মজুরি বোর্ড গঠনের ওপরও থামছে না পোশাকশ্রমিকদের বিক্ষোভ। ন্যূনতম মাসিক মজুরি ৩০ হাজার টাকার দাবিতে আজ সকালে রাজধানীর মিরপুর ১১ নম্বর এলাকায় সড়ক অবরোধের চেষ্টা করেন শ্রমিকরা। ছবি: সংগৃহীত
ন্যূনতম মাসিক মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণসহ পাঁচ দফা দাবিতে পোশাক শ্রমিকদের আন্দোলন ক্রমেই সহিংস হয়ে উঠছে। রাজধানী ঢাকা ও আশপাশের শিল্পাঞ্চল গাজীপুর, আশুলিয়া, সাভার ও নারায়ণগঞ্জে কয়েক দিন ধরে চলছে বিক্ষোভ, সড়ক অবরোধ ও ভাঙচুর।
কোথাও পুলিশের সঙ্গে শ্রমিকদের সংঘর্ষ, কোথাও মহাসড়কে আগুন জ্বালিয়ে অবরোধ। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ও বিজিবি মোতায়েন করা হলেও স্বাভাবিক হয়নি শিল্পাঞ্চলের পরিস্থিতি।
গত রবি ও সোমবার এক হাজারের বেশি পোশাক কারখানায় সাধারণ ছুটি ও বন্ধ ঘোষণা করা হয়েছে। এতে উৎপাদন ব্যাহত হওয়ার পাশাপাশি ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ ও পরিবহনসংশ্লিষ্ট ব্যক্তিরা।
শ্রমিকদের মজুরি বৃদ্ধির দাবিতে শুরু হওয়া আন্দোলনকে ঘিরে এখন সামনে এসেছে রাজনৈতিক সংশ্লিষ্টতার অভিযোগও। স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ দাবি করেছেন, পোশাকশিল্পের কিছু মালিক এবং নিষিদ্ধ আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিরা অস্থিরতা তৈরিতে ভূমিকা রাখছেন। সাবেক সংসদ সদস্য ও প্রতিমন্ত্রীরাও এর সঙ্গে জড়িত বলে অভিযোগ তার। সরকারের দাবি, সীমান্তের ওপার থেকে রাজনৈতিক উদ্দেশ্যে শ্রমিকদের উসকে দিয়ে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির ষড়যন্ত্র চলছে। তবে শ্রমিকদের পাঁচ দফা দাবির যৌক্তিকতা, মজুরি নির্ধারণের প্রক্রিয়া এবং আন্দোলন মোকাবিলায় সরকারের ভূমিকা নিয়ে প্রশ্নও রয়েছে।
এদিকে পোশাকশিল্পে অস্থিরতা ঠেকাতে আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীকে কঠোর হওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। কারখানার উৎপাদন অব্যাহত রাখা এবং জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে বলা হয়েছে। পরিস্থিতি সার্বক্ষণিক পর্যবেক্ষণে ২৪ ঘণ্টা নজরদারির ব্যবস্থাও নেওয়া হচ্ছে। অন্যদিকে আন্দোলনরত শ্রমিকদের কারখানায় ফিরে কাজে যোগ দেওয়ার আহ্বান জানিয়েছেন শ্রমিকপক্ষের নেতারা।
বন্ধ শত শত কারখানা, মহাসড়কে শ্রমিক
২ নভেম্বর সকাল থেকেই গাজীপুরের বিভিন্ন শিল্পাঞ্চলে বিক্ষোভে নামেন পোশাক শ্রমিকরা। ন্যূনতম মাসিক মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণের দাবিতে কালিয়াকৈর উপজেলার চন্দ্রা পল্লীবিদ্যুৎ এলাকায় সকাল ৭টা থেকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করেন তারা। সফিপুর ও চন্দ্রা এলাকায় শ্রমিকদের অবস্থানের কারণে মহাসড়কের উভয় পাশে অন্তত ১০ কিলোমিটার এলাকাজুড়ে যানজট সৃষ্টি হয়। ভোগান্তিতে পড়েন যাত্রী ও চালকরা। একইভাবে নারায়ণগঞ্জ, আশুলিয়াসহ বিভিন্ন এলাকায় বিক্ষোভ করছেন পোশাক শ্রমিকরা।

গাজীপুর শিল্প পুলিশের পুলিশ সুপার আমজাদ হোসেন বলেন, আন্দোলনের কারণে দেড় শতাধিক কারখানায় ছুটি ঘোষণা করা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে বিজিবি, জেলা ও মহানগর পুলিশ এবং শিল্প পুলিশ কাজ করছে। এর আগে রবিবার প্রায় তিনশ পোশাক কারখানা বন্ধ করা হয়।
অন্যদিকে ঢাকার সাভারের আশুলিয়া ও আশপাশের এলাকার ২৬৪টি পোশাক কারখানায় সাধারণ ছুটি ও বন্ধ ঘোষণা করেছে মালিকপক্ষ। আশুলিয়া শিল্প পুলিশের পুলিশ সুপার মমিনুল ইসলাম ভূঁইয়া এ তথ্য নিশ্চিত করেছেন। এভাবে এক হাজারের বেশি পোশাক কারখানা বন্ধ হয়েছে।
শ্রমিকদের পাঁচ দফা দাবির মধ্যে রয়েছে—ন্যূনতম মাসিক মজুরি ৩০ হাজার টাকা ঘোষণা, সব পোশাক কারখানায় রেশনিং ব্যবস্থা চালু এবং ট্রেড ইউনিয়নের অধিকার বাস্তবায়ন। এ ছাড়া শ্রমিক আমজাদ হোসেন কামালসহ সব শ্রমিক হত্যার বিচারে বিচার বিভাগীয় কমিশন গঠন, বিনা কারণে শ্রমিক ছাঁটাই বন্ধ এবং সর্বস্তরে শ্রম আইন পূর্ণাঙ্গভাবে বাস্তবায়নের দাবি জানিয়েছেন তারা। বিক্ষোভে অংশ নেওয়া লিবার্টি গার্মেন্টসের শ্রমিক সোহেল মিয়া বলেন, ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা ঘোষণা করতে হবে। শ্রমিকদের সব দাবি মেনে নিতে হবে।
অস্থিরতার পেছনে মালিকদের একাংশও
শ্রমিক অসন্তোষের মধ্যে পোশাকশিল্পের মালিকদের একাংশের ভূমিকা নিয়ে গুরুতর অভিযোগ তুলেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। সোমবার সকালে সচিবালয়ে পোশাকশিল্পের মালিকদের দুই সংগঠন বিজিএমইএ ও বিকেএমইএর নেতাদের সঙ্গে বৈঠক শেষে সংবাদ সম্মেলনে তিনি বলেন, নিষিদ্ধ আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সংশ্লিষ্ট কিছু পোশাকশিল্প মালিকও অস্থিরতা সৃষ্টির পেছনে কাজ করছেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘পোশাকশিল্পের মালিকরা যারা আওয়ামী লীগের (কার্যক্রম নিষিদ্ধ) রাজনীতির সঙ্গে জড়িত, তারাও অস্থিরতা সৃষ্টির পেছনে কাজ করেছেন। দুঃখজনক বিষয় হলো, এর পেছনে কিছু শিল্পমালিক জড়িত। সাবেক সংসদ সদস্য ও প্রতিমন্ত্রীও এর সঙ্গে জড়িত আছেন।’
কিছু শিল্পমালিক উদ্দেশ্যমূলকভাবে কারখানা বন্ধ করেছেন বলেও অভিযোগ করেন তিনি। এ ধরনের কারখানার তালিকা দিতে মালিক সংগঠনগুলোর নেতাদের বলা হয়েছে। একই সঙ্গে অস্থিরতা সৃষ্টিতে জড়িত শ্রমিক নেতা ও সংগঠনগুলোর নামের তালিকাও চাওয়া হয়েছে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা যায়, কিছুদিন ধরে পতিত স্বৈরাচারের ফ্যাসিবাদের সমর্থিত কিছু পক্ষ নিরীহ শ্রমিকদের ব্যবহার করে অস্থিরতা সৃষ্টির পাঁয়তারা করছে। সড়ক-মহাসড়ক অবরোধ করে আগুন জ্বালিয়ে যারা পরিস্থিতি অস্থিতিশীল করার চেষ্টা করছে, তাদের পেছনে ইন্ধনদাতারা চিহ্নিত হয়েছে।
একটি গোয়েন্দা প্রতিবেদনের বরাত দিয়ে বলা হয়েছে, সীমান্তের ওপার থেকে রাজনৈতিক উদ্দেশ্যে নিরীহ পোশাক শ্রমিকদের উসকে দিয়ে দেশে অস্থিরতা তৈরির চক্রান্ত চলছে। প্রতিবেদনে দাবি করা হয়েছে, শ্রমিকরা শুরুতে এই আন্দোলনের সঙ্গে সম্পৃক্ত ছিলেন না এবং সহিংস আন্দোলনের কোনো কারণ ছিল না। একটি মহল রাজনৈতিক উদ্দেশ্যে শ্রমিকদের ব্যবহার করে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির চেষ্টা করছে।
তবে গোয়েন্দা প্রতিবেদনে এসব দাবি এবং শিল্পমালিকদের রাজনৈতিক সংশ্লিষ্টতার অভিযোগের বিষয়ে বিস্তারিত তথ্য বা সংশ্লিষ্টদের বক্তব্য পাওয়া যায়নি।
২৪ ঘণ্টা নজরদারিতে সরকার
পোশাকশিল্পের পরিস্থিতি পর্যবেক্ষণে ২৪ ঘণ্টা নজরদারির ব্যবস্থা নেওয়ার উদ্যোগ নিয়েছে সরকার। স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও পুলিশ বিভাগের পক্ষ থেকে যোগাযোগের জন্য নির্দিষ্ট ব্যক্তি ঠিক করা হয়েছে। মালিক সংগঠনগুলোর পক্ষ থেকেও যোগাযোগের জন্য নির্দিষ্ট ব্যক্তি থাকবেন। এ জন্য পুলিশের সদর দপ্তরে একটি নিয়ন্ত্রণকক্ষ স্থাপনের নির্দেশনা দেওয়া হয়েছে। সুরক্ষা অ্যাপের মাধ্যমে সেখান থেকে পরিস্থিতি পর্যবেক্ষণ করা হবে।
এ বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেন, ‘আমরা কোনো শিল্প-কারখানা বন্ধ হোক, সেটা চাই না। এক মুহূর্তের জন্য বন্ধ হোক, সেটা চাই না।’ শ্রমিক আন্দোলনের নামে যারা শ্রমিকদের স্বার্থবিরোধী কর্মকাণ্ডে লিপ্ত এবং দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির চেষ্টা করছে, তাদের কঠোর হাতে দমন করা হবে।
প্রধানমন্ত্রীর নির্দেশ, উৎপাদন বন্ধ করা যাবে না
এর আগে সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে শ্রমিক অসন্তোষ নিয়ে জরুরি বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে সংশ্লিষ্ট মন্ত্রী, উপদেষ্টা ও সংসদ সদস্যরা অংশ নেন। শ্রমিকদের বিক্ষোভের কারণ পর্যালোচনা এবং পোশাক কারখানার উৎপাদন স্বাভাবিক রাখার বিষয়ে আলোচনা হয়। বৈঠকে তৈরি পোশাক খাতে উৎপাদন অব্যাহত রাখা এবং জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীকে কঠোর থাকার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী।

শ্রম মন্ত্রণালয় সূত্রে জানা যায়, শ্রমিকদের মজুরি বৃদ্ধির দাবিতে ইতিমধ্যে মজুরি বোর্ড গঠন ও সংশ্লিষ্ট সিদ্ধান্ত বাস্তবায়ন করা হয়েছে। এর পরও পোশাক খাতে উৎপাদন ব্যাহত করা এবং অস্থিরতা তৈরির চেষ্টা চলছে। ডিসেম্বরকে সামনে রেখে আওয়ামী ফ্যাসিবাদী গোষ্ঠী রাজনৈতিক উদ্দেশ্যে এই পরিস্থিতি তৈরি করছে বলে মনে করছে সরকার। এ বিষয়ে সবাইকে সজাগ থাকার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী।
নতুন মজুরি বোর্ড, দ্রুত কার্যক্রম শুরুর দাবি
শ্রমিকদের মজুরি বৃদ্ধির দাবির মধ্যে সরকার নতুন করে ছয় সদস্যের মজুরি বোর্ড গঠন করেছে। এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়। বোর্ডের চেয়ারম্যান করা হয়েছে সিনিয়র জেলা ও দায়রা জজ শেখ আশফাকুর রহমানকে।
বোর্ডে মালিকপক্ষের প্রতিনিধি হিসেবে রয়েছেন বিজিএমইএর পরিচালক এ বি এম সামছুদ্দিন এবং বাংলাদেশ এমপ্লয়ার্স ফেডারেশনের যুগ্ম মহাসচিব আসিফ আইয়ুব। শ্রমিকপক্ষের প্রতিনিধি হিসেবে রয়েছেন বাংলাদেশ গার্মেন্টস অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক বাবুল আখতার এবং বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের সভাপতি আনোয়ার হোসাইন। নিরপেক্ষ প্রতিনিধি হিসেবে রয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের অধ্যাপক মোসলেহ উদ্দিন আহমেদ।
মজুরি বোর্ড গঠনকে ইতিবাচক হিসেবে দেখছেন শ্রমিকপক্ষের প্রতিনিধিরা। তবে দ্রুত কার্যক্রম শুরুর ওপর জোর দিচ্ছেন তারা।
এদিকে আন্দোলনরত শ্রমিকদের কাজে ফেরার আহ্বান জানিয়েছেন মজুরি বোর্ডের শ্রমিকপক্ষের প্রতিনিধি বাবুল আখতার। তিনি বলেন, শ্রমিকদের কারখানায় ফিরে কাজে যোগ দেওয়া উচিত। একই সঙ্গে ভাঙচুরের সঙ্গে জড়িত না থেকেও আন্দোলনে অংশ নেওয়া শ্রমিক নেতাদের মুক্তি দিতে সরকারের প্রতি আহ্বান জানান তিনি।
