কপ৩১ : জলবায়ু নিয়ে কঠিন দরকষাকষি
জাহিদুর রহমান, আনতালিয়া (তুরস্ক) থেকে
প্রকাশ: ১২ নভেম্বর ২০২৬, ০৯:১১ পিএম
ভূমধ্যসাগরের গাঢ় নীল জলরাশি। একদিকে বিস্তৃত সমুদ্র, অন্যদিকে মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকা তাউরুস পর্বতমালা। সমুদ্রসৈকতের পাশে সারি সারি হোটেল, রিসোর্ট আর পর্যটকদের আনাগোনা। প্রকৃতি আর মানুষের নির্মাণ মিলেমিশে তৈরি করেছে এক অসাধারণ সৌন্দর্য। এমন সুন্দর একটি শহরেই বসেছে পৃথিবীকে বাঁচানোর অন্যতম গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক আয়োজন। ৯ থেকে ২০ নভেম্বর পর্যন্ত আনতালিয়ায় অনুষ্ঠিত হচ্ছে জাতিসংঘের ৩১তম জলবায়ু সম্মেলন কপ৩১।
জনসংখ্যার দিক থেকে আনতালিয়া তুরস্কের পঞ্চম বৃহত্তম শহর। গ্রীষ্মকালে পর্যটকদের পাশাপাশি তুরস্ক ও আশপাশের দেশগুলোর বহু তরুণ-তরুণী এখানে কাজের সন্ধানে আসেন। আনতালিয়ার কোনিয়ালটি সমুদ্রসৈকতে দাঁড়ালে বাংলাদেশের কক্সবাজারের কথা মনে পড়ে যায়। প্রায় ৯৩ মাইল দীর্ঘ প্রাকৃতিক সমুদ্রসৈকতের মালিক বাংলাদেশ। কক্সবাজারের দীর্ঘ বালুকাময় সৈকতের সঙ্গে আনতালিয়া সৈকতের পার্থক্য স্পষ্ট। এখানে পাথরের ওপর দিয়ে হাঁটতে কষ্ট হয়, তবু পর্যটকদের ভিড় কমে না।
প্রকৃতির এমন সৌন্দর্যের মধ্যেই জলবায়ু পরিবর্তনের ভবিষ্যৎ নিয়ে আলোচনা করতে বিশ্বের বিভিন্ন দেশের প্রতিনিধিরা জড়ো হয়েছেন আনতালিয়ায়। কিন্তু সম্মেলনকেন্দ্রের জাঁকজমকপূর্ণ আয়োজনের বাইরে প্রশ্ন উঠছে, পৃথিবীর প্রকৃতি ও মানুষের জীবন বাঁচাতে যে প্রতিশ্রুতিগুলো দেওয়া হচ্ছে, সেগুলোর বাস্তবায়ন কোথায়?
হিমালয়ের সংকট, ভাটির দেশের উদ্বেগ
বাংলাদেশের উত্তরাঞ্চলের কোনো নদীতে পানি বাড়ছে, কোথাও আবার শুষ্ক মৌসুমে পানির প্রবাহ কমে যাচ্ছে। বর্ষায় বন্যা, নদীভাঙন আর ফসলহানির ঝুঁকি বাড়ছে। এসব সংকটের পেছনে দেশের ভেতরের বৃষ্টিপাত ও আবহাওয়ার পরিবর্তনের পাশাপাশি হিমালয়ের বরফ গলারও যোগসূত্র রয়েছে। হিমালয়ের হিমবাহ সংকুচিত হলে বদলে যেতে পারে নদীর পানিপ্রবাহ। তার প্রভাব পড়তে পারে ভাটির দেশ বাংলাদেশের কৃষি, জীবিকা ও জনজীবনে।
এই উদ্বেগ নিয়েই কপ৩১-এর প্রথম দিন নেপাল ও ভুটান হিমালয় অঞ্চলের উষ্ণায়ন নিয়ে আলাদা আলোচ্যসূচির প্রস্তাব দেয়। তাদের প্রস্তাবের শিরোনাম ছিল ‘পাহাড়ে ১.৫ ডিগ্রি সেলসিয়াস উষ্ণায়ন’। হিমবাহ সংকোচন, হিমবাহ সৃষ্ট হ্রদের ঝুঁকি এবং নদীর প্রবাহে পরিবর্তনের বিষয়গুলো আন্তর্জাতিক আলোচনায় গুরুত্ব পাবে—এমনটাই চেয়েছিল দেশ দুটি।
কিন্তু শেষ পর্যন্ত প্রস্তাবটি পৃথক আলোচ্যসূচি হিসেবে গৃহীত হয়নি। ফলে পাহাড়ি অঞ্চলের বিশেষ জলবায়ুঝুঁকি নিয়ে আনুষ্ঠানিক দরকষাকষির সুযোগ তৈরি হয়নি।
নেপাল ও ভুটানের উদ্বেগ বাংলাদেশের জন্যও গুরুত্বপূর্ণ। হিমালয় থেকে উৎপত্তি হওয়া নদীগুলোর পানিপ্রবাহের পরিবর্তন ভাটির দেশগুলোর জন্য নতুন চ্যালেঞ্জ তৈরি করতে পারে। কোথাও অতিরিক্ত পানি, কোথাও পানির সংকট—দুই পরিস্থিতিই কৃষি ও মানুষের জীবনযাত্রায় প্রভাব ফেলতে পারে।
নেপালের পররাষ্ট্রমন্ত্রী শিশির খানাল সম্মেলনে হিমবাহজনিত বন্যার ভয়াবহতা তুলে ধরেন। চীন সীমান্তের কাছে ভোটে কোশি নদীতে ২৬ আগস্টের বন্যাকে তিনি ‘হিমালয়ের সুনামি’ হিসেবে বর্ণনা করেন। প্রাণহানি, অবকাঠামোর ক্ষতি ও অর্থনৈতিক লোকসানের কথা উল্লেখ করে তিনি অভিযোজন অর্থায়ন সহজলভ্য করার দাবি জানান।
ভুটানও হিমবাহসৃষ্ট হ্রদ থেকে আকস্মিক বন্যার ঝুঁকির কথা তুলে ধরেছে। পাহাড়ি অঞ্চলের মানুষ শুধু হিমবাহ গলে যাওয়ার কারণে নয়, বরং অনিয়মিত বৃষ্টিপাত ও দুর্যোগের ধরন বদলে যাওয়ার কারণেও ঝুঁকিতে পড়ছে।
কপ৩১-এর সভাপতি ও তুরস্কের পরিবেশ, নগরায়ণ ও জলবায়ু পরিবর্তনবিষয়ক মন্ত্রী মুরাত কুরুম জানিয়েছেন, পাহাড়ের উষ্ণায়ন নিয়ে আলোচনা অব্যাহত থাকবে। সভাপতির পক্ষ থেকে এ বিষয়ে পরামর্শ করা হবে। অন্য আলোচ্যসূচির আওতায়ও বিষয়টি তোলা যেতে পারে।
অর্থ আছে, পাওয়া কঠিন
সম্মেলনকেন্দ্রের আলোচনায় সবচেয়ে বেশি গুরুত্ব পাচ্ছে জলবায়ু অর্থায়ন। উন্নয়নশীল দেশগুলোর দাবি, জলবায়ু পরিবর্তনের ক্ষতি মোকাবিলায় তাদের প্রয়োজন অনুযায়ী অর্থ দিতে হবে। শুধু অর্থের পরিমাণ বাড়ালেই হবে না, অর্থ পাওয়ার প্রক্রিয়াও সহজ করতে হবে।
ব্রাজিলের বেলেমে অনুষ্ঠিত কপ৩০ সম্মেলনে ২০৩৫ সালের মধ্যে অভিযোজন অর্থায়ন অন্তত তিন গুণ করার চেষ্টা চালানোর আহ্বান জানানো হয়েছিল। কিন্তু এবার কোন বছরের অর্থায়নকে ভিত্তি ধরে এই বৃদ্ধি হিসাব করা হবে, তা নিয়ে মতভেদ দেখা দিয়েছে।
আফ্রিকান গ্রুপ জানতে চেয়েছে, অর্থায়ন তিন গুণ করার হিসাবের ভিত্তি কোন বছর হবে। জি৭৭ ও চীন বলেছে, অর্থের পরিমাণের পাশাপাশি তার মান ও শর্তও গুরুত্বপূর্ণ। স্বল্পোন্নত দেশগুলোর জোট এলডিসি চায় সহজে তহবিল পাওয়ার সুযোগ এবং জাতীয় অভিযোজন পরিকল্পনা বাস্তবায়নে পর্যাপ্ত সহায়তা। ইউরোপীয় ইউনিয়ন অর্থায়ন তিন গুণ করার লক্ষ্য সমর্থন করলেও এ বিষয়ে পৃথক আলোচ্যসূচি রাখার বিরোধিতা করেছে। তাদের বক্তব্য, বেলেমের সিদ্ধান্তে এমন নির্দেশনা ছিল না।
অন্যদিকে উন্নত দেশগুলোর পুরোনো প্রতিশ্রুতির হিসাব নিয়েও বিরোধ দেখা দিয়েছে। ২০২০ সালের মধ্যে উন্নয়নশীল দেশগুলোকে বছরে ১০ হাজার কোটি ডলার জলবায়ু অর্থায়ন দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল উন্নত দেশগুলো। ইউরোপীয় ইউনিয়ন, কানাডা, জাপান, নরওয়ে ও যুক্তরাজ্যের দাবি, ২০২২, ২০২৩ ও ২০২৪ সালে এ লক্ষ্য পূরণ হয়েছে।
কিন্তু আফ্রিকান গ্রুপ, আরব গ্রুপ ও সমমনা উন্নয়নশীল দেশগুলোর জোট এ হিসাব মানতে নারাজ। তাদের বক্তব্য, ২০২০ ও ২০২১ সালের ঘাটতিও হিসাব করতে হবে। এখানেই উন্নত ও উন্নয়নশীল দেশগুলোর অবস্থানের পার্থক্য স্পষ্ট।
ঋণ নয়, অনুদান চায় বাংলাদেশ
বাংলাদেশের জন্য জলবায়ু অর্থায়ন শুধু আন্তর্জাতিক দরকষাকষির বিষয় নয়। ঘূর্ণিঝড়, বন্যা, নদীভাঙন, লবণাক্ততা, সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি ও সুপেয় পানির সংকট মোকাবিলায় বিপুল অর্থের প্রয়োজন। এসব সংকটের প্রভাব পড়ে কৃষি, খাদ্যনিরাপত্তা, অবকাঠামো ও মানুষের জীবিকার ওপর।
কপ৩১-এর শুরুতেই বাংলাদেশের পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী আবদুল আউয়াল মিন্টু স্পষ্ট করেছেন, বাংলাদেশ অনুদানভিত্তিক জলবায়ু অর্থায়ন চায়। অর্থ পাওয়ার আবেদন ও অনুমোদনের প্রক্রিয়া সহজ করতে হবে।
আনতালিয়ায় এক সাক্ষাৎকারে তিনি বলেন, জলবায়ু পরিবর্তনের কারণে ক্ষতিগ্রস্ত দেশগুলোর ঋণের বোঝা বাড়ানো উচিত নয়। যেসব দেশের ঐতিহাসিক দায় বেশি, ক্ষতিগ্রস্ত দেশগুলোর পাশে দাঁড়ানোর দায়িত্বও তাদের।
মন্ত্রী বলেন, ৩০০ বছরে বিশ্বের যে উন্নয়ন হয়েছে, তার প্রধান সুবিধাভোগী ধনী দেশগুলো। অথচ বৈশ্বিক গ্রিনহাউস গ্যাস নিঃসরণে বাংলাদেশের অবদান খুবই সামান্য। কিন্তু জলবায়ু পরিবর্তনের সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত দেশগুলোর মধ্যে বাংলাদেশ অন্যতম।
শুধু অভিযোজন নয়, জলবায়ু পরিবর্তনের কারণে যেসব ক্ষতি আর প্রতিরোধ বা অভিযোজনের মাধ্যমে সামাল দেওয়া সম্ভব নয়, সেগুলো মোকাবিলায়ও অর্থায়ন প্রয়োজন বলে মনে করেন সংশ্লিষ্টরা।
বাংলাদেশের নাগরিক সমাজের প্রতিনিধিরাও এ বিষয়ে সরব। ওয়াটারকিপার্স বাংলাদেশের সমন্বয়ক শরীফ জামিল বলেন, জলবায়ু অর্থায়ন নিশ্চিত করা এবং বৈশ্বিক তাপমাত্রা বৃদ্ধি রোধে কার্যকর পদক্ষেপ নেওয়ার বিষয়গুলো সম্মেলনের মূল কার্যসূচিতে যথাযথ গুরুত্ব পায়নি। এ কারণে হতাশা নিয়েই শুরু হয়েছে এবারের সম্মেলন।
তিনি বলেন, বাংলাদেশের মতো জলবায়ু ঝুঁকিপূর্ণ দেশগুলোর জন্য অভিযোজন অর্থায়ন অত্যন্ত গুরুত্বপূর্ণ। অতীতের সম্মেলনগুলোতে নেওয়া সিদ্ধান্ত বাস্তবায়নের অগ্রগতি পর্যালোচনা করতে হবে। পাশাপাশি জীবাশ্ম জ্বালানি থেকে বেরিয়ে আসার জন্য আরো দ্রুত ও উচ্চাভিলাষী পদক্ষেপ প্রয়োজন।
জলবায়ুঝুঁকি কমছে না অর্থনৈতিক উত্তরণে
বাংলাদেশ, ভুটান ও নেপালের নাগরিক সমাজের প্রতিনিধিরা জলবায়ু অর্থায়নের ক্ষেত্রে তিন দেশের সমন্বিত অবস্থানের ওপর গুরুত্ব দিচ্ছেন। তাদের বক্তব্য, অর্থনৈতিক উত্তরণ ঘটলেও জলবায়ুঝুঁকি কমে যায় না। তাই স্বল্পোন্নত দেশের তালিকা থেকে বেরিয়ে যাওয়াকে জলবায়ু সহায়তা কমানোর যুক্তি হিসেবে ব্যবহার করা উচিত নয়।
তরুণ জলবায়ুকর্মী ও ইয়ুথনেট ফর ক্লাইমেট জাস্টিসের নির্বাহী সমন্বয়কারী সোহানুর রহমান বলেন, জলবায়ু অর্থায়ন, কার্বন নিঃসরণ কমানো এবং বৈশ্বিক তাপমাত্রা ১.৫ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে রাখার জন্য আন্তর্জাতিক সহযোগিতা জরুরি। কিন্তু গুরুত্বপূর্ণ কয়েকটি দেশের রাষ্ট্র ও সরকারপ্রধানদের সম্মেলনে অনুপস্থিতি রাজনৈতিক অঙ্গীকার নিয়ে প্রশ্ন তৈরি করেছে।
