Logo
×

Follow Us

প্রচ্ছদ প্রতিবেদন

টানা ৪ মাসে রেমিট্যান্স ৩ বিলিয়ন ডলারের নিচে

Icon

ডেস্ক রিপোর্ট

প্রকাশ: ০১ নভেম্বর ২০২৬, ০৭:৩২ পিএম

টানা ৪ মাসে রেমিট্যান্স ৩ বিলিয়ন ডলারের নিচে

প্রবাসী আয় বাড়লেও টানা চার মাস তিন বিলিয়ন ডলারের নিচে অবস্থান করছে রেমিট্যান্স। সদ্য বিদায়ী অক্টোবর মাসে দেশে ২৮৭ কোটি ৩৬ লাখ ৩০ হাজার ডলার বা ২ দশমিক ৮৭ বিলিয়ন ডলারের রেমিট্যান্স পাঠিয়েছেন প্রবাসীরা। এর মধ্য দিয়ে চলতি ২০২৬-২৭ অর্থবছরের প্রথম চার মাসেই তিন বিলিয়ন ডলারের নিচে থাকল প্রবাসী আয়। 

বাংলাদেশি মুদ্রায় (প্রতি ডলার ১২৩ টাকা হিসাবে) অক্টোবরের এই রেমিট্যান্সের পরিমাণ প্রায় ৩৫ হাজার ৩৪৫ কোটি ৬৫ লাখ টাকা।

রবিবার বাংলাদেশ ব্যাংকের প্রকাশিত হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী, অক্টোবরে আসা রেমিট্যান্স আগের মাস সেপ্টেম্বরের তুলনায় ১০ কোটি ৭৬ লাখ ১০ হাজার ডলার বেশি। গত সেপ্টেম্বরে দেশে এসেছিল ২৭৬ কোটি ৬০ লাখ ২০ হাজার ডলার। তবে মাসিক ব্যবধানে বাড়লেও প্রবাসী আয়ের পরিমাণ তিন বিলিয়ন ডলারের সীমা অতিক্রম করতে পারেনি।

চলতি অর্থবছরের প্রথম মাস জুলাইয়ে দেশে রেমিট্যান্স এসেছিল ২৮৫ কোটি ৮৭ লাখ ৬০ হাজার ডলার। পরের মাস আগস্টে আসে ২৯৬ কোটি ৬৬ লাখ ৮০ হাজার ডলার। সেপ্টেম্বরে তা কমে দাঁড়ায় ২৭৬ কোটি ৬০ লাখ ২০ হাজার ডলারে। অক্টোবরে কিছুটা বাড়লেও তিন বিলিয়ন ডলারের নিচেই রয়েছে প্রবাসী আয়।

অক্টোবরে আসা রেমিট্যান্সের মধ্যে সবচেয়ে বেশি এসেছে বেসরকারি ব্যাংকগুলোর মাধ্যমে। এসব ব্যাংকের মাধ্যমে প্রবাসীরা পাঠিয়েছেন ২১২ কোটি ৭৫ লাখ ২০ হাজার ডলার। রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ৫০ কোটি ৩৩ লাখ ৩০ হাজার ডলার। বিশেষায়িত দুই ব্যাংকের মধ্যে শুধু বাংলাদেশ কৃষি ব্যাংকের মাধ্যমে এসেছে ২৩ কোটি ৭৮ লাখ ৭০ হাজার ডলার। আর বিদেশি ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ৪৯ লাখ ১০ হাজার ডলার।

এদিকে অক্টোবর মাসে আটটি ব্যাংকের মাধ্যমে কোনো রেমিট্যান্স আসেনি। ব্যাংকগুলো হলো—রাষ্ট্রায়ত্ত বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক (বিডিবিএল), বিশেষায়িত রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক, বেসরকারি আইসিবি ইসলামী ব্যাংক ও পদ্মা ব্যাংক। বিদেশি ব্যাংকের মধ্যে রয়েছে ব্যাংক আল-ফালাহ, হাবিব ব্যাংক, ন্যাশনাল ব্যাংক অব পাকিস্তান ও স্টেট ব্যাংক অব ইন্ডিয়া।

এর আগে ২০২৫-২৬ অর্থবছরের পুরো সময়ে দেশে রেমিট্যান্স এসেছিল ৩৫ দশমিক ৫৮ বিলিয়ন ডলার। তার আগের ২০২৪-২৫ অর্থবছরে এর পরিমাণ ছিল ৩০ দশমিক ৩২ বিলিয়ন ডলার। অর্থাৎ গত অর্থবছরে প্রবাসী আয়ের প্রবাহ আগের বছরের তুলনায় উল্লেখযোগ্য পরিমাণে বেড়েছিল।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫