Logo
×

Follow Us

প্রচ্ছদ প্রতিবেদন

অক্টোবরে নিত্যপণ্যের দাম বেড়েছে ৪.৩৯ শতাংশ

Icon

ডেস্ক রিপোর্ট

প্রকাশ: ০৮ নভেম্বর ২০২৬, ১১:৩৮ এএম

অক্টোবরে নিত্যপণ্যের দাম বেড়েছে ৪.৩৯ শতাংশ

সদ্য সমাপ্ত অক্টোবর মাসে দেশে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বেড়েছে গড়ে ৪ দশমিক ৩৯ ভাগ। এর মধ্যে সবচেয়ে বেশি বৃদ্ধি পেয়েছে মাছের দাম।

রবিবার (৮ নভেম্বর) কনজুমারস ফোরাম (সি.এফ) এর পক্ষ থেকে সংগৃহীত সেপ্টেম্বর-অক্টোবর ২০২৬ মাসের বাজার তথ্যে এ চিত্র দেখা গেছে। 

সিএফের পক্ষ থেকে সরেজমিন তথ্য নিয়ে অক্টোবর মাসে মোট ১৫ ধরনের পণ্যের মূল্য বৃদ্ধি পাওয়া গেছে। এই ১৫টি পণ্যের মূল্য বৃদ্ধি পেয়েছে গড়ে ৪ দশমিক ৩৯ ভাগ। এর মধ্যে সবচেয়ে বেশি বৃদ্ধি পেয়েছে মাছের দাম। গড়ে মাছের দাম বৃদ্ধি পেয়েছে ১১ দশমিক ৭২ ভাগ এবং মসল্লার মধ্যে লং, এলাচ, দারুচিনি, জিরায় বৃদ্ধি পেয়েছে ১০ দশমিক ৩০ ভাগ। পেয়াজ, রসুন, আদায় বৃদ্ধি পেয়েছে ৭ দশমিক ৭৯ ভাগ।

এ ছাড়াও জ্বালানি তেলে বৃদ্ধি পেয়েছে ৬ দশমিক ০২ ভাগ, চিনি বৃদ্ধি পেয়েছে ৪ দশমিক ৯৩ ভাগ, ভোজ্য তেল ও ডালডায় বৃদ্ধি পেয়েছে ৪ দশমিক ৮০ ভাগ, চালের দাম বৃদ্ধি পেয়েছে গড়ে ২ দশমিক ৬২ ভাগ, আটা-ময়দায় বেড়েছে ৩ দশমিক ২৫ ভাগ, ডিমের দাম আবারো বৃদ্ধি পেয়েছে ১ দশমিক ৪২ ভাগ, চায়ের দাম বৃদ্ধি পেয়েছে ০ দশমিক ১৪ ভাগ এবং মাংসের দাম বেড়েছে ০ দশমিক ৩৮ ভাগ। 

অপরদিকে ৭টি পণ্যের মূল্য স্থিতিশীল অবস্থায় আছে। এগুলো হচ্ছে লবণ, দুগ্ধজাত পণ্য, ব্রাশ-ট্রুথপেস্ট, চানাচুর-বিস্কুট, নিত্যব্যবহৃত ১১টি ব্রান্ডের ওষুধ এবং খাতা কলম। 

অন্যদিকে দুইটি পণ্যের দাম কমেছে, যেমন- শাঁক-সবজি ৩ দশমিক ১২ শতাংশ এবং সোনা-রূপায় কমেছে ৪ দশমিক ৭৭ ভাগ। যশোর, বগুড়া ও রংপুর এলাকায় খোঁজ নিয়ে জানা গেছে, শীতকালীন শাঁক-সবজি বাজারে উঠতে শুরু করেছে।

কৃষি পণ্যের উৎপাদনকারীরা বলছে, তারা উৎপাদন খরচ শাঁক-সবজি বিক্রি করে উঠাতে পারছে না। বগুড়া, রংপুরে প্রতিটি ফুল ও বাঁধাকপি ৬-১২ টাকা, মূলা ৬-৮ টাকা, লাউ একটা ৮-১০টাকা, কলার হালি ৫-৮ টাকা দরে বিক্রি হচ্ছে।

একই পণ্য ঢাকায় বিক্রি হচ্ছে, ফুল ও বাঁধাকপি ৫০ টাকা, পেঁপে ৩০ টাকা, মূলা ৩০ টাকা, লাউ ৬০ টাকা ও কাঁচকলার হালি ৪০-৫০ টাকা।

গত সেপ্টেম্বর মাসে নিত্যপণ্যের মূল্য বেড়েছিল ৩ দশমিক ১৩ ভাগ। আর অক্টোবর ২০২৬ মাসে আরও বেড়েছে ৪ দশমিক ৩৯ শতাংশ। এই হিসাবে গত সেপ্টেম্বর ও অক্টোবর ২০২৬ -এই দুই মাসেই নিত্যপণ্যের মূল্য বেড়েছে ৭ দশমিক ৫২ ভাগ। এভাবে লাগামহীনভাবে পণ্য মূল্য বাড়তে থাকলে সাধারণ মানুষের মধ্যে ক্ষোভের জন্ম হবে। 

বিজ্ঞপ্তি বলা হয়, শুধু বেতন ভাতা বাড়ালে চলবে না। এর সঙ্গে শহর-নগরে বাড়ি ও দোকান ভাড়া, শিক্ষা ব্যয়, চিকিৎসা ব্যয়সহ নিত্যপ্রয়োজনীয় ব্যয় মধ্য ও নিম্ন মধ্যবিত্ত শ্রেণীর নাগালের মধ্যে রাখতে হবে। একইসঙ্গে মাত্রাতিরিক্ত মুনাফালোভী ব্যবসায়ীদের লাগাম টেনে ধরা না গেলে জনমনে বিরূপ প্রভাব পড়বে। প্রয়োজনে আইন প্রয়োগের মাধ্যমে সাধারণ জনগণের নিত্যপ্রয়োজনীয় উপকরণ ব্যয় ক্রয়সীমার মধ্যে রাখতে হবে। 

এতে আরও বলা হয়, ভোক্তা সংগঠনের পক্ষ থেকে আমরা আশা করি, সরকার গ্রাম পর্যায়ে উৎপাদিত কৃষি পণ্যের উৎপাদন ও ভোক্তা পর্যায়ে মূল্য সহনীয় রাখতে কার্যকর বাজার মনিটরিং-এর ব্যবস্থা করবেন। পাশাপাশি পণ্যমূল্য জনগণের ক্রয় ক্ষমতার মধ্যে রাখতে বাজার বিশেষজ্ঞদের সঙ্গে পরামর্শপূর্বক আইনানুগ ব্যবস্থা নিবেন।

উল্লেখ্য, সিএফের পক্ষ থেকে সরাসরি কারওয়ান বাজার, রামপুরা, মেরাদিয়া, আফতাবনগরের ভূইয়া বাজার, মিনাবাজার ও স্বপ্ন সুপার শপ থেকে সংগৃহীত তথ্যের ভিত্তিতে উল্লেখিত প্রতিবেদন প্রস্তুত করা হয়েছে। 

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫