Logo
×

Follow Us

প্রচ্ছদ প্রতিবেদন

বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল

জাপানকে ছাড়, বাংলাদেশের স্বার্থ কোথায়?

Icon

মানিক মুনতাসির

প্রকাশ: ০৬ নভেম্বর ২০২৬, ১১:১৪ এএম

জাপানকে ছাড়, বাংলাদেশের স্বার্থ কোথায়?

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল। ছবি: সংগৃহীত

বিদ্যমান দুই টার্মিনালে আন্তর্জাতিক ফ্লাইট বন্ধের শর্ত; দীর্ঘমেয়াদি চুক্তিতে রাষ্ট্রের স্বার্থ কতটা সুরক্ষিত? স্রেফ রাজনৈতিক কারণে ২০২৪ সালের ৭ জানুয়ারির জাতীয় নির্বাচনের আগে ২০২৩ সালের ৭ অক্টোবর অনেকটা তড়িঘড়ি করেই শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনালটির সফট ওপেনিং হয়। 

তখন দেশজুড়ে প্রচার করা হয়েছিল, আন্তর্জাতিক মানের এই বিশাল অবকাঠামো দেশের বিমান পরিবহন খাতে নতুন যুগের সূচনা করবে। তবে এটা ঠিক যে টার্মিনালটি হয়তো পূর্ণ ব্যবহার করতে পারলে বিমান পরিবহন খাতে এক বৈপ্লবিক পরিবর্তন আসবে। কিন্তু কথা তিতা হলেও সত্য যে উদ্বোধনের দুই বছর পরও টার্মিনালটি যাত্রীসেবায় যুক্ত হয়নি। নির্মাণকাজ শেষ না হওয়া, পরিচালন ব্যবস্থা এবং বিদেশি অপারেটর নিয়োগ নিয়ে আলোচনার জটিলতা বেড়েছে।

যে টার্মিনালকে ঘিরে এত আয়োজন, এত প্রচার এবং বিপুল অর্থের বিনিয়োগ, সেটি চালু করতে গিয়ে এখন সামনে এসেছে নতুন প্রশ্ন। বিশেষ করে জাপানি কনসোর্টিয়ামের হাতে পরিচালনার দায়িত্ব দেওয়ার প্রস্তাবিত চুক্তির কয়েকটি শর্ত দেশের দীর্ঘমেয়াদি স্বার্থের সঙ্গে কতটা সামঞ্জস্যপূর্ণ, তা নিয়ে তৈরি হয়েছে নানা প্রশ্ন। টার্মিনাল নির্মাণের সাফল্য তখনই অর্থবহ হবে, যখন সেটি দেশের স্বার্থ রক্ষা করে দক্ষতার সঙ্গে পরিচালিত হবে।

প্রস্তাবিত পরিচালনা চুক্তির সবচেয়ে আলোচিত শর্ত হলো, শাহজালাল আন্তর্জাতিক  বিমানবন্দরের ১০০ কিলোমিটার ব্যাসার্ধের মধ্যে আগামী ১৫ বছর কোনো প্রতিযোগী বেসামরিক বিমানবন্দর বাণিজ্যিক কার্যক্রম শুরু করতে পারবে না। অর্থাৎ নতুন বিমানবন্দর নির্মাণ বা পরিকল্পনা করার ওপর সরাসরি নিষেধাজ্ঞা থাকছে না, তবে ওই সময়ের মধ্যে প্রতিযোগী বিমানবন্দরের বাণিজ্যিক কার্যক্রম চালুর সুযোগ সীমিত হয়ে আসবে। পাশাপাশি এই বিমানবন্দরের আলোচিত তৃতীয় টার্মিনাল চালু হলে বিদ্যমান প্রথম ও দ্বিতীয় টার্মিনাল থেকে আন্তর্জাতিক ফ্লাইট পরিচালনা বন্ধ রাখার শর্তের কথাও উঠে এসেছে।

এতে করে বিদ্যমান দুটি টার্মিনাল ফাইনালে পরিণত হবে, যা বিমানবন্দর ব্যবহারের মাত্রাকে সীমিত করে আনবে। অথচ এখানে শর্ত হতে পারত যে বিদ্যমান টার্মিনাল দুটির সুযোগ সুবিধা আরো বাড়িয়ে আন্তর্জাতিক মানদণ্ডে উন্নীত করতে হবে।

প্রশ্ন হচ্ছে, একটি বিদেশি প্রতিষ্ঠানকে টার্মিনাল পরিচালনার দায়িত্ব দিতে গিয়ে দেশের বিমান পরিবহন খাতের ভবিষ্যৎ সম্প্রসারণের ওপর এত দীর্ঘ সময়ের বিধিনিষেধ কেন থাকবে? এবং সেটা কতটা যুক্তিযুক্ত। 

শাহজালাল বিমানবন্দরের প্রথম ও দ্বিতীয় টার্মিনাল পরিচালনা করে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)। এসব অবকাঠামো নির্মাণ ও উন্নয়নে রাষ্ট্রের বিপুল অর্থ বিনিয়োগ হয়েছে। নতুন টার্মিনাল চালুর পর পুরোনো দুটি টার্মিনাল থেকে আন্তর্জাতিক ফ্লাইট পরিচালনা বন্ধ হয়ে গেলে সেগুলোর সক্ষমতা কীভাবে কাজে লাগানো হবে, তা পরিষ্কার হওয়া প্রয়োজন।

অভ্যন্তরীণ ফ্লাইট, অন্যান্য সেবা ও অবকাঠামোর বিকল্প ব্যবহারের পরিকল্পনা কী, সেটিও জানাতে হবে। রাষ্ট্রের অর্থে নির্মিত অবকাঠামো অব্যবহৃত পড়ে থাকলে তার দায় শেষ পর্যন্ত জনগণকেই বহন করতে হবে। 

এখানে একটি বিষয় বিশেষভাবে বিবেচনার দাবি রাখে—শাহজালাল বিমানবন্দরের রয়েছে একটি রানওয়ে। নতুন টার্মিনাল নির্মাণের ফলে যাত্রী ধারণক্ষমতা বাড়লেও রানওয়ের সীমাবদ্ধতা দূর হবে না। ভবিষ্যতে বিমান চলাচলের চাপ আরো বাড়লে বিকল্প বা পরিপূরক বিমানবন্দরের প্রয়োজন দেখা দিতে পারে। অথচ ১০০ কিলোমিটারের মধ্যে ১৫ বছর প্রতিযোগী বিমানবন্দরের বাণিজ্যিক কার্যক্রম চালু না করার শর্ত ভবিষ্যতের সেই পরিকল্পনাকে জটিল করে তুলতে পারে। নতুন বিমানবন্দর নির্মাণের পরিকল্পনা থাকলেও বাণিজ্যিক কার্যক্রম শুরুর ক্ষেত্রে চুক্তির বিধিনিষেধ কী প্রভাব ফেলবে, তা আগেই বিবেচনা করা দরকার। এখানে রাজস্ব ভাগাভাগির বিষয়টিও কম গুরুত্বপূর্ণ নয়। আলোচনার আগে বাংলাদেশের প্রস্তাবিত রাজস্বের অংশ ছিল ১৫ শতাংশ।

পরবর্তী আলোচনায় তা বাড়িয়ে ২৭ শতাংশ নির্ধারণের বিষয়ে সমঝোতা হয়েছে। এটি অবশ্যই ইতিবাচক। কিন্তু পুরোপুরি পরিচালনা শুরু হওয়ার আগের সময়ের রাজস্ব বণ্টন নিয়ে নতুন প্রশ্ন তৈরি হয়েছে। তথ্য অনুযায়ী, প্রথম আট মাসে বাংলাদেশের প্রাপ্য রাজস্বের অংশ ১৩.৫ শতাংশ হতে পারে। অর্থাৎ পূর্ণ পরিচালনার সময় নির্ধারিত ২৭ শতাংশের পরিবর্তে প্রাথমিক পর্যায়ে বাংলাদেশ কম রাজস্ব পেতে পারে।

এখানে মূল প্রশ্ন হলো, আট মাসের জন্য এই কম রাজস্বের হিসাব কীভাবে নির্ধারণ করা হয়েছে? কোন কোন আয় এর আওতায় পড়বে? আংশিক পরিচালনার সময় যাত্রীসংখ্যা, বাণিজ্যিক আয় ও পরিচালন ব্যয়ের হিসাব কীভাবে হবে? আবার ২৭ শতাংশ রাজস্বের হিসাব কী মোট আয় থেকে, নাকি নির্দিষ্ট খাতের আয় থেকে নির্ধারিত হবে? এসব বিষয়ে স্বচ্ছতা না থাকলে ভবিষ্যতে রাজস্ব নিয়ে বিরোধ তৈরি হওয়ার আশঙ্কা থাকবে। দীর্ঘমেয়াদি চুক্তিতে শুধু রাজস্বের হার উল্লেখ করলেই চলে না; আয় নির্ধারণের পদ্ধতি, ব্যয় সমন্বয়, হিসাব নিরীক্ষা ও অর্থ পরিশোধের নিয়মও পরিষ্কার থাকতে হয়।

চুক্তির আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ভূমিকা। এত দিন বিমান নিজেই গ্রাউন্ড হ্যান্ডলিংসহ বিমানবন্দরের বিভিন্ন সেবা দিয়ে আসছে। নতুন ব্যবস্থায় বিদেশি অপারেটর যুক্ত হলে দায়িত্ব, আয় ও দায় বণ্টন কীভাবে হবে, তা স্পষ্ট করা জরুরি। কোনো সেবার পরিচালনাগত দায়িত্ব এক প্রতিষ্ঠানের হাতে থাকলেও আর্থিক ঝুঁকি অন্য প্রতিষ্ঠানের ওপর চাপানো হলে তা ভবিষ্যতে জটিলতা তৈরি করতে পারে। বিমানের আয় ও স্বার্থ যাতে ক্ষতিগ্রস্ত না হয়, সে বিষয়ে চুক্তিতে সুস্পষ্ট নিশ্চয়তা থাকা প্রয়োজন।

প্রকল্পটির আর্থিক বাস্তবতাও বিবেচনায় নিতে হবে। জাপান আন্তর্জাতিক সহযোগিতা সংস্থার (জাইকা) অর্থায়নে বাস্তবায়িত তৃতীয় টার্মিনাল প্রকল্পের ব্যয় সর্বশেষ সংশোধনে বেড়ে দাঁড়িয়েছে প্রায় ২২ হাজার ২১৩ কোটি টাকা। চলতি ২০২৬ সালের ২৯ সেপ্টেম্বর পর্যন্ত প্রকল্পের ভৌত অগ্রগতি ছিল ৯৯.৯৩ শতাংশ এবং আর্থিক অগ্রগতি ৯৫.২৩ শতাংশ। 

অর্থাৎ নির্মাণকাজ প্রায় শেষ হলেও প্রকল্পটি পুরোপুরি কার্যকর করতে আরো অর্থ ও সময় প্রয়োজন। অন্যদিকে প্রকল্পের ঋণ পরিশোধের কিস্তিও শুরু হয়েছে। ২০৫৬ সাল পর্যন্ত ঋণ পরিশোধের সময় নির্ধারিত রয়েছে। ফলে টার্মিনাল চালুতে বিলম্ব হলে একদিকে ঋণের কিস্তি, অন্যদিকে অব্যবহৃত অবকাঠামোর রক্ষণাবেক্ষণ ব্যয় বহন করতে হবে রাষ্ট্রকে।

চুক্তিতে আইন পরিবর্তনের বিষয়টিও গুরুত্বপূর্ণ। ভবিষ্যতে বাংলাদেশে কোনো আইন বা নীতিমালা পরিবর্তনের কারণে বিদেশি অপারেটরের ব্যাবসায়িক ব্যয় বাড়লে তার ক্ষতিপূরণ কীভাবে নির্ধারিত হবে, তা পরিষ্কার থাকা দরকার। রাষ্ট্রের আইন প্রণয়ন ও নীতিনির্ধারণের স্বাধীনতা কোনো বাণিজ্যিক চুক্তির কারণে সীমিত হতে পারে না।

একইভাবে নির্মাণকাজে ত্রুটি দেখা দিলে তা শনাক্ত ও মেরামতের দায়িত্ব কার, কত দিনের মধ্যে ত্রুটি সংশোধন করতে হবে এবং এর ব্যয় কে বহন করবে—এসব বিষয়েও সুনির্দিষ্ট বিধান থাকা জরুরি।

সবচেয়ে বড় প্রশ্ন, বাংলাদেশের দরকষাকষির সক্ষমতা নিয়ে। এত বড় একটি আন্তর্জাতিক অবকাঠামো পরিচালনার দায়িত্ব দেওয়ার ক্ষেত্রে একাধিক যোগ্য প্রতিষ্ঠানকে প্রতিযোগিতার সুযোগ দেওয়া হলে রাষ্ট্রের পক্ষে ভালো শর্ত আদায় করা সহজ হতো কি না, সেটিও পর্যালোচনা করা প্রয়োজন। একটি প্রতিষ্ঠানের সঙ্গে দীর্ঘ আলোচনা ও নির্ভরশীলতার কারণে রাষ্ট্রের বিকল্প ব্যবস্থা দুর্বল হয়ে পড়লে ভবিষ্যতে নতুন শর্ত মেনে নেওয়ার চাপ তৈরি হতে পারে।

জাপান বাংলাদেশের দীর্ঘদিনের উন্নয়ন সহযোগী। অবকাঠামো, যোগাযোগ ও শিল্পায়নে দেশটির সহযোগিতা গুরুত্বপূর্ণ। কিন্তু বন্ধুত্বপূর্ণ সম্পর্কের অর্থ এই নয় যে, কোনো চুক্তিতে দেশের ভবিষ্যৎ সিদ্ধান্ত গ্রহণের স্বাধীনতা সীমিত থাকবে। বিদেশি প্রতিষ্ঠানকে ন্যায্য মুনাফা ও পরিচালনাগত নিশ্চয়তা দেওয়ার পাশাপাশি রাষ্ট্রের আর্থিক ও কৌশলগত স্বার্থও নিশ্চিত করতে হবে।

এ কারণে চুক্তি চূড়ান্ত করার আগে প্রতিটি শর্তের স্বাধীন আর্থিক, আইনগত ও কারিগরি মূল্যায়ন জরুরি। বেবিচকের আপত্তি, সংসদীয় কমিটির পর্যবেক্ষণ এবং বিমান চলাচল বিশেষজ্ঞদের মতামত গুরুত্বের সঙ্গে বিবেচনা করতে হবে। বিশেষ করে ১৫ বছরের বিধিনিষেধ, পুরোনো টার্মিনালের ব্যবহার, রাজস্ব ভাগাভাগি, বিমানের ভূমিকা এবং আইন পরিবর্তন ও নির্মাণত্রুটির দায়সংক্রান্ত শর্তগুলো নিয়ে আরো স্বচ্ছতা প্রয়োজন।

তৃতীয় টার্মিনাল দ্রুত চালু হওয়া প্রয়োজন। কিন্তু উদ্বোধনের পর দীর্ঘ সময় ধরে পূর্ণাঙ্গ কার্যক্রম শুরু করতে না পারার অভিজ্ঞতা থেকে শিক্ষা নেওয়া জরুরি। এবারও দ্রুত চালুর তাগিদে এমন কোনো শর্ত মেনে নেওয়া উচিত নয়, যার প্রভাব আগামী দেড় দশক ধরে দেশের বিমান পরিবহন খাতে পড়বে। চুক্তির আলোচনা শেষ হলেও চূড়ান্ত অনুমোদন ও স্বাক্ষরের আগে শর্তগুলো পুনর্বিবেচনার সুযোগ থাকলে সেই সুযোগ কাজে লাগানোই হবে বিচক্ষণতার পরিচয়।

একটি আন্তর্জাতিক বিমানবন্দর শুধু যাত্রী ওঠানামার অবকাঠামো নয়; এটি দেশের বাণিজ্য, যোগাযোগ, বিনিয়োগ ও অর্থনৈতিক সক্ষমতার সঙ্গে সরাসরি যুক্ত। তাই তৃতীয় টার্মিনাল পরিচালনার চুক্তিকে কেবল একটি বাণিজ্যিক সমঝোতা হিসেবে দেখার সুযোগ নেই। এখানে বাংলাদেশের দীর্ঘমেয়াদি অর্থনৈতিক স্বার্থ, নীতিনির্ধারণের স্বাধীনতা এবং ভবিষ্যৎ অবকাঠামো পরিকল্পনার প্রশ্ন জড়িত।

জাপানি বিনিয়োগ ও দক্ষতা কাজে লাগুক, তৃতীয় টার্মিনালও দ্রুত চালু হোক। কিন্তু একটি টার্মিনাল পরিচালনার সুবিধা দিতে গিয়ে দেশের ভবিষ্যৎ বিমান পরিবহন পরিকল্পনা যেন অযথা সীমাবদ্ধ হয়ে না পড়ে। উন্নয়নের সুফল তখনই নিশ্চিত হবে, যখন চুক্তির শর্তে বিদেশি প্রতিষ্ঠানের বাণিজ্যিক স্বার্থের পাশাপাশি বাংলাদেশের স্বার্থও সমান গুরুত্ব পাবে।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫