ও আনুষঙ্গিক খরচে। অংশীদার দেশগুলোর প্রকৃত চাহিদার সঙ্গে এসব ব্যয়ের সম্পর্ক খুবই দুর্বল।

বেসরকারি খাতকে উন্নয়নে যুক্ত করতে গিয়েও বিশৃঙ্খলা তৈরি হয়েছে। ডিএসিভুক্ত দেশগুলোর ২০০টির বেশি সরকারি সংস্থা এখন বেসরকারি খাতসংশ্লিষ্ট উন্নয়ন সহায়তায় যুক্ত, যার মধ্যে স্পেনের ২৮টি, জার্মানির ২৩টি এবং যুক্তরাষ্ট্রের ১৮টি সংস্থা রয়েছে। সমন্বয়ের অভাবে অনেক সময় একই দেশের দুটি সরকারি সংস্থা বিদেশের বাজারে একে অপরের প্রতিদ্বন্দ্বী হয়ে দাঁড়াচ্ছে। 

ইতালির দুটি রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের মধ্যে ঋণের শর্ত নিয়ে এমন প্রতিযোগিতার উদাহরণ প্রতিবেদনে উঠে এসেছে। ২০২২ সাল থেকে হওয়া ডিএসি পর্যালোচনাগুলোর অর্ধেকের বেশি অর্থাৎ ১০টি প্রতিবেদনেই বেসরকারি খাতে কাজ করা সংস্থাগুলোর মধ্যে সমন্বয় বাড়ানোর তাগিদ দেওয়া হয়েছে। এমনকি সমন্বিত প্রকল্পের নামে নেওয়া উদ্যোগেও থেকে যাচ্ছে বড় ঘাটতি। 

যেমন উজবেকিস্তানে দক্ষিণ কোরিয়ার অর্থায়নে একটি শিশু হাসপাতাল নির্মাণ ও চিকিৎসক প্রশিক্ষণের কাজ সমন্বিতভাবে হলেও স্থানীয় বিমা সুরক্ষা না থাকায় এবং চিকিৎসা ব্যয় বেশি হওয়ায় সাধারণ মানুষ সেই সেবা নিতে পারছে না।

তহবিল ব্যবহারের জবাবদিহি নিয়েও উদ্বেগ রয়েছে। মূল উন্নয়ন সংস্থাগুলো কঠোর নজরদারিতে থাকলেও অন্যান্য মন্ত্রণালয়ের ছোট উন্নয়ন ব্যয় প্রায়ই যথাযথ মূল্যায়নের বাইরে থেকে যায়। ২০১০ সালের পর থেকে সংস্থাগুলোর যৌথ মূল্যায়নের হার কমতে কমতে ২০২১ সালে মাত্র ৩ দশমিক ৩ শতাংশে নেমে এসেছে। 

অন্যদিকে উন্নয়ন সহায়তা নিয়ে জনসচেতনতা তৈরির বাজেট ২০১৮ সালের শূন্য দশমিক ৩২ শতাংশ থেকে কমে ২০২৪ সালে শূন্য দশমিক ১৮ শতাংশে দাঁড়িয়েছে। এর প্রভাবে ২০২০ সালের পর ফ্রান্স, জার্মানি ও যুক্তরাজ্যে উন্নয়ন বাজেট বাড়ানো বা ধরে রাখার পক্ষে জনসমর্থন ১০ থেকে ২০ শতাংশ পর্যন্ত কমে গেছে।

তবে কিছু দেশ ইতিবাচক দৃষ্টান্তও তৈরি করেছে। সুইডেনে সিদ্ধান্ত নিতে অন্তত পাঁচজন মন্ত্রীর যৌথ সম্মতি বাধ্যতামূলক করায় আন্তর্জাতিক ফোরামে দেশটি এক সুরে কথা বলতে পারছে। 

ইতালি ৫০ থেকে ৬০ জন কর্মকর্তার সমন্বয়ে ‘টিম ইতালি’ মিশন পাঠিয়ে অংশীদার দেশগুলোর সঙ্গে লেনদেন ব্যয় কমিয়েছে। যুক্তরাজ্য ২০টির বেশি সংস্থাকে যুক্ত করে ৩৫ দশমিক ৫ শতাংশ ওডিএ এবং ৬৪ দশমিক ৫ শতাংশ অ-ওডিএ তহবিলের সমন্বয়ে নিরাপত্তা তহবিল গঠন করেছে। পাশাপাশি দক্ষিণ-দক্ষিণ সহযোগিতার আওতায় ইন্দোনেশিয়া ২০১৯ সাল থেকে ৮৭টি দেশে সহায়তা পৌঁছে দিয়েছে। 

বিশ্লেষকদের মতে, কেবল নতুন কমিটি গড়ে তুললেই চলবে না। দাতা দেশগুলো যদি নিজস্ব ভূরাজনৈতিক ও বাণিজ্যিক স্বার্থের ঊর্ধ্বে উঠে অংশীদার দেশগুলোর প্রকৃত দারিদ্র্য বিমোচনকে অগ্রাধিকার না দেয়, তবে পুরো সরকারের সমন্বিত উদ্যোগ কেবল কাগজে-কলমেই সীমাবদ্ধ থাকবে।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫