Logo
×

Follow Us

হলিউড

অ্যান হ্যাথাওয়ে

‘অপছন্দের তারকা’ থেকে ভালোবাসার রানি

Icon

আহমেদ রবিন

প্রকাশ: ১৪ নভেম্বর ২০২৬, ১১:০২ এএম

‘অপছন্দের তারকা’ থেকে ভালোবাসার রানি

অ্যান জ্যাকলিন হ্যাথাওয়ের। ছবি: সংগৃহীত

একসময় ইন্টারনেটে তাকে নিয়ে চলেছে বিদ্রুপ, তৈরি হয়েছিল অপছন্দের এক অদ্ভুত সংস্কৃতি। অস্কারজয়ী অভিনেত্রী হয়েও হারাতে বসেছিলেন কাজের সুযোগ। অথচ আজ সেই অ্যান হ্যাথাওয়েকে ঘিরেই চারদিকে নতুন করে মুগ্ধতা। 

১৯৮২ সালের ১২ নভেম্বর যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের ব্রুকলিনে জন্ম অ্যান জ্যাকলিন হ্যাথাওয়ের। অভিনয়ের শুরু মঞ্চনাটক দিয়ে। তবে বিশ্বজুড়ে পরিচিতি আসে ২০০১ সালে ডিজনির ‘দ্য প্রিন্সেস ডায়েরিজ’ সিনেমায় মিয়া থার্মোপলিস চরিত্রে অভিনয়ের মাধ্যমে। এরপর ২০০৬ সালে ‘দ্য ডেভিল ওয়্যারস প্রাডা’ সিনেমায় অ্যান্ডি স্যাকস চরিত্রে অভিনয় তাকে নিয়ে যায় অন্য উচ্চতায়। পরে ‘দ্য ডার্ক নাইট রাইজেস’ ও ‘ইন্টারস্টেলার’ এর মতো সিনেমায় ভিন্নধর্মী চরিত্রে অভিনয় করে নিজেকে আরো সমৃদ্ধ করেছেন।

অ্যানের অভিনয়ের সবচেয়ে বড় স্বীকৃতি আসে ‘লে মিজারেবল’ সিনেমায় ফঁতিন চরিত্রে অভিনয়ের জন্য। ২০১৩ সালে সেরা পার্শ্ব অভিনেত্রী বিভাগে অস্কার জেতেন তিনি। কিন্তু সেই আনন্দের সময়েই শুরু হয় অদ্ভুত এক অধ্যায়। অস্কার জয়ের পর ইন্টারনেটে তাকে নিয়ে ব্যাপক বিদ্রুপ শুরু হয়। তার হাসি, কথা বলার ধরন, পুরস্কার গ্রহণের বক্তব্য—সবকিছুই হয়ে ওঠে সমালোচনার বিষয়। ‘ভ্যানিটি ফেয়ার’কে দেওয়া এক সাক্ষাৎকারে অ্যান জানান, অনলাইনে তার পরিচিতি এতটাই নেতিবাচক হয়ে উঠেছিল যে অনেক নির্মাতা তাকে সিনেমায় নিতে চাইতেন না।

সেই দুঃসময়ে পাশে দাঁড়ান পরিচালক ক্রিস্টোফার নোলান। ‘দ্য ডার্ক নাইট রাইজেস’ এরপর ‘ইন্টারস্টেলার’ সিনেমায় তাকে গুরুত্বপূর্ণ চরিত্রে সুযোগ দেন। অ্যানের ভাষায়, নোলান না থাকলে তার ক্যারিয়ারের গতি হয়তো থমকে যেতে পারত। সাম্প্রতিক ‘মাদার মেরি’ সিনেমায় আরেক পরীক্ষা দিয়েছেন অ্যান। 

পপ তারকার চরিত্রে অভিনয়ের জন্য গান গাওয়া ও নাচ শেখার প্রয়োজন ছিল। কয়েক মাস প্রশিক্ষণ নিয়ে নিজেকে তৈরি করেন, এমনকি শুটিং শেষ হওয়ার পরও গানের চর্চা চালিয়ে যান। এখনো কাজের প্রতি সেই আগ্রহ হারাননি অ্যান। ২০২৬ সালে ‘দ্য ডেভিল ওয়্যারস প্রাডা ২’ মুক্তি পেয়েছে। ‘প্রিন্সেস ডায়েরিজ-৩’সহ একাধিক সিনেমা নিয়ে ব্যস্ত তিনি। 

নোলানের সঙ্গে তৃতীয়বার কাজ করাকেও দেখছেন বিরল সৌভাগ্য হিসেবে। পরিচালকও মনে করেন, সময়ের সঙ্গে তার অভিনয়ে এসেছে পরিণত স্থিরতা। দীর্ঘ ক্যারিয়ারের পরও নতুন চরিত্র ও চ্যালেঞ্জের প্রতি তার কৌতূহল অটুট।

পর্দার বাইরেও জীবন নিয়ে তৃপ্ত অ্যান। স্বামী অ্যাডাম শুলম্যান ও দুই সন্তানকে নিয়ে সময় কাটানো, নিজের পছন্দের শহর নিউইয়র্কে বসবাস—সবকিছুই উপভোগ করছেন। অতীতের বিদ্রুপ তাকে শিখিয়েছে নিজের প্রতি কোমল হতে, অন্যদের প্রতিও আরো সহানুভূতিশীল হতে। ভবিষ্যতে অভিনয়-জীবন কোথায় যাবে, তা নিয়ে নিশ্চয়তা নেই তার। তবে ৫০, ৬০ কিংবা ৮০ বছর বয়সেও অভিনেত্রী হিসেবে নিজেকে আবিষ্কারের ইচ্ছা আছে। অ্যান হ্যাথাওয়ের গল্প তাই শুধু তারকাখ্যাতি ফিরে পাওয়ার নয়; নিজের ওপর বিশ্বাস রেখে বারবার ঘুরে দাঁড়ানোর গল্পও।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫