শ্রমিক অসন্তোষ
নেপথ্যে তৃতীয় শক্তি!
এম ডি হোসাইন
প্রকাশ: ১৩ নভেম্বর ২০২৬, ১১:১৩ এএম
কাঁদানে গ্যাসের শেল ছুড়েছে পুলিশ। ছবি: সংগৃহীত
টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, সড়ক অবরোধ ও সংঘর্ষের পর পোশাকশিল্পে পরিস্থিতি স্বাভাবিক হতে শুরু করেছে। নতুন মজুরি কাঠামো বাস্তবায়নের সরকারি আশ্বাসে কাজে ফিরছেন শ্রমিকরা। তবে আন্দোলনের নেপথ্যে তৃতীয় পক্ষের তৎপরতা, উসকানি ও অর্থায়নের অভিযোগ সামনে আসায় নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে।
আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর তদন্ত, বিভিন্ন শ্রমিক সংগঠনের তথ্য এবং সামাজিক যোগাযোগ মাধ্যমের কর্মকাণ্ডে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের কিছু নেতাকর্মীর অনুপ্রবেশ ও নাশকতায় জড়িত থাকার তথ্য পাওয়া গেছে। এদিকে তৈরি পোশাকশিল্পে অস্থিরতা সৃষ্টিতে অর্থায়নের অভিযোগে দুই শতাধিক ব্যক্তি ও প্রতিষ্ঠানের ব্যাংক হিসাবের তথ্য চেয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। এর মধ্যে প্রায় ১০০ ব্যক্তির ব্যাংক হিসাব জব্দের নির্দেশ দেওয়া হয়েছে। বাকি ১২৫টি প্রতিষ্ঠানের লেনদেনের বিস্তারিত তথ্য চাওয়া হয়েছে।
তালিকায় ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের সঙ্গে সংশ্লিষ্ট সাবেক মন্ত্রী, সংসদ সদস্য ও ব্যবসায়ীদের নাম রয়েছে। পোশাক ও বস্ত্র খাতের বেশ কয়েকটি বড় শিল্পপ্রতিষ্ঠানও রয়েছে এ তালিকায়।
সংশ্লিষ্ট সূত্র বলছে, কয়েকটি সরকারি সংস্থার দেওয়া তথ্যের ভিত্তিতে এসব ব্যক্তি ও প্রতিষ্ঠানের আর্থিক লেনদেন খতিয়ে দেখা হচ্ছে। শ্রমিক আন্দোলনকে কেন্দ্র করে অস্থিরতা তৈরিতে তাদের অর্থায়ন ছিল কি না, তা যাচাই করা হচ্ছে। তবে শ্রমিকদের বেতন-ভাতা পরিশোধ ও কর্মসংস্থানের বিষয়টি বিবেচনায় নিয়ে সন্দেহভাজন প্রতিষ্ঠানগুলোর ব্যাংক হিসাব জব্দ না করে আপাতত লেনদেনের তথ্য তলব করা হয়েছে।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, চব্বিশের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে দলটি রাজনৈতিকভাবে কোণঠাসা। প্রকাশ্যে সাংগঠনিক শক্তি প্রদর্শনের সুযোগ না থাকায় ঝটিকা মিছিলের মাধ্যমে অস্তিত্ব জানান দেওয়ার চেষ্টা করছে দলটি। অনুশোচনা বা রাজনৈতিক অবস্থান পরিবর্তনের কোনো লক্ষণও দৃশ্যমান নয়। এমন পরিস্থিতিতে শ্রমিক অসন্তোষের মতো জনসম্পৃক্ত আন্দোলনে দলটির নেতাকর্মীদের অনুপ্রবেশের অভিযোগ নতুন মাত্রা যোগ করেছে।
বিশ্লেষকদের মতে, আওয়ামী লীগের অনুপস্থিতিতে দেশের রাজনৈতিক মাঠ এখন বিএনপি, জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টিসহ (এনসিপি) অন্য দলগুলোর নিয়ন্ত্রণে। এসব দলের মধ্যে রাজনৈতিক ও আদর্শিক পার্থক্য থাকলেও আওয়ামী লীগবিরোধী অবস্থানে এক ধরনের ঐকমত্য রয়েছে। ফলে শ্রমিক আন্দোলনকে কেন্দ্র করে আওয়ামী লীগের তৎপরতার অভিযোগ রাজনৈতিক অঙ্গনেও নতুন বিতর্ক তৈরি করেছে।
অর্থায়নের অভিযোগে নজরদারিতে বড় শিল্প গ্রুপ
এনবিআরের তালিকায় সবচেয়ে বেশি প্রতিষ্ঠান রয়েছে মণ্ডল গ্রুপের—২৮টি। এর মধ্যে মণ্ডল ইন্টিমেটস, কটন ফিল্ড, কটন ক্লাব, কটন ক্লোদিং, মণ্ডল ফেব্রিকস, ট্রপিক্যাল নিটেক্স, মার্ক সোয়েটার, মণ্ডল স্পিনিং মিলস, আলিম নিট, মণ্ডল সিকিউরিটিজ, অ্যাপোলো ফ্যাশন, ট্রিমস ইন্টারন্যাশনাল, ইকো ইন্টিমেটস, অ্যাপোলো নিটওয়্যার, মণ্ডল নিট কম্পোজিট ও মণ্ডল ইয়ার্ন ডাইং উল্লেখযোগ্য।
এ ছাড়া পানামা অ্যাগ্রো কমপ্লেক্স, জিগজ্যাগ স্টুডিও, মণ্ডল অ্যান্ড কোম্পানি ও মনটেক্স ফেব্রিকসের নাম রয়েছে। ব্যক্তি হিসেবে তালিকায় আছেন আবদুল আলিম মণ্ডল, তারিন তাসলিমা, মো. জুবায়ের মণ্ডল, সুলতানা খাতুন, মাসুদা খাতুন, আবদুল মান্নান মণ্ডল, মোমেনা খাতুন ও আবদুল মোমিন মণ্ডল।
গিভেন্সি গ্রুপের পাঁচটি প্রতিষ্ঠানও রয়েছে তালিকায়। এগুলো হলো গিভেন্সি গার্মেন্টস, গিভেন্সি স্পিনিং মিলস, গিভেন্সি গার্মেন্টস অ্যাক্সেসরিজ, গিভেন্সি ইয়ার্ন ডাইং ও গিভেন্সি ফুডস অ্যান্ড এসেনশিয়ালস। এসব প্রতিষ্ঠানের সঙ্গে সংশ্লিষ্ট আবদুল জাহিদ মুকুল, মাসুমা খাতুন, মাহমুদা খাতুন ও আবদুল হাদির নামও রয়েছে।
এ ছাড়া তৈরি পোশাক খাতের মণ্ডল, স্ট্যান্ডার্ড, নিপা, ওয়েল, টুসুকাসহ বিভিন্ন প্রতিষ্ঠানের ব্যাংক লেনদেনের তথ্য চাওয়া হয়েছে। এসব প্রতিষ্ঠানের ব্যবসা তৈরি পোশাক, বস্ত্র, সুতা, পোশাকের আনুষঙ্গিক পণ্য, প্যাকেজিং ও খাদ্য প্রক্রিয়াকরণ খাতে বিস্তৃত। তালিকায় ক্রিকেটার সাকিব আল হাসানের বোনের স্বামী আলিফ মোল্লার নামও রয়েছে বলে এনবিআরের একটি সূত্র জানিয়েছে।
শ্রমিকের ছদ্মবেশে নাশকতার অভিযোগ
শ্রমিক আন্দোলনে অনুপ্রবেশ ও নাশকতার অভিযোগের পক্ষে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন তথ্য-প্রমাণ পাওয়ার কথা জানিয়েছে প্রেস ইনস্টিটিউট বাংলাদেশের (পিআইবি) ফ্যাক্টচেক ও মিডিয়া রিসার্চ টিম বাংলাফ্যাক্ট। তাদের অনুসন্ধানে ‘বাংলাদেশ ছাত্রলীগ’ নামের একটি ফেসবুক গ্রুপে শ্রমিক আন্দোলনের সময় পুলিশের গাড়িতে আগুন দেওয়ার স্বীকারোক্তি দিয়ে দুটি পোস্ট শনাক্ত করা হয়।
গত ১ নভেম্বর ওই গ্রুপে neill Rayib নামের একটি আইডি থেকে পোস্ট দুটি দেওয়া হয়েছিল। বাংলাফ্যাক্ট জানিয়েছে, আইডিটির প্রকৃত ব্যবহারকারীর নাম রাজীব চন্দ্র দাস। পরে অগ্নিসংযোগের দায় স্বীকার করে ফেসবুকে পোস্ট দেওয়ার অভিযোগে তাকে গ্রেপ্তার করে পুলিশ।
এ ছাড়া পোশাক শ্রমিকের ছদ্মবেশে নাশকতার অভিযোগে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রায় ৫০ জন নেতাকর্মীকে গ্রেপ্তারের তথ্য জানিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। শ্রমিক আন্দোলনে তৃতীয় পক্ষ হিসেবে প্রভাব বিস্তার, অস্থিরতা তৈরিতে উসকানি ও অর্থ জোগানের অভিযোগে সাভার পৌর যুবলীগের যুগ্ম আহ্বায়ক সালাউদ্দিন আহমেদ সোহেল ওরফে টেনশন সোহেলকে গ্রেপ্তার করে পুলিশ।
আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী ও সংশ্লিষ্ট সূত্রের দাবি, মিরপুর, গাজীপুর, সাভার, আশুলিয়া ও নারায়ণগঞ্জে শ্রমিকদের ন্যায্য মজুরি ও অন্যান্য অধিকার আদায়ের আন্দোলনে কিছু রাজনৈতিক নেতাকর্মী অনুপ্রবেশ করে পরিস্থিতি অস্থিতিশীল করার চেষ্টা করেছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব ছড়িয়ে শ্রমিকদের মধ্যে উত্তেজনা তৈরির ঘটনাও শনাক্ত হয়েছে।
স্বস্তি ফিরছে শিল্পাঞ্চলে
এদিকে টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, সড়ক অবরোধ ও সংঘর্ষের পর গাজীপুর শিল্পাঞ্চলে স্বস্তি ফিরতে শুরু করেছে। নতুন ন্যূনতম মজুরি বোর্ডের বেতন বৃদ্ধির সুপারিশে মালিক ও শ্রমিক উভয় পক্ষ সম্মতি দেওয়ায় শ্রমিকরা কাজে ফিরছেন। খুলতে শুরু করেছে বন্ধ কারখানাও। নিরাপত্তা ও শৃঙ্খলা রক্ষায় মাঠে দায়িত্ব পালন করছে আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর ২৫ প্লাটুন সদস্য।
গাজীপুর শিল্প পুলিশের পুলিশ সুপার মোহাম্মদ আমজাদ হোসাইন জানান, কোনো অপ্রীতিকর ঘটনা ছাড়াই কোনাবাড়ী, শফিপুর, পল্লী বিদ্যুৎ, চন্দ্রা, বাসন সড়ক, টঙ্গী, সালনা, ভবানীপুর, বাংলাবাজারসহ সব এলাকায় শ্রমিকরা সুশৃঙ্খলভাবে কারখানায় প্রবেশ করেছেন।
সমঝোতা অনুযায়ী, নতুন মজুরি কাঠামো আগামী ডিসেম্বর থেকে কার্যকর হবে। জানুয়ারি থেকে শ্রমিকরা বর্ধিত বেতন পাবেন। সরকারের আশ্বাসে শ্রমিকরা আন্দোলন থেকে সরে আসার সিদ্ধান্ত নিয়েছেন।
সব মিলিয়ে পোশাকশিল্পের শ্রমিক আন্দোলনে রাজনৈতিক অনুপ্রবেশ, নাশকতা ও অর্থায়নের অভিযোগ এখন শুধু শিল্পাঞ্চলের আইনশৃঙ্খলার বিষয়েই সীমাবদ্ধ নেই; এর সঙ্গে যুক্ত হয়েছে আওয়ামী লীগের রাজনৈতিক অবস্থান, দলটির ভবিষ্যৎ তৎপরতা এবং ফ্যাসিস্ট হাসিনার দেশে ফেরার প্রশ্ন। তবে আন্দোলনে অর্থায়ন বা নাশকতার অভিযোগে যাদের নাম এসেছে, তাদের দায় চূড়ান্তভাবে নির্ধারণে তদন্ত ও আইনি প্রক্রিয়ার ফলই হবে নির্ধারক।
