স্বস্তি নয়, অগ্নিপরীক্ষা বাংলাদেশের
হামিদুল ইসলাম সরকার
প্রকাশ: ০৫ নভেম্বর ২০২৬, ০৯:৪৫ এএম
সাম্প্রতিক দেশকাল গ্রাফিক্স।
- এলডিসি উত্তরণের প্রস্তুতিমূলক সময়সীমা ২০২৯ সালের ২৪ নভেম্বর পর্যন্ত নির্ধারণ
বাংলাদেশের এলডিসি উত্তরণের প্রস্তুতিমূলক সময়সীমা জাতিসংঘ সাধারণ পরিষদের সাম্প্রতিক সিদ্ধান্তে তিন বছর বাড়িয়ে ২০২৯ সালের ২৪ নভেম্বর পর্যন্ত নির্ধারণ করা হয়েছে। একই সুবিধা নেপালও পেয়েছে। তবে লাওস আবেদন করেনি। আগে নির্ধারিত সময়সীমা ছিল ২০২৬ সালের ২৪ নভেম্বর। এই সিদ্ধান্ত দেশের অর্থনীতির জন্য নতুন এক অধ্যায়ের সূচনা করেছে।
প্রশ্ন হলো এই অতিরিক্ত সময় কি সত্যিই অর্থনীতিকে স্থিতিশীল ও প্রতিযোগিতামূলক করে তোলার সুযোগ হিসেবে কাজে লাগবে, নাকি আরেকটি সময়ক্ষেপণে পরিণত হবে? তবে এরপর আর সুযোগ নেই। অর্থনীতিবিদরা বলছেন, বাংলাদেশের জন্য এলডিসি উত্তরণের সময় তিন বছর পিছিয়ে যাওয়া নিঃসন্দেহে একটি গুরুত্বপূর্ণ কূটনৈতিক ও অর্থনৈতিক অর্জন। আন্তর্জাতিক সম্প্রদায় বাংলাদেশের বিশেষ পরিস্থিতি বিবেচনায় নিয়ে এই সুযোগ দিয়েছে। এর ফলে রপ্তানিকারকরা কিছুটা স্বস্তি, শিল্পোদ্যোক্তারা প্রস্তুতির সময় এবং সরকার অর্থনীতির দুর্বলতা কাটিয়ে ওঠার আরেকটি সুযোগ পাবে।
একটি অর্জনকে টেকসই উন্নয়নে রূপ দিতে হলে রপ্তানি, বিনিয়োগ, রাজস্ব, ব্যাংকিং ও প্রাতিষ্ঠানিক সংস্কারে এখনই বড় পরিবর্তন আনতে হবে। আর অর্থনীতিবিদ ড. দেবপ্রিয় ভট্টাচার্য বলেছেন, বাংলাদেশ প্রায়ই প্রতিশ্রুতি দিতে যতটা সফল, বাস্তবায়নে ততটা নয়। এবার সেই পুনরাবৃত্তি এড়াতে হবে।
উল্লেখ্য, বাংলাদেশ ১৯৭৫ সাল থেকে এলডিসি তালিকায় রয়েছে। ২০১৮ ও ২০২১ সালের ত্রিবার্ষিক পর্যালোচনায় দেশটি উত্তরণের তিনটি মানদণ্ডই পূরণ করে। এরপর ২০২১ সালে জাতিসংঘ সাধারণ পরিষদ উত্তরণের সিদ্ধান্ত নেয়। কোভিড-১৯-এর প্রভাব বিবেচনায় পাঁচ বছরের প্রস্তুতিমূলক সময় দেওয়া হয়। সেই সময়সীমা শেষ হওয়ার কথা ছিল গত মাসেই। কিন্তু সাম্প্রতিক রাজনৈতিক পরিবর্তন, বৈশ্বিক অর্থনৈতিক অনিশ্চয়তা, সরবরাহ চেইনের চাপ এবং অভ্যন্তরীণ কাঠামোগত দুর্বলতার কারণে বাংলাদেশ অতিরিক্ত সময় চেয়েছিল। জাতিসংঘ সেই অনুরোধ মেনে নিয়েছে। তবে এটিকে ব্যতিক্রমী ব্যবস্থা হিসেবে উল্লেখ করে বলা হয়েছে, এই সময়ের মধ্যে কাঠামোগত দুর্বলতা দূর করতে উল্লেখযোগ্য অগ্রগতি দেখাতে হবে।
অর্জনের ভিত আছে, প্রস্তুতিতেও বড় ঘাটতি
বাংলাদেশ যে এলডিসি উত্তরণের যোগ্যতা অর্জন করেছে। তার পেছনে রয়েছে দীর্ঘদিনের অর্থনৈতিক ও সামাজিক অগ্রগতি। জাতিসংঘের ২০২৪ সালের তথ্য পর্যালোচনায় দেখা যায়, মাথাপিছু মোট জাতীয় আয় বা জিএনআইয়ের ক্ষেত্রে উত্তরণের প্রয়োজনীয় সীমা ছিল এক হাজার ৩০৭ ডলার। বাংলাদেশের অর্জন ছিল দুই হাজার ৬৮৪ ডলার। মানবসম্পদ সূচকে প্রয়োজনীয় মান ৫৯.৬-এর বিপরীতে বাংলাদেশের অবস্থান ছিল ৭৭.৫।
অর্থনৈতিক ভঙ্গুরতা সূচকে সর্বোচ্চ গ্রহণযোগ্য সীমা ৪০.৬ হলেও বাংলাদেশের অবস্থান ছিল ২১.৯। এই তিনটি সূচকেই বাংলাদেশ প্রয়োজনীয় মান অতিক্রম করেছে। আর এটি বাংলাদেশের উন্নয়নের একটি গুরুত্বপূর্ণ স্বীকৃতি। কিন্তু যোগ্যতা অর্জন আর প্রতিযোগিতামূলক অর্থনীতি হিসেবে প্রস্তুত হওয়া এক বিষয় নয়।
বাংলাদেশের অর্থনীতির বড় দুর্বলতা হলো রপ্তানি আয় একটি খাতের ওপর অতিমাত্রায় নির্ভরশীল। মোট পণ্য রপ্তানির প্রায় ৮০ শতাংশ তৈরি পোশাক খাত থেকে আসে। অন্যদিকে কর-জিডিপি অনুপাত অত্যন্ত কম। এমনকি এই অঞ্চলের মধ্যে সবচেয়ে কম। আর ব্যাংকিং খাতে খেলাপি ঋণের চাপ বেশি। বেসরকারি বিনিয়োগ দুর্বল এবং শিল্পের উৎপাদন ব্যয় তুলনামূলক বেশি।
২০২৯ সালের আগে পাঁচটি পরিবর্তন জরুরি
বিশ্লেষক ও অর্থনীতিবিদদের বক্তব্য এবং বাংলাদেশের বর্তমান অর্থনৈতিক পরিস্থিতি বিশ্লেষণ করলে আগামী তিন বছরের জন্য পাঁচটি বিষয়কে সবচেয়ে গুরুত্বপূর্ণ বলে বিবেচনা করা যায়। রপ্তানি বহুমুখীকরণ। তৈরি পোশাকের বাইরে ওষুধ, চামড়া, কৃষিপণ্য, হালকা প্রকৌশল, প্লাস্টিক, পাটজাত পণ্য ও প্রযুক্তিনির্ভর সেবা খাতে বিনিয়োগ বাড়াতে হবে। পোশাকশিল্পের মধ্যেও ম্যান-মেড ফাইবারভিত্তিক পণ্য উৎপাদন বাড়ানো প্রয়োজন।
দ্বিতীয়ত, ব্যাংকিং ও রাজস্ব খাতের সংস্কার। খেলাপি ঋণ নিয়ন্ত্রণ, ব্যাংক পরিচালনায় সুশাসন, ঋণপ্রবাহের স্বাভাবিক পরিবেশ ও করের আওতা বাড়াতে হবে। রাজস্ব আয় না বাড়লে অবকাঠামো ও শিল্পায়নে প্রয়োজনীয় বিনিয়োগ করা কঠিন হবে।
তৃতীয়ত, বাণিজ্য চুক্তি ও আন্তর্জাতিক বাজার নিশ্চিত করা। ইউরোপীয় ইউনিয়ন, জাপান, দক্ষিণ কোরিয়া এবং অন্যান্য গুরুত্বপূর্ণ বাজারের সঙ্গে কার্যকর বাণিজ্যিক সমঝোতা করতে হবে। একই সঙ্গে শ্রম অধিকার ও পরিবেশগত মান নিশ্চিত করতে হবে। চতুর্থত, উৎপাদন ব্যয় কমানো। নিরবচ্ছিন্ন জ্বালানি সরবরাহ, বন্দর ব্যবস্থার আধুনিকায়ন, পরিবহন ব্যয় হ্রাস, কাস্টমস প্রক্রিয়া সহজ করা এবং শিল্পাঞ্চলের অবকাঠামো উন্নয়ন জরুরি।
শুধু শুল্কসুবিধা দিয়ে আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতায় টিকে থাকা সম্ভব হবে না। সবশেষে সংস্কারের জবাবদিহি নিশ্চিত করা। উত্তরণ প্রস্তুতির জন্য নির্দিষ্ট কর্মপরিকল্পনা, মন্ত্রণালয়ভিত্তিক দায়িত্ব, বার্ষিক লক্ষ্যমাত্রা ও প্রকাশ্য অগ্রগতি প্রতিবেদন থাকতে হবে। কোন মন্ত্রণালয় কতটুকু কাজ করল, কোন সংস্কার আটকে আছে এবং কেন আটকে আছে, তা জনগণের সামনে তুলে ধরতে হবে। সিপিডিও সরকারকে উত্তরণ প্রস্তুতির জন্য একটি কার্যকর পর্যবেক্ষণ ব্যবস্থা গড়ে তোলার পরামর্শ দিয়েছে। সংস্কার বাস্তবায়নের দায়িত্ব প্রধানমন্ত্রীর কার্যালয়ের পর্যায়ে সমন্বয় এবং সংসদীয় নজরদারির আওতায় আনার প্রস্তাবও দিয়েছে।
বৈদেশিক ঋণ ও উন্নয়ন অর্থায়নের নতুন চ্যালেঞ্জ
বিশ্লেষকরা বলছেন, স্বল্পোন্নত দেশের (এলডিসি) তালিকা থেকে বাংলাদেশের উত্তরণের ফলে আন্তর্জাতিক বাণিজ্য সুবিধার পাশাপাশি বৈদেশিক উন্নয়ন অর্থায়নের কাঠামোতেও বড় পরিবর্তন আসবে। এলডিসি পরবর্তী সময়ে বৈদেশিক সহায়তা বা ঋণ একেবারে বন্ধ না হলেও সহজ শর্তের ঋণ, কম সুদের সুবিধা এবং বিশেষ তহবিলে প্রবেশাধিকার কমে যাবে। ঋণের শর্ত কঠিন হওয়া এবং পরিশোধের সময়সীমা কমে যাওয়াই মূল আশঙ্কা। ফলে মূল চ্যালেঞ্জ, রাজস্ব আদায়ের নিম্নগতি, বাড়তে থাকা সুদ পরিশোধের চাপ এবং উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে দীর্ঘসূত্রতার কারণে কঠিন শর্তের ঋণ সামলানো বাংলাদেশের জন্য কঠিন হবে। বর্ধিত সময়ের মধ্যে কেবল রপ্তানি খাত নয়, বরং সরকারি আর্থিক ব্যবস্থাপনা শক্তিশালী করা, প্রকল্প বাস্তবায়নে দক্ষতা বাড়ানো এবং বৈদেশিক ঋণের সর্বোচ্চ ও কার্যকর ব্যবহার নিশ্চিত করা জরুরি।
সিপিডির তথ্য যা বলছে
সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) ১ নভেম্বর ২০২৬-এর আলোচনায় উপস্থাপিত তথ্য অনুযায়ী, ২০২৫-২৬ অর্থবছরে কর-জিডিপির অনুপাত ছিল ৬.৯ শতাংশ। ২০২৬ সালের জুনে ব্যাংক খাতের মোট ঋণের ৩২.৮ শতাংশ ছিল খেলাপি। জিডিপির তুলনায় বেসরকারি বিনিয়োগের হার ছিল ২১.৫ শতাংশ। এসব পরিসংখ্যান বাংলাদেশের অর্থনীতির কাঠামোগত দুর্বলতার একটি স্পষ্ট চিত্র তুলে ধরে। এই বাড়তি তিন বছর সময় পাওয়াকে অর্থনৈতিক বিজয় ভেবে নীতিনির্ধারক ও ব্যবসায়ীদের মধ্যে এক ধরনের ‘আত্মতুষ্টি’ ও ঢিলেমি তৈরি হতে পারে।
অতীতে প্রস্তুতির সুযোগ পেলেও প্রয়োজনীয় প্রাতিষ্ঠানিক ও অর্থনৈতিক সংস্কারে শ্লথগতি দেখা গেছে। তাই এই বর্ধিত সময়কে কোনোভাবেই কালক্ষেপণের অজুহাত হিসেবে ব্যবহার করা যাবে না। এই তিন বছর বাড়তি সময় পাওয়ার ফলে তৈরি পোশাক ও অন্যান্য শিল্পের শ্রম ও পরিবেশগত আন্তর্জাতিক শর্ত ও স্ট্যান্ডার্ডগুলো আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করার সুবর্ণ সুযোগ তৈরি হয়েছে।
সিপিডি জোর দিয়ে বলেছে, বাংলাদেশ এখনো অন্যান্য দেশের মতো উল্লেখযোগ্য কোনো মুক্ত বাণিজ্য চুক্তি চূড়ান্ত করতে পারেনি। বর্ধিত তিন বছরের মধ্যে ভারত, জাপান, চীন ও ইইউর সঙ্গে অগ্রাধিকারমূলক বাণিজ্য চুক্তি সম্পাদন না করতে পারলে ২০২৯ পরবর্তী বাণিজ্য ঘাটতি দূর করা সম্ভব হবে না।
ইআরডি নয়, প্রধানমন্ত্রীর সরাসরি তত্বাবধানে সমন্বয়
ব্যবসায়ী ও অর্থনীতিবিদদের অভিমত, ২০১৮ সালে উত্তরণ-প্রস্তুতির দায়িত্ব অর্থনৈতিক সম্পর্ক বিভাগকে (ইআরডি) দেওয়া হয়েছিল। যখন লক্ষ্য ছিল মূলত বিদ্যমান সুবিধা ধরে রাখা। এখন উত্তরণ অর্থনীতির কাঠামোগত রূপান্তরের সঙ্গে যুক্ত। আর ইআরডির বর্তমান সক্ষমতায় এই বিশাল কাজ একা সামলানো কঠিন। তাই প্রধানমন্ত্রীর সরাসরি তত্ত্বাবধানে সমন্বয় কাঠামোর প্রস্তাব তাদের। আর ব্যবসায়ীদের আশঙ্কা, প্রস্তুতি এখনো অপর্যাপ্ত। শুল্ক সুবিধা শেষ হলে বাংলাদেশি কোম্পানিকে সমান শর্তে বিশ্ব প্রতিযোগীদের সঙ্গে লড়তে হবে। সুদের হার কমানো, লালফিতা কমানো ও বন্দর সহজ করতে হবে।
তিন বছরের জন্য একটি বাস্তব কর্মপরিকল্পনা
এলডিসি উত্তরণ নিয়ে সুযোগ পাওয়াতে বিভিন্ন মহল থেকে আলোচনায় এই সময়কে কাজে লাগাতে সরকারকে বছরভিত্তিক লক্ষ্য নির্ধারণ করার পরামর্শ দিয়েছে। তারা বলেছেন, শুধু নীতিমালা তৈরি নয়, প্রতিটি খাতে পরিমাপযোগ্য ফলাফল অর্জন করতে হবে। তাদের প্রস্তাবনা অনুযায়ী, প্রথম বছর (২০২৬-২৭) দেশের ব্যাংকিং ও রাজস্ব সংস্কার, রপ্তানি খাত চিহ্নিতকরণ, বাণিজ্য আলোচনা, জ্বালানি ও বন্দর সমস্যার সমাধান শুরু। দ্বিতীয় বছর (২০২৭-২৮) নতুন শিল্পে বিনিয়োগ, দক্ষ জনশক্তি তৈরি, বাণিজ্য চুক্তি কার্যকর, উৎপাদন ব্যয় ও লজিস্টিকস কমানো। আর শেষ ও তৃতীয় বছর (২০২৮-২৯) হলো, আন্তর্জাতিক বাজারে শুল্ক সুবিধা নিশ্চিত, শিল্পের প্রতিযোগিতা যাচাই, মেধাস্বত্ব ও শ্রমমানের প্রস্তুতি সম্পন্ন এবং অবশিষ্ট সংস্কার বাস্তবায়ন। এ জন্য আটটি বিষয়ে বিশেষ গুরুত্ব দেওয়া প্রয়োজন।
সংস্কারের প্রতিশ্রুতি বাস্তবায়ন না হলে বিশ্বাস হারাবে বাংলাদেশ-ড. দেবপ্রিয়
স্বল্পোন্নত দেশের (এলডিসি) তালিকা থেকে বের হতে হলে আগামী তিন বছরে বাংলাদেশকে তিনটি গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জ মোকাবিলা করতে হবে। এলডিসি উত্তরণের জন্য প্রয়োজনীয় প্রস্তুতি সম্পন্ন করা, সামষ্টিক অর্থনৈতিক স্থিতিশীলতা বজায় রাখা এবং বিনিয়োগ, কর্মসংস্থান ও অর্থনৈতিক প্রবৃদ্ধি পুনরুদ্ধার করা বলে জানিয়েছেন বেসরকারি গবেষণা সংস্থা সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) সম্মাননীয় ফেলো ড. দেবপ্রিয় ভট্টাচার্য।
তিনি বলেন, উত্তরণের জন্য যেসব সংস্কারের প্রতিশ্রুতি দেওয়া হয়েছে, সেগুলো করা না হলে বিশ্বাস হারাবে বাংলাদেশ। একটি ব্যতিক্রমী সিদ্ধান্তের জন্য প্রয়োজন ‘ব্যতিক্রমী’ কর্মদক্ষতা। এই সময়সীমা বৃদ্ধি কোনো নজির হিসেবে গণ্য হবে না।
জাতিসংঘের সিডিপি স্পষ্ট জানিয়েছে যে, তারা এ ধরনের আর কোনো অনুরোধ সমর্থন করবে না। আর সমন্বয় কার্যক্রম ইআরডি থেকে প্রধানমন্ত্রীর কার্যালয়ে স্থানান্তর করা উচিত।
সময়কে কাজে লাগাতে শুরু করা
এলডিসি থেকে উত্তরণ পেছানোর সিদ্ধান্তকে কেউ কেউ বাংলাদেশের জন্য স্বস্তির খবর হিসেবে দেখছেন। কেউ দেখছেন অর্থনীতির দুর্বলতা কাটিয়ে ওঠার শেষ বড় সুযোগ হিসেবে। প্রকৃতপক্ষে দুটি মূল্যায়নই সঠিক। কারণ বাড়তি সময় বাংলাদেশকে তাৎক্ষণিক কিছু চাপ থেকে রক্ষা করবে, আবার একই সঙ্গে অর্থনীতির কাঠামোগত পরিবর্তনের দায়িত্বও বাড়িয়ে দেবে।
তবে একটি বিষয় মনে রাখতে হবে উত্তরণ পেছানো মানে উন্নয়ন পেছানো নয়; বরং এই সময়ের মধ্যে বাংলাদেশকে এমন অর্থনীতি গড়ে তুলতে হবে, যেখানে আন্তর্জাতিক বাজারে টিকে থাকার জন্য বিশেষ সুবিধার ওপর নির্ভর করতে হবে না। দেশের শিল্প নিজস্ব উৎপাদনশীলতা, প্রযুক্তি, দক্ষতা ও মানের ভিত্তিতে প্রতিযোগিতা করতে পারবে। বাংলাদেশের সামনে এখন দুটি পথ।
প্রথমটি হলো, বাড়তি তিন বছরকে স্বস্তির সময় হিসেবে ব্যবহার করে পুরোনো পদ্ধতিতেই অর্থনীতি পরিচালনা করা। দ্বিতীয়টি হলো, এই সময়কে কাজে লাগিয়ে ব্যাংকিং, রাজস্ব, বিনিয়োগ, রপ্তানি, জ্বালানি ও প্রশাসনিক ব্যবস্থায় মৌলিক পরিবর্তন আনা।
