পদ্মা ব্যারাজ
নতুন প্রাণ পাবে ১৯ জেলা
আহমেদ সেলিম
প্রকাশ: ১২ নভেম্বর ২০২৬, ১১:৩৮ পিএম
- পদ্মায় ৩৪ হাজার কোটি টাকার ব্যারাজ
- আগামী ফেব্রুয়ারিতে কাজ শুরু, শেষ ২০৩৩ সালে
- দৈর্ঘ্য হবে ২.১ কিলোমিটার
ফারাক্কা বাঁধের প্রভাবে শুষ্ক মৌসুমে পদ্মার পানিপ্রবাহ কমে যাওয়ায় দীর্ঘদিন ধরে সংকটে দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চল ও উত্তর-পশ্চিমাঞ্চলের নদ-নদী। কোথাও নদী হারিয়েছে নাব্যতা, কোথাও বেড়েছে লবণাক্ততা ও জলাবদ্ধতা। এ পরিস্থিতিতে পদ্মা অববাহিকার বিশাল কৃষি অঞ্চলকে মরুময়তা থেকে বাঁচাতে ও শুষ্ক মৌসুমে পানির প্রাপ্যতা নিশ্চিত করতে ৩৪ হাজার ৪৯৭ কোটি ২৫ লাখ টাকা ব্যয়ে ‘পদ্মা ব্যারাজ’ নামে পদ্মার বুকে এক মহাপরিকল্পনা নিয়েছে সরকার।
ব্যারাজটি বাস্তবায়িত হলে দেশের দক্ষিণ-পশ্চিম অঞ্চলের ১৯টি জেলা ও রাজশাহী অঞ্চলের সাত কোটি মানুষ উপকৃত হবে। বদলে যাবে এসব বিস্তীর্ণ অঞ্চলের পানি ব্যবস্থাপনা, কৃষি, মৎস্য ও পরিবেশের চিত্র। পানিসম্পদমন্ত্রী মো. শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি জানিয়েছেন, আগামী জানুয়ারি-ফেব্রুয়ারি মাসে প্রধানমন্ত্রী তারেক রহমান সময় দিলে পদ্মা ব্যারাজ প্রকল্পের প্রথম পর্যায়ের কাজের উদ্বোধন করা হবে। ২০৩৩ সালের মধ্যে এই প্রকল্প বাস্তবায়নের সময়সীমা নির্ধারণ করা হয়েছে।
কী আছে এই পদ্মা ব্যারাজ প্রকল্পে
প্রকল্প সূত্র জানায়, ব্যারাজ হলো কপাট বা গেটযুক্ত এক ধরনের অবকাঠামো, যা দিয়ে নদীর পানি আটকে রাখা বা নিয়ন্ত্রণ করে ছাড়া যায়। রাজবাড়ীর পাংশায় পদ্মা নদীতে স্থাপন করা হবে ব্যারাজ। যার দৈর্ঘ্য হবে প্রায় ২.১ কিলোমিটার। সঙ্গে থাকবে ৭৮টি স্পিলওয়ে, ১৮টি আন্ডারসøুইস, দুটি ফিশ পাস, নৌ-লক, গাইড বাঁধ ও অ্যাপ্রোচ বাঁধ। এ ছাড়া গড়াই, চন্দনা ও হিসনা নদীর অফটেক স্ট্রাকচার নির্মাণ, গড়াই-মধুমতী নদী ব্যবস্থার ১৩৫.৬০ কিলোমিটার ড্রেজিং, হিসনা নদী ব্যবস্থার ২৪৬.৪৬ কিলোমিটার ড্রেনেজ চ্যানেল পুনঃখনন ও ১৮০ কিলোমিটার অ্যাফ্লাক্স বাঁধ নির্মাণ করা হবে।
প্রকল্পের আওতায় মোট ১১৩ মেগাওয়াট উৎপাদন ক্ষমতার দুটি জলবিদ্যুৎ কেন্দ্র নির্মাণেরও পরিকল্পনা রয়েছে।
প্রকল্প বাস্তবায়িত হলে জাতীয় জিডিপিতে ০.৪৫ শতাংশ অবদান রাখবে। এ ছাড়া বছরে প্রায় আট হাজার কোটি টাকার প্রত্যক্ষ আর্থিক সুবিধা পাওয়া যাবে বলে আশা করা হচ্ছে। একই সঙ্গে বৃহত্তর কুষ্টিয়া, ফরিদপুর, যশোর, খুলনা, বরিশাল, পাবনা ও রাজশাহী অঞ্চলের প্রায় ২৮ লাখ ৮০ হাজার হেক্টর কৃষি জমিতে সেচ সুবিধা নিশ্চিত হবে এবং পদ্মা নদীতে প্রায় দুই হাজার ৯০০ মিলিয়ন ঘনমিটার পানি সংরক্ষণ সম্ভব হবে।
বদলে যাবে দক্ষিণ-পশ্চিমাঞ্চল
পরিকল্পনা অনুযায়ী, শুষ্ক মৌসুমে ব্যারাজে পানি জমিয়ে সেই পানি গড়াই-মধুমতী, হিসনা-মাথাভাঙ্গা, চন্দনা-বারাশিয়া, বড়াল ও ইছামতী নদীতে প্রবাহিত করা হবে। এর ফলে দক্ষিণ-পশ্চিমাঞ্চল ও পাবনা-রাজশাহীর প্রায় ২৯ লাখ হেক্টর জমিতে সেচ সুবিধা বাড়বে। পাউবোর হিসাব অনুযায়ী, এতে বছরে প্রায় ২৪ লাখ টন অতিরিক্ত ধান উৎপাদিত হতে পারে।
নদীগুলোতে মিঠাপানির প্রবাহ বাড়লে খুলনা, যশোর ও সুন্দরবন এলাকায় লবণাক্ততার আগ্রাসন কমবে বলে দাবি করা হচ্ছে। সেই সঙ্গে নদীতীরবর্তী অঞ্চলের জীববৈচিত্র্য ও মানুষের জীবনমান উন্নত হবে। পাশাপাশি মাছের উৎপাদন প্রায় আড়াই লাখ টন বাড়তে পারে। ব্যারাজ ও গড়াইয়ের মুখে টারবাইন বসিয়ে ১১৩ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের পরিকল্পনাও রয়েছে। সব মিলিয়ে বছরে সাত হাজার ১২৭ কোটি টাকার অর্থনৈতিক সুবিধা পাওয়া যাবে বলে মনে করছে পাউবো।
সংশ্লিষ্ট ব্যক্তিরা জানান, পদ্মা ব্যারাজের মোট প্রকল্প এলাকা বাংলাদেশের মোট এলাকার প্রায় ৩৭ শতাংশ, যা দেশের চারটি বিভাগের ২৬টি জেলার ১৬৩টি উপজেলায় বিস্তৃত। তবে প্রকল্পটির প্রথম পর্যায়ের কার্যক্রম বাস্তবায়নের ফলে দেশের চারটি বিভাগের ১৯টি জেলার ১২০টি উপজেলা উপকৃত হবে।
ভারতের পশ্চিমবঙ্গে ১৯৭০-এর দশকে ফারাক্কা ব্যারাজ নির্মাণের মাধ্যমে শুষ্ক মৌসুমে পদ্মা-গঙ্গা থেকে ৩৫ হাজার থেকে ৪০ হাজার কিউসেক পানি ভাগীরথী-হুগলি নদীতে সরিয়ে নেওয়া হয় কলকাতা বন্দরের নাব্যতা রক্ষার জন্য। ফলে বাংলাদেশ অংশে পদ্মা নদীর শুষ্ক মৌসুমের পানিপ্রবাহ উল্লেখযোগ্যভাবে কমে যায় এবং দক্ষিণ-পশ্চিম ও উত্তর-পশ্চিমাঞ্চলের প্রধান নদীগুলো শুকিয়ে যেতে শুরু করে। ফলে বাংলাদেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের নদী-খালগুলোতে লবণাক্ততার মাত্রা উদ্বেগজনকভাবে বাড়ছে, যা কৃষি ও মৎস্য উৎপাদন, বনায়ন, নৌচলাচল, সুপেয় পানির প্রাপ্যতা এবং সুন্দরবনের জীববৈচিত্র্যসহ সামগ্রিক ইকোসিস্টেমের ওপর নেতিবাচক প্রভাব ফেলছে।
পদ্মা নদীতে প্রবাহিত পানি বর্ষা পরবর্তী সময়ে সংরক্ষণ এবং শুষ্ক মৌসুমে নিয়ন্ত্রিত প্রবাহই এই সমস্যা সমাধানের একমাত্র উপায়। এই প্রেক্ষাপটে পদ্মা নদীতে রাজবাড়ীর পাংশা এলাকায় একটি বাঁধ নির্মাণ এবং সংশ্লিষ্ট অন্যান্য স্থানে আনুষঙ্গিক অবকাঠামো নির্মাণের জন্য আলোচ্য প্রকল্পের স্থান নির্বাচন করা হয়েছে।
এ ধরনের ব্যারাজ দেশে এবার প্রথম নয়
এদিকে এ ধরনের ব্যারাজ দেশে এবার প্রথম নয়। এর আগে ১৯৮৩ সালে মৌলভীবাজারে মনু নদীর ওপর প্রথমবার একটি ব্যারাজ নির্মাণ করা হয়েছিল, যেটি মনু ব্যারাজ নামে পরিচিত। পরে ১৯৯০ সালে লালমনিরহাটে তিস্তা নদীর ওপর তিস্তা ব্যারাজ এবং ঠাকুরগাঁওয়ের টাঙ্গন নদীর ওপর টাঙ্গন ব্যারাজ তৈরি করা হয়।
চলতি বছর বিএনপি সরকার ক্ষমতায় আসার পর পদ্মা নদীর ওপর ব্যারাজ নির্মাণ প্রকল্প অনুমোদন পেলেও বিষয়টি নিয়ে আগেও বিভিন্ন সরকারের সময় আলোচনা হয়েছে। গত শতাব্দীর ষাটের দশক থেকে ২০০০ সাল পর্যন্ত অন্তত চার দশকে ব্যারাজের সম্ভাব্য স্থান নির্ধারণে চারটি সমীক্ষা পরিচালিত হয়েছিল। এমনকি বিএনপি সরকারের গত মেয়াদে ২০০৫ সালে বিস্তারিত সম্ভাব্যতা যাচাইয়ের কাজ শুরু হয়।
এরপর আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকাকালে ২০০৯ থেকে ২০১৩ সাল পর্যন্ত স্থানীয় ও বিদেশি বিশেষজ্ঞদের একটি দল সম্ভাব্যতা যাচাই করে প্রতিবেদন জমা দেয়। ২০১৬ সাল পর্যন্ত পানি উন্নয়ন বোর্ড প্রকল্পটির নকশা প্রণয়নে কাজ করে।
সংশ্লিষ্ট ব্যক্তিরা যা বলছেন
সার্বিক বিষয়ে বুয়েটের বন্যা ও পানি ব্যবস্থাপনা ইনস্টিটিউটের অধ্যাপক মাশফিকুস সালেহীন বলেন, দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে বেশি লবণাক্ততার কারণে খাওয়ার পানির সংকট রয়েছে। ভবিষ্যতে এ পানির সংকটের পাশাপাশি সুন্দরবন ও দক্ষিণ-পশ্চিমাঞ্চলে লবণাক্ততা আরো বাড়বে। এ ছাড়া বাড়বে পলি জমার কারণে জলাবদ্ধতা। এ জন্য আমাদের প্রয়োজন হবে ওই অঞ্চলগুলোতে ফ্রেশ পানির সর্বোচ্চ সরবরাহ ও প্রবাহ। এ ক্ষেত্রে পদ্মা ব্যারাজ বড় ভূমিকা রাখবে।
মাশফিকুস সালেহীন বলেন, এই প্রকল্পের মাধ্যমে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের নদীব্যবস্থা পুনরুজ্জীবিত হবে, পানি ও মাটিতে থাকা লবণাক্ততা হ্রাস পাবে। নিঃসন্দেহে প্রকল্পটি ওই অঞ্চলের জন্য বড় সম্ভাবনা তৈরি করবে, তবে নির্মাণের ক্ষেত্রে নদীর স্বাভাবিক প্রবাহ, পলি জমা, নদীভাঙন, উজানে নদী ক্ষয় ও পরিবেশগত ভারসাম্যের বিষয়গুলো অত্যন্ত সতর্কতার সঙ্গে পর্যবেক্ষণ করতে হবে। সরকার নিশ্চয় সেগুলো বিবেচনা করেই এগোচ্ছে।
বিশ্ববিদ্যালয়টির একই বিভাগের আগের অধ্যাপক ড. আনিসুল হক অবশ্য স্বস্তি ফেরার পাশাপাশি কিছুটা শঙ্কাও প্রকাশ করেছেন। তার ভাষ্য মতে, যথাযথভাবে পরীক্ষা-নিরীক্ষা শেষে যেখানে ব্যারাজ প্রয়োজন, সেখানে যদি এটি নির্মাণ করা যায় এবং ঠিকঠাক মতো কাজে লাগানো যায়, তাহলে অনেক ধরনের সুবিধা পাওয়া সম্ভব। তবে এর ব্যত্যয় ঘটলে হিতে বিপরীতও হতে পারে। তখন দেখা যাবে ব্যারাজ কোনো কাজে লাগছে না, বরং শুধু শুধু অর্থের অপচয় এবং নদীও ক্ষতিগ্রস্ত হবে। কাজেই ব্যারাজ নির্মাণের আগে ভালোমতো পরীক্ষা-নিরীক্ষা এবং নির্মাণের পর সেটির ঠিকঠাক ব্যবহার নিশ্চিত করা জরুরি।
পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদের ভাষ্য, পদ্মা ব্যারাজ বাস্তবায়িত হলে দেশের চার বিভাগের ১৯ জেলার ১২০টি উপজেলার প্রায় সাত কোটি মানুষ প্রত্যক্ষভাবে উপকৃত হবেন। কৃষি ও অর্থনীতিতে ব্যাপক ইতিবাচক প্রভাব পড়বে।
