Logo
×

Follow Us

প্রচ্ছদ প্রতিবেদন

সরকারি ক্রয়ে জবাবদিহির অভাব

Icon

মানিক মুনতাসির

প্রকাশ: ১৪ নভেম্বর ২০২৬, ১০:১৪ এএম

সরকারি ক্রয়ে জবাবদিহির অভাব
  • বছরে প্রায় ৩০ বিলিয়ন ডলারের সরকারি কেনাকাটা
  • জাতীয় বাজেটের প্রায় ৪৫ শতাংশ এবং এডিপির ৮৫ শতাংশ ব্যয় হয় সরকারি ক্রয়ে

রাষ্ট্রের প্রতিটি টাকার সঙ্গে জড়িয়ে রয়েছে জনগণের শ্রম, আয় ও ভবিষ্যৎ। সেই অর্থের বড় একটি অংশ ব্যয় হয় সরকারি কেনাকাটা, অবকাঠামো নির্মাণ, যন্ত্রপাতি সংগ্রহ, ওষুধ, চিকিৎসা সরঞ্জাম ও বিভিন্ন সেবা গ্রহণে। কিন্তু এসব কেনাকাটায় স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করা না গেলে জনগণের অর্থের অপচয়, দুর্নীতি, নিম্নমানের কাজ এবং রাষ্ট্রীয় সম্পদের ক্ষতির আশঙ্কা তৈরি হয়। 

বিশেষ করে উন্নয়ন প্রকল্পের কেনাকাটায় অনিয়ম হলে তার প্রভাব পড়ে সরাসরি অর্থনীতি ও জনজীবনে। ফলে সরকারি ক্রয়ব্যবস্থায় স্বচ্ছতা ও জবাবদিহি প্রতিষ্ঠা এখন শুধু প্রশাসনিক সংস্কারের বিষয় নয়, বরং সুশাসন ও অর্থনৈতিক স্থিতিশীলতার অন্যতম পূর্বশর্ত।

বাংলাদেশ পাবলিক প্রকিউরমেন্ট অথরিটির (বিপিপিএ) তথ্য অনুযায়ী, দেশে প্রতিবছর সরকারি কেনাকাটায় প্রায় ৩০ বিলিয়ন মার্কিন ডলার ব্যয় হয়। জাতীয় বাজেটের প্রায় ৪৫ শতাংশ এবং বার্ষিক উন্নয়ন কর্মসূচির (এডিপি) প্রায় ৮৫ শতাংশ অর্থ সরকারি ক্রয় ও চুক্তির মাধ্যমে ব্যয় করা হয়। 

অর্থাৎ সরকারের বিপুল পরিমাণ অর্থের ব্যবহার নির্ভর করছে ক্রয়প্রক্রিয়ার দক্ষতা, প্রতিযোগিতা ও সততার ওপর। এই বিপুল অর্থের সামান্য অংশও অনিয়মের মাধ্যমে অপচয় হলে তার আর্থিক ক্ষতি দাঁড়ায় বিশাল অঙ্কে।

কেন প্রয়োজন স্বচ্ছতা ও জবাবদিহি

সরকারি কেনাকাটায় স্বচ্ছতা নিশ্চিত করার প্রথম উদ্দেশ্য হচ্ছে প্রতিযোগিতামূলক পরিবেশ তৈরি করা। কোনো পণ্য বা সেবা কেনার ক্ষেত্রে একাধিক যোগ্য প্রতিষ্ঠান অংশগ্রহণের সুযোগ পেলে বাজারদরের সঙ্গে সামঞ্জস্য রেখে সর্বোত্তম পণ্য বা সেবা পাওয়া সম্ভব হয়। বিপরীতে দরপত্রে সিন্ডিকেট, প্রভাব বিস্তার কিংবা যোগসাজশের মাধ্যমে নির্দিষ্ট প্রতিষ্ঠানকে কাজ পাইয়ে দেওয়া হলে সরকারকে বেশি অর্থ ব্যয় করতে হয়। অনেক ক্ষেত্রে নিম্নমানের পণ্য ও সেবা পাওয়া যায়।

দ্বিতীয়ত, জবাবদিহি নিশ্চিত হলে সরকারি কর্মকর্তারা নিজেদের সিদ্ধান্তের জন্য দায়বদ্ধ থাকেন। কোন পণ্য কেনা হলো, কেন কেনা হলো, কী দামে কেনা হলো, সরবরাহের মান কী ছিল এবং কাজ যথাযথভাবে সম্পন্ন হয়েছে কি না—এসব প্রশ্নের উত্তর দেওয়ার ব্যবস্থা থাকতে হবে। 

শুধু দরপত্র আহ্বান ও কার্যাদেশ দেওয়ার মধ্যেই সরকারি ক্রয়প্রক্রিয়ার দায়িত্ব শেষ হয় না। পণ্য বুঝে নেওয়া, কাজের মান যাচাই, বিল পরিশোধ এবং পরবর্তী রক্ষণাবেক্ষণও এর গুরুত্বপূর্ণ অংশ।

তৃতীয়ত, স্বচ্ছতা নিশ্চিত হলে সরকারি অর্থের অপচয় কমে এবং উন্নয়ন প্রকল্পের ব্যয় নিয়ন্ত্রণে রাখা সম্ভব হয়। একটি সড়ক, সেতু, হাসপাতাল কিংবা বিদ্যুৎকেন্দ্র নির্মাণে প্রয়োজনীয় উপকরণ ও যন্ত্রপাতি কেনার ক্ষেত্রে অতিরিক্ত মূল্য নির্ধারণ করা হলে প্রকল্পের ব্যয় বেড়ে যায়। এর প্রভাব পড়ে সরকারের ঋণ, বাজেট ঘাটতি এবং উন্নয়ন ব্যয়ের ওপর। শেষ পর্যন্ত সেই বাড়তি ব্যয়ের বোঝা বহন করতে হয় জনগণকে।

অনিয়মের চিত্র ও আলোচিত উদাহরণ

সরকারি কেনাকাটায় অনিয়মের একটি বড় ক্ষেত্র হচ্ছে স্বাস্থ্য খাত। চিকিৎসা সরঞ্জাম, ওষুধ ও হাসপাতালের বিভিন্ন উপকরণ কেনাকাটায় অতিরিক্ত মূল্য নির্ধারণ, দরপত্রের নিয়ম অনুসরণ না করা, প্রয়োজনের তুলনায় বেশি পণ্য কেনা এবং সরবরাহ না করেই বিল উত্তোলনের মতো অভিযোগ বিভিন্ন সময়ে উঠে এসেছে।

মহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রকের কার্যালয়ের প্রকাশিত নিরীক্ষা প্রতিবেদনে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের ২০০৭-০৮ থেকে ২০০৯-১০ অর্থবছরের চিকিৎসা সরঞ্জাম ও ওষুধপত্র কেনাকাটায় ২৮ কোটি টাকার অনিয়মের বিষয় উঠে আসে। প্রতিবেদনে অতিরিক্ত দামে ইসিজি মেশিন ও ইনজেকশন কেনা, দরপত্র ছাড়াই কিছু পণ্য সংগ্রহ, অতিরিক্ত ওষুধ কেনার কারণে মেয়াদোত্তীর্ণ হওয়া, ভুয়া বিলের মাধ্যমে অর্থ উত্তোলন এবং সরবরাহকারীর বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা না নেওয়ার মতো বিষয় চিহ্নিত করা হয়।

এ ধরনের অনিয়মের কারণে একদিকে সরকারি অর্থের অপচয় হয়, অন্যদিকে সাধারণ মানুষ প্রয়োজনীয় চিকিৎসাসেবা থেকে বঞ্চিত হয়। হাসপাতালের জন্য কেনা যন্ত্রপাতি ব্যবহার উপযোগী না হলে কিংবা প্রয়োজনীয় ওষুধ যথাসময়ে সরবরাহ না হলে চিকিৎসাসেবার মান কমে যায়। অর্থাৎ সরকারি কেনাকাটায় দুর্নীতির প্রভাব শুধু আর্থিক ক্ষতির মধ্যে সীমাবদ্ধ থাকে না, তা মানুষের জীবন ও স্বাস্থ্যসেবার ওপরও সরাসরি প্রভাব ফেলে।

ই-জিপিতেও সিন্ডিকেটের অভিযোগ

সরকারি কেনাকাটায় স্বচ্ছতা বাড়াতে বাংলাদেশে ২০১১ সালে ইলেকট্রনিক গভর্নমেন্ট প্রকিউরমেন্ট (ই-জিপি) ব্যবস্থা চালু করা হয়। ফলে দরপত্র আহ্বান, দরপত্র জমা, মূল্যায়ন এবং কার্যাদেশ প্রদানের বড় অংশ অনলাইনে সম্পন্ন করার সুযোগ তৈরি হয়েছে। দরপত্র বাক্স দখল, দরপত্র জমা দিতে বাধা এবং শারীরিকভাবে প্রভাব বিস্তারের মতো পুরোনো অনিয়মের সুযোগও অনেক কমেছে।

তবে ডিজিটাল পদ্ধতি চালু হলেই যে দুর্নীতি বন্ধ হয়ে যায়, তা নয়। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) ২০২৫ সালের ফেব্রুয়ারিতে প্রকাশিত এক গবেষণায় সরক-ারি ক্রয়ে বাজারের একচেটিয়া নিয়ন্ত্রণ, দরপত্রে যোগসাজশ ও রাজনৈতিক প্রভাবের বিষয় তুলে ধরে।

টিআইবির গবেষণায় ২০১২ থেকে ২০২৪ সাল পর্যন্ত ৬৬টি মন্ত্রণালয় ও বিভাগের ছয় লাখ ৬৬ হাজার ৪৭৪টি ক্রয় কার্যক্রম বিশ্লেষণ করা হয়। এতে দেখা যায়, প্রায় ১৭ শতাংশ দরপত্রে মাত্র একজন দরদাতা অংশ নিয়েছেন। আরো প্রায় ২৭ শতাংশ দরপত্রে দরদাতার সংখ্যা ছিল দুই থেকে তিনজন। গবেষণায় আরো উঠে আসে, শীর্ষ ৫ শতাংশ ঠিকাদার মোট ই-জিপি চুক্তির প্রায় ৩০ শতাংশ নিয়ন্ত্রণ করছেন। সংস্থাটির মতে, আমলাতন্ত্র, ঠিকাদার ও রাজনৈতিক প্রভাবশালী মহলের যোগসাজশ প্রতিযোগিতামূলক ক্রয়ব্যবস্থার পথে বাধা হয়ে দাঁড়াচ্ছে।

নতুন ক্রয়বিধিতে সংস্কারের উদ্যোগ

সরকারি কেনাকাটায় অনিয়ম বন্ধ এবং প্রতিযোগিতা বাড়াতে ২০২৫ সালে সরকারি ক্রয় আইন ও বিধিমালায় গুরুত্বপূর্ণ পরিবর্তন আনা হয়েছে। ২০২৫ সালের ২৮ সেপ্টেম্বর থেকে কার্যকর হয়েছে পাবলিক প্রকিউরমেন্ট রুলস (পিপিআর) ২০২৫। এতে মোট ১৫৪টি বিধি ও ২১টি তফসিল রয়েছে।

নতুন বিধিমালায় সব সরকারি ক্রয়ের ক্ষেত্রে ই-জিপি ব্যবহার বাধ্যতামূলক করা হয়েছে। কার্যাদেশ পাওয়া প্রতিষ্ঠানের প্রকৃত সুবিধাভোগী মালিকের পরিচয় প্রকাশের বিধান যুক্ত হয়েছে। জাতীয় পর্যায়ের কাজের দরপত্রে প্রাক্কলিত দরের ১০ শতাংশ কম বা বেশি দরে দর জমা দেওয়ার সীমাবদ্ধতাও তুলে দেওয়া হয়েছে। পাশাপাশি সরকারি ক্রয় কৌশল প্রণয়ন, টেকসই সরকারি ক্রয় এবং অনিয়মের দায়ে প্রতিষ্ঠানকে অযোগ্য ঘোষণার জন্য ডিবারমেন্ট বোর্ড গঠনের বিধান রাখা হয়েছে।

বিপিপিএর তথ্য অনুযায়ী, ২০২৫ সালের নভেম্বর মাসে ই-জিপিতে ২০ হাজার দরপত্র আহ্বান করা হয়, যা প্ল্যাটফর্মটি চালুর পর এক মাসে সর্বোচ্চ। একই সময়ে নিবন্ধিত দরদাতার সংখ্যা বেড়ে দাঁড়ায় এক লাখ ৪৩ হাজার ৩৭৪ জনে। তবে দরদাতার সংখ্যা বাড়লেই প্রকৃত প্রতিযোগিতা নিশ্চিত হয় না। একই প্রতিষ্ঠান বা স্বার্থসংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো যোগসাজশের মাধ্যমে দরপত্রে অংশ নিলে প্রতিযোগিতার সুফল পাওয়া সম্ভব নয়।

যা করতে হবে

বিশেষজ্ঞদের মতে, সরকারি কেনাকাটায় স্বচ্ছতা নিশ্চিত করতে শুধু আইন ও বিধিমালা প্রণয়ন যথেষ্ট নয়, প্রয়োজন কার্যকর প্রয়োগ। প্রথমত, প্রতিটি ক্রয়ের আগে প্রকৃত চাহিদা নিরূপণ এবং বাজারদরের সঙ্গে প্রাক্কলিত ব্যয়ের তুলনা করতে হবে। দ্বিতীয়ত, দরপত্রে অংশগ্রহণকারী প্রতিষ্ঠানগুলোর প্রকৃত মালিকানা ও পারস্পরিক সম্পর্ক যাচাই করতে হবে। তৃতীয়ত, কার্যাদেশ দেওয়ার পর পণ্য ও কাজের মান যাচাইয়ে স্বাধীন তদারকি নিশ্চিত করতে হবে।

একই সঙ্গে প্রতিটি প্রকল্পের ক্রয়সংক্রান্ত তথ্য সাধারণ মানুষের জন্য উন্মুক্ত রাখা প্রয়োজন। কোন প্রতিষ্ঠান কত টাকার কাজ পেয়েছে, কী দামে পণ্য কিনেছে, কত দিনে সরবরাহ করেছে এবং কাজের মান কেমন—এসব তথ্য সহজে পাওয়া গেলে নাগরিক সমাজ, গণমাধ্যম ও নিরীক্ষা প্রতিষ্ঠান কার্যকর নজরদারি করতে পারবে। অনিয়ম প্রমাণিত হলে সংশ্লিষ্ট কর্মকর্তা ও ঠিকাদার উভয়ের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা নিতে হবে।

সরকারি কেনাকাটায় দুর্নীতি মানে শুধু কিছু কর্মকর্তার অনৈতিক কর্মকাণ্ড নয়; এটি জনগণের অর্থের অপচয়, উন্নয়ন ব্যয়ের অদক্ষতা এবং রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের ওপর মানুষের আস্থার সংকট তৈরি করে। তাই সরকারি ক্রয়ব্যবস্থাকে রাজনৈতিক ও ব্যক্তিগত প্রভাবমুক্ত রাখা, প্রকৃত প্রতিযোগিতা নিশ্চিত করা এবং প্রতিটি পর্যায়ে জবাবদিহি প্রতিষ্ঠা করা জরুরি। 

মনে রাখতে হবে, সরকারি অর্থ কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের নিজস্ব সম্পদ নয়। এই অর্থ জনগণের। আর জনগণের অর্থ ব্যয়ের প্রতিটি সিদ্ধান্তের হিসাব দেওয়ার দায়িত্বও সরকারের।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫