ভারতীয় রুপি।
ভারতের রুপির দর শুক্রবার অপ্রত্যাশিতভাবে ঘুরে দাঁড়িয়েছে। তবে এ প্রবণতা ধরে রাখা কঠিন হতে পারে বলে জানিয়েছেন বিশ্লেষকেরা। এশিয়ার অন্যান্য মুদ্রার দরপতন এবং বৈশ্বিক বিনিয়োগ পরিস্থিতির অবনতিতে রুপির ওপর চাপ বাড়ছে। তবে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম কমায় কিছুটা স্বস্তি পেতে পারে ভারতীয় মুদ্রা।
রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, মুদ্রাবাজারের ব্যবসায়ীরা ধারণা করছেন গত সোমবার (২ নভেম্বর) ডলারের বিপরীতে ভারতীয় মুদ্রাটির দর ৯৪ দশমিক ৯৪ থেকে ৯৪ দশমিক ৯৮-এর মধ্যে থাকতে পারে।
গত সপ্তাহের বেশির ভাগ সময় রুপি নিম্নমুখী ছিল। শুক্রবার একপর্যায়ে ডলারের বিপরীতে রুপির দর ৯৫ দশমিক ২৮-এ নেমে যায়। তবে একটি বড় বিদেশি ব্যাংকের ব্যাপক ডলার বিক্রির কারণে পরে রুপির দর ঘুরে দাঁড়ায় বলে জানিয়েছেন ব্যবসায়ীরা।
বেসরকারি খাতের একটি ব্যাংকের এক মুদ্রাবাজার বিশ্লেষক বলেন, “শুক্রবার রুপির এই ঘুরে দাঁড়ানো অপ্রত্যাশিত ছিল এবং বাজারের সামগ্রিক প্রবণতার সম্পূর্ণ বিপরীত।”
শুক্রবারের এই দরবৃদ্ধি থেকে তিনি ধারণা করছেন, আপাতত ডলারের বিপরীতে ৯৫ রুপির আশপাশেই ওঠানামা করতে পারে ভারতীয় মুদ্রার দর।
তবে শুক্রবারের এই দরবৃদ্ধির ধারাবাহিকতা ধরে রাখা রুপির জন্য কঠিন হবে।
সপ্তাহের শুরুতে এশিয়ার অধিকাংশ মুদ্রার দর কমেছে। যুক্তরাষ্ট্রের শেয়ারবাজারে ব্যাপক দরপতনের প্রভাব পড়েছে এ অঞ্চলের মুদ্রাবাজারেও।
কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) খাতে বিপুল ও ক্রমবর্ধমান বিনিয়োগ থেকে পর্যাপ্ত মুনাফা আসবে কি না, তা নিয়ে উদ্বেগের কারণে শুক্রবার যুক্তরাষ্ট্রের প্রযুক্তি কোম্পানিগুলোর শেয়ারের দর ব্যাপকভাবে কমে যায়। একই সময়ে নিরাপদ বিনিয়োগের চাহিদা বাড়ায় দেশটির বন্ডের দাম বেড়ে যায়। এতে প্রায় তিন বছরের মধ্যে মাসিক হিসাবে সবচেয়ে বড় দরবৃদ্ধির পথে রয়েছে বন্ডগুলো।
এআই খাতে অতিরিক্ত বিনিয়োগ নিয়ে উদ্বেগের কারণে শেয়ারবাজারে এই দরপতন ভারতীয় রুপির জন্য মিশ্র পরিস্থিতি তৈরি করেছে। একদিকে এটি বৈশ্বিক বিনিয়োগকারীদের ঝুঁকি নেওয়ার আগ্রহ কমিয়ে দিচ্ছে। অন্যদিকে, প্রযুক্তিনির্ভর কোম্পানিগুলোর শেয়ারে দরপতনের প্রেক্ষাপটে ভারতকে তুলনামূলক নিরাপদ বিনিয়োগের বিকল্প হিসেবে দেখা হচ্ছে। এতে দেশটিতে বিদেশি বিনিয়োগ বাড়তে পারে। শুক্রবার বিদেশি বিনিয়োগকারীরা ভারতীয় শেয়ারবাজারে নিট ক্রেতা ছিলেন।
