নেতানিয়াহুর একগুচ্ছ আইন বাতিল করছেন আইজেনকোট
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ১১ নভেম্বর ২০২৬, ১০:৪২ এএম
ইসরায়েলের নতুন পার্লামেন্টের প্রথম দিনেই প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সরকারের নেওয়া একগুচ্ছ বিতর্কিত সিদ্ধান্ত ও আইন বাতিলের উদ্যোগ নিয়েছে বিরোধী জোট।
বিরোধী নেতা গাদি আইজেনকোটের নেতৃত্বাধীন জোটের দলগুলো এই লক্ষ্যে ২৬তম নেসেটে (ইসরায়েলি পার্লামেন্ট) একাধিক বিল জমা দিয়েছে।
মঙ্গলবার (১০ নভেম্বর) নেসেটের প্রথম অধিবেশনে এসব প্রস্তাব জমা দেওয়া হয়। টাইমস অব ইসরাইলের প্রতিবেদনে জানানো হয়, জমা দেওয়া প্রস্তাবগুলোর মধ্যে রয়েছে ২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের হামলার ঘটনা তদন্তে রাষ্ট্রীয় কমিশন গঠন, প্রধানমন্ত্রীর মেয়াদ নির্ধারণ এবং বিচার বিভাগ সংস্কারের আওতায় পাস হওয়া আইন বাতিল করা।
আইজেনকোটের দল ইয়াশার এবং ইয়াইর গোলানের নেতৃত্বাধীন ডেমোক্র্যাটস পার্টি জানিয়েছে, নেতানিয়াহু সরকারের পাস করা অ্যাটর্নি জেনারেলের ক্ষমতা খর্ব সংক্রান্ত আইন, বিচারক নিয়োগ কমিটির কাঠামো পরিবর্তন এবং যোগাযোগমন্ত্রী শ্লোমো কারহির গণমাধ্যম সংস্কার আইন বাতিলের আবেদন করা হয়েছে।
এ ছাড়া ফৌজদারি অভিযোগের মুখে থাকা ব্যক্তিদের সরকারি পদে দায়িত্ব পালনে নিষেধাজ্ঞা এবং প্রধানমন্ত্রীর দায়িত্ব পালনে অক্ষমতা ঘোষণার নিয়ম সংশোধন বাতিলের প্রস্তাব দেওয়া হয়েছে।
ডেমোক্র্যাটস পার্টির অন্যান্য প্রস্তাবের মধ্যে রয়েছে শাবাতে গণপরিবহন চালু, বেসামরিক বিয়ের অনুমতি, অতি-রক্ষণশীল ইহুদি সম্প্রদায়ের (হারেদি) শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর অবস্থান নিয়ন্ত্রণ, মৌলিক আইনে সমতার অধিকার অন্তর্ভুক্ত করা এবং এলজিবিটিকিউ জনগোষ্ঠীর অধিকার সম্প্রসারণ।
হামাসের ৭ অক্টোবরের হামলার তদন্তে স্বাধীন রাষ্ট্রীয় কমিশন গঠনের বিরোধিতা করে আসছিলেন নেতানিয়াহু। তবে বিরোধীদের দাবি, নিরাপত্তা ব্যর্থতার দায় এড়াতেই নেতানিয়াহু কমিশন গঠনে বাধা দিচ্ছেন এবং ক্ষমতায় গেলে এটি বাস্তবায়ন করা হবে। বিচার বিভাগ ও আইন প্রয়োগকারী সংস্থার ওপর নেতানিয়াহুর নিয়ন্ত্রণ বাড়ানোর উদ্যোগের বিরুদ্ধে আগে ইসরায়েলে ব্যাপক বিক্ষোভ হয়েছিল।
অ্যাটর্নি জেনারেলের ক্ষমতা কমানোর আইনটি ২০২৭ সালের জানুয়ারি থেকে কার্যকর হওয়ার কথা ছিল, যা সরকারের আইনি নিয়ন্ত্রণ বাড়াবে। এছাড়া সুপ্রিম কোর্ট ইতিমধ্যে নেতানিয়াহুকে সুবিধা দেওয়ার অভিযোগে প্রধানমন্ত্রীর অক্ষমতা ঘোষণাসংক্রান্ত বিতর্কিত আইনটির কার্যকারিতা স্থগিত করেছেন।
