Logo
×

Follow Us

সাক্ষাৎকার

অধ্যাপক আবু আহমেদ

গরিব থাকার মানসিকতা থেকে বেরিয়ে আসতে হবে

Icon

সৈয়দ রাইয়ান আমীর

প্রকাশ: ১৩ নভেম্বর ২০২৬, ১১:০১ এএম

গরিব থাকার মানসিকতা থেকে বেরিয়ে আসতে হবে

অধ্যাপক আবু আহমেদ। ফাইল ছবি

দেশের বিশিষ্ট অর্থনীতিবিদ ও পুঁজিবাজার বিশেষজ্ঞ অধ্যাপক আবু আহমেদ বর্তমানে ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশ (আইসিবি) এবং আইসিবি অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি লিমিটেডের চেয়ারম্যান হিসেবে দায়িত্বরত রয়েছেন। ঢাকা, ইসলামাবাদ ও ইয়র্ক বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষা গ্রহণ শেষে ১৯৭৬ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা শুরু করেন এবং ১৯৯৩ সালে অর্থনীতির অধ্যাপক হিসেবে নিযুক্ত হন তিনি। 

বর্ণাঢ্য কর্মজীবনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের চেয়ারম্যান, সামাজিক বিজ্ঞান অনুষদের ডিনসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। বাংলাদেশ শিল্প ব্যাংক (বর্তমানে বিডিবিএল) ও বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানির পরিচালক ছিলেন তিনি। পুঁজিবাজার ও অর্থনীতি নিয়ে তার গবেষণাধর্মী লেখা নীতি নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে। সম্প্রতি ‘সাম্প্রতিক দেশকাল’-এর সম্পাদকীয় সহযোগী সৈয়দ রাইয়ান আমীরের সঙ্গে দেশের সামষ্টিক অর্থনীতি, স্বল্পোন্নত দেশ (এলডিসি) থেকে উত্তরণ, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ, আইএমএফের নীতি এবং পুঁজিবাজারের সংকট ও সম্ভাবনা নিয়ে খোলামেলা কথা বলেছেন তিনি…

স্বল্পোন্নত দেশের (এলডিসি) তালিকা থেকে বাংলাদেশের উত্তরণ নিয়ে ব্যবসায়ী ও নীতিনির্ধারকদের একাংশের মধ্যে এক ধরনের শঙ্কা দেখা যায়। অনেকেই মনে করেন, এলডিসি থেকে বেরিয়ে গেলে আমরা অনেক সুবিধা হারাব। একজন অর্থনীতিবিদ হিসেবে বিষয়টিকে কীভাবে দেখছেন?

আমরা যদি চিরকাল গরিব থাকতে চাই, তবে এলডিসি তালিকাতেই থেকে যাব। আমাদের দেশের গ্র্যাজুয়েশন বা উত্তরণ আরো আগেই হওয়ার কথা ছিল। ভিয়েতনাম, লাওসসহ যেসব দেশ আমাদের সঙ্গে যাত্রা শুরু করেছিল, তারা অনেক আগেই এগিয়ে গেছে। আমাদের কপাল খারাপ যে, অযোগ্যতা, দুর্নীতি ও ভুল নীতির কারণে আমরা এখনো গরিব রয়ে গেছি। আর এখন এলডিসি হিসেবে থাকাকেই আমরা এক ধরনের ‘বাহাদুরি’ মনে করছি। 

আমি দেখি কিছু চেম্বার নেতা ও ব্যবসায়ী এখনো এলডিসি থাকতে চান। এটা তো কোনো বাহাদুরির বিষয় নয়, বরং এটি একটি কলঙ্ক। আমরা স্বাধীন দেশের নাগরিক, কেন আমরা অনন্তকাল ধরে স্বল্পোন্নত দেশ হয়ে থাকব? বিশ্বায়নের এই যুগে অন্য দেশগুলো অনেকদূর এগিয়ে গেছে। আমাদের সমসাময়িক দেশগুলো ১০ থেকে ১৪টি পর্যন্ত মুক্ত বাণিজ্য চুক্তি (এফটিএ) করে ফেলেছে। আর আমরা কয়টা করতে পেরেছি? আমরা চেষ্টাটাই করিনি। আমরা এলডিসি হিসেবে ইউরোপীয় ইউনিয়ন যে সুবিধা দিচ্ছে বা সার্কের আওতায় যে সুবিধা পাচ্ছি, তা নিয়েই সন্তুষ্ট ছিলাম। এলডিসি থেকে গ্র্যাজুয়েশন হলে আন্তর্জাতিক পরিমণ্ডলে আমাদের মান ও সম্মান বাড়ত। আমরা উদীয়মান অর্থনীতির দেশের ক্লাবে প্রবেশ করতে পারতাম। 

আমাদের শেয়ারবাজার তখন ফ্রন্টিয়ার মার্কেট থেকে ইমার্জিং মার্কেটে উন্নীত হতো। যারা এলডিসিতেই থেকে যেতে চান, তাদের মূল উদ্দেশ্য হলো গরিব হিসেবে পাওয়া সুবিধাগুলো ভোগ করা। কিন্তু আমি মনে করি, এই গরিব থাকার মানসিকতা থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। 

অবকাঠামো উন্নয়ন ও বিদেশি বিনিয়োগ আকর্ষণে আমাদের ব্যবস্থাপনাগত দুর্বলতা নিয়ে প্রায়ই আলোচনা হয়। এ ক্ষেত্রে আপনার পর্যবেক্ষণ কী?

নীতিগত ভুলগুলোর কারণেই আমরা পিছিয়ে আছি। উদাহরণস্বরূপ, ঢাকা বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল নির্মাণের কথা বলা যায়। এটি ৯ মাস বা এক বছর আগে বিদেশিদের হাতে ব্যবস্থাপনার জন্য ছেড়ে দেওয়া উচিত ছিল, তাহলে আমাদের খরচ অনেক কমত। জাপানিদের কাজ দেওয়া হলেও তাদের শর্তগুলো বেশ কঠিন। তা ছাড়া দরপত্রের মাধ্যমে স্বচ্ছ প্রক্রিয়ায় এটি দেওয়া উচিত ছিল, কিন্তু অনেক ক্ষেত্রেই আমরা দেরি করে ফেলেছি। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দিকে তাকান, তিন ঘণ্টার পথ পাড়ি দিতে এখন ছয় ঘণ্টা সময় লাগে। আমরা সেখানে একটি এক্সপ্রেসওয়ের কথা অনেক আগে থেকেই শুনে আসছি, এটি তো অগ্রাধিকার ভিত্তিতে করা উচিত ছিল। 

বিদেশি কোনো প্রতিষ্ঠান যদি আমাদের এখানে টোল শেয়ারিংয়ের ভিত্তিতে বিনিয়োগ করতে চায়, তবে তাদের স্বাগত জানানো উচিত। মানুষ দ্রুত যাতায়াতের জন্য টাকা দিতে রাজি আছে।

আমাদের বিমানবন্দরগুলোতে লাগেজের জন্য যাত্রীদের ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে হয়। ৫৫ বছর ধরে যারা রাষ্ট্র ক্ষমতায় ছিলেন বা দায়িত্বে ছিলেন, তারা কি অনুধাবন করেননি যে আমাদের দ্বারা বিমানের গ্রাউন্ড হ্যান্ডলিং হচ্ছে না? এটি বিদেশি কোনো পেশাদার কোম্পানির হাতে ছেড়ে দেওয়া উচিত। শুধু বিমানবন্দর নয়, পর্যটন খাতেও আমাদের একই অবস্থা। 

বিদেশি পর্যটকরা ততক্ষণ পর্যন্ত আসবে না, যতক্ষণ না আমরা তাদের আন্তর্জাতিক মানের সেবা দিতে পারব। কক্সবাজার বিমানবন্দরের ব্যবস্থাপনা বিদেশি কোম্পানির হাতে দেওয়া উচিত। সমুদ্রসৈকতের কিছু অংশ যদি তাদের ব্যবস্থাপনায় ছেড়ে দেওয়া হয়, তবে তারা বিদেশি পর্যটক নিয়ে আসবে এবং সরকার সেখান থেকে বিপুল পরিমাণ রাজস্ব ও রয়্যালটি পাবে। থাইল্যান্ড পর্যটনের ওপর ভর করেই তাদের অর্থনীতিকে দাঁড় করিয়েছে। কিন্তু আমরা দেশের সম্পদগুলোকে সঠিকভাবে কাজে লাগাতে পারছি না। আমরা বিদেশিদের হাতে দিচ্ছি না দেশপ্রেমের কথা বলে, আবার নিজেরা করছি না অলসতা আর সততার কারণে। ক্ষতি শেষ পর্যন্ত হচ্ছে দেশের।

দেশের বর্তমান সামষ্টিক অর্থনীতি, বিশেষ করে মূল্যস্ফীতি এবং প্রবৃদ্ধির যে সংকট চলছে, তা থেকে উত্তরণের উপায় কী বলে আপনি মনে করেন?

অর্থনীতির একটি সহজ সমীকরণ হলো, আমাদের অর্থনৈতিক প্রবৃদ্ধি যদি ৫ শতাংশের নিচে নেমে যায়, তবে দেশে বেকারত্ব ও মূল্যস্ফীতি দুটিই মারাত্মক আকার ধারণ করবে। সরকার বর্তমানে ঋণগ্রস্ত এবং সরকারের ব্যয়ের একটি বিশাল অংশ চলে যাচ্ছে দেশি-বিদেশি ঋণের সুদ পরিশোধ করতে। পাবলিক এক্সপেন্ডিচারের মধ্যে এক নম্বর খাত হয়ে দাঁড়িয়েছে এই সুদ পরিশোধ। ফলে বাংলাদেশের ওপর ঋণের বোঝার চাপ ক্রমে বাড়ছে।

এই অন্ধকার অবস্থা থেকে উজ্জীবিত হওয়ার একটাই পথ—সুদের হার কমানো এবং সরকারি সম্পদ বা শেয়ার বিক্রি করে দেওয়া। যেসব জায়গায় বিদেশি বিনিয়োগকারীদের আগ্রহ রয়েছে, তাদের জন্য জায়গা করে দেওয়া এবং পাবলিক-প্রাইভেট পার্টনারশিপে (পিপিপি) জোর দেওয়া। বর্তমানে বেসরকারি খাতে বিনিয়োগের চাহিদা মাত্র ৩ শতাংশের কাছাকাছি। 

ট্যাক্স বা কর ব্যবস্থাকে যৌক্তিক পর্যায়ে নামিয়ে আনতে হবে। মূল্য সংযোজন কর (ভ্যাট) মূলত লেনদেনের ওপর নির্ভর করে। যদি অর্থনীতিতে স্থবিরতা থাকে, বিনিয়োগ না থাকে, তবে লেনদেন তো কমবেই। অর্থনীতিকে সচল করতে হলে সুদের হার কমাতে হবে, ট্যাক্স যৌক্তিক করতে হবে এবং শিল্প খাতে নিরবচ্ছিন্ন গ্যাস ও বিদ্যুৎ সরবরাহের নিশ্চয়তা দিতে হবে। 

আইএমএফের পরামর্শে সরকার ধারাবাহিকভাবে সুদহার বাড়িয়েছে। আইএমএফ কি মনে করে সুদহার বাড়ালে মূল্যস্ফীতি কমবে? একজন অর্থনীতিবিদ হিসেবে এই নীতিকে আপনি কতটা কার্যকর মনে করেন?

আমি এই নীতির সঙ্গে পুরোপুরি দ্বিমত পোষণ করি। আইএমএফ পৃথিবীর সব জায়গায় গিয়ে মূলত দুটি কথাই বলে—কৃষি ও অন্যান্য খাত থেকে ভর্তুকি প্রত্যাহার করো এবং ট্যাক্স ও সুদের হার বাড়াও। তারা মূলত নিওক্ল্যাসিক্যাল মনিটরি ইকোনমিকস বা আর্থিক অর্থনীতির তত্ত্বে বিশ্বাসী। কিন্তু আমি মনে করি, আমাদের অর্থনীতিতে কেইনসিয়ান ইকোনমিকস (Keynesian Economics) অনুসরণ করা উচিত। কেইনসিয়ান তত্ত্বে বলা হয়, রাষ্ট্র যদি বাজারে অর্থ সরবরাহ বা বিনিয়োগ বাড়ায় এবং সুদের হার কমিয়ে দেয়, তবে উৎপাদন বা সাপ্লাই সাইড শক্তিশালী হবে। বাজারে পণ্য ও সেবার সরবরাহ বাড়লে মূল্যস্ফীতি এমনিতেই কমে আসবে।

সুদের হার বাড়িয়ে বিনিয়োগের গলা টিপে ধরলে পুরো অর্থনীতি শুকিয়ে যাবে। মানুষের হাতে কাজ থাকবে না, তারা আরো গরিব হবে। বর্তমানে পলিসি রেট বা রেপো রেট অনেক বাড়ানো হয়েছে। আমি মনে করি, এটি দ্রুত কমিয়ে আনা উচিত। সুদের হার যদি ১৫ শতাংশ হয়, তবে কোনো ব্যবসায়ী ব্যবসা করে লাভের মুখ দেখতে পারবেন না, কারণ তাদের উৎপাদন খরচ বা ‘কস্ট অব প্রোডাকশন’ অনেক বেড়ে যাবে। ফলে তারা আন্তর্জাতিক বা স্থানীয় বাজারে প্রতিযোগিতায় টিকতে পারবেন না। প্রবৃদ্ধি যদি পেছনের দিকে যায় আর মূল্যস্ফীতি সামনের দিকে থাকে, তবে মানুষের ক্রয়ক্ষমতা শূন্যের কোঠায় নেমে আসবে। আর গরিব মানুষকে শোষণ করা এবং বিভক্ত করা খুব সহজ। তাদের ধর্মের নামে, দলের নামে বা চেতনার নামে সহজেই বিভক্ত করে রাখা হয়। অর্থনীতিকে বাঁচাতে হলে আমাদের নিজস্ব উদ্যোগে হাই-গ্রোথ বা উচ্চ প্রবৃদ্ধির দিকে যেতে হবে। 

পুঁজিবাজার বিশেষজ্ঞ এবং আইসিবির চেয়ারম্যান হিসেবে বর্তমান শেয়ারবাজারের পরিস্থিতিকে কীভাবে মূল্যায়ন করবেন? লাভজনক বহুজাতিক ও সরকারি কোম্পানিগুলো কেন বাজারে আসছে না?

আমাদের দেশের শিক্ষিত আমলা ও নীতিনির্ধারকদের একটি বড় অংশ পুঁজিবাজারের গুরুত্ব বোঝেন না। তারা সচিব, গভর্নর বা মন্ত্রী হয়েছেন, কিন্তু শেয়ারবাজারের গভীরে গিয়ে সমস্যাগুলো সমাধানের চেষ্টা করেননি। আমাদের শেয়ারবাজারে ইউনিলিভারের মতো বড় কোম্পানি পুরোপুরি তালিকাভুক্ত নয়। গ্ল্যাক্সোস্মিথক্লাইন চলে যাওয়ার পর তাদের যে অংশটুকু ইউনিলিভার কিনেছে, শুধু সেটুকুই বাজারে আছে। অথচ পাশের দেশ ভারতে ইউনিলিভার শীর্ষ ১০টি কোম্পানির একটি। 

আপনি নেসলের কথা চিন্তা করেন। আমরা সারা দিন নেসলের কফি, নুডলস খাচ্ছি, তারা হাজার হাজার কোটি টাকা মুনাফা করে বিদেশে নিয়ে যাচ্ছে, এতে আমার কোনো আপত্তি নেই। কিন্তু এই দেশের জনগণকে কেন তারা তাদের কোম্পানির মালিকানার অংশীদার করবে না? মেটলাইফের মতো বড় বীমা কোম্পানিগুলো প্রতিদিন মানুষের কাছ থেকে প্রিমিয়াম নিচ্ছে, কিন্তু তারা শেয়ারবাজারে নেই।

সরকারি খাতের অবস্থাও একই রকম। সরকারি অনেক লাভজনক প্রতিষ্ঠান অলস পড়ে আছে। যমুনা ব্রিজের মতো বড় স্থাপনাকে আমরা চাইলেই ‘অ্যাসেট সিকিউরিটাইজেশন’-এর মাধ্যমে শেয়ারবাজারে আনতে পারি। এর মাধ্যমে বন্ড বা সুকুক ছেড়ে জনগণের কাছ থেকে সাত-আট হাজার কোটি টাকা সহজেই সংগ্রহ করা সম্ভব। আইসিবি থেকে আমরা প্রস্তাব দিয়েছি। 

সরকার যদি শুধু সার্বভৌম বন্ড ছাড়ে, তবে তার খরচ অনেক বেশি পড়বে। আমাদের সরকারি কোম্পানিগুলোর এমডি, সিইও বা আমলারা চান না কোম্পানিগুলো বাজারে আসুক। কারণ বাজারে এলে স্বচ্ছতা ও জবাবদিহির মধ্যে পড়তে হবে। অথচ এসব কোম্পানি শেয়ারবাজারে এলে একদিকে পুঁজিবাজার শক্তিশালী হতো, অন্যদিকে সাধারণ মানুষও লাভবান হতো। 

এই কোম্পানিগুলোকে পুঁজিবাজারে আনতে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) ভূমিকা কী হওয়া উচিত বলে আপনি মনে করেন?

আমি মনে করি কর কাঠামোর যৌক্তিকীকরণ অত্যন্ত জরুরি। বহুজাতিক বা বড় কোম্পানিগুলোকে শেয়ারবাজারে আনতে হলে তাদের নীতিগত সুবিধা বা ইনসেনটিভ দিতে হবে। আমি এনবিআরকে বলেছিলাম, করপোরেট ট্যাক্সের ক্ষেত্রে তালিকাভুক্ত ও অতালিকাভুক্ত কোম্পানির মধ্যে করের পার্থক্য অন্তত ১০ শতাংশ করার জন্য। একসময় এটি ১০ শতাংশ ছিল। 

গ্রামীণফোন যখন শেয়ারবাজারে তালিকাভুক্ত হয়, তখন এই ১০ শতাংশ কর রেয়াতের কারণেই তারা এসেছিল। কিন্তু পরে এনবিআর সেই সুবিধা ধীরে ধীরে তুলে নেয়। আপনি যদি কোম্পানিগুলোকে সুবিধা না দেন, তবে তারা কেন বাজারে আসবে? এনবিআরকে বুঝতে হবে, পুঁজিবাজার বড় হলে দিন শেষে সরকারেরই রাজস্ব আয় বাড়বে। 

দেশের রিজার্ভের ওপর বর্তমানে বেশ চাপ রয়েছে। এই পরিস্থিতি মোকাবিলায় প্রবাসীদের পাঠানো রেমিট্যান্সের প্রবাহ ঠিক রাখতে কী ধরনের পদক্ষেপ নেওয়া প্রয়োজন?

আজকে বাংলাদেশের রিজার্ভ যদি ১৬ বিলিয়ন ডলারের নিচে নেমে যায়, তবে আইএমএফ আমাদের কোনো টাকা দেবে না। আমাদের এই রিজার্ভের ভিত্তি তৈরি করে দিয়েছেন মূলত প্রবাসীরা বা রেমিট্যান্স-যোদ্ধারা। তারা কষ্ট করে যে ৩৬ বিলিয়ন ডলারের রিজার্ভ গড়ে তুলেছিলেন, তার ওপর ভর করেই আমরা টিকে আছি। তাই প্রবাসীদের পাঠানো অর্থের ওপর যদি সরকার ২-৩ শতাংশ প্রণোদনা দেয়, তবে সেটা তাদের প্রাপ্য। এই প্রণোদনাটুকু তাদের অধিকার, এটা কোনো দয়া নয়। আমাদের উচিত তাদের আরো বেশি উৎসাহিত করা এবং তাদের জন্য বিনিয়োগের নতুন ও নিরাপদ ক্ষেত্র তৈরি করে দেওয়া। 

সময় দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। 

আপনাকে ও ‘সাম্প্রতিক দেশকাল’-এর পাঠকদেরও ধন্যবাদ।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫