হলিউডের বক্স অফিসে এত দিন রাজত্ব করেছে সুপারহিরো, অ্যাকশন আর ফ্যান্টাসির ঝলমলে দুনিয়া। বড় বাজেট, চোখ ধাঁধানো দৃশ্য আর পরিচিত সব চরিত্র দিয়ে দর্শক টানার প্রতিযোগিতায় মেতে থাকে স্টুডিওগুলো। কিন্তু এবার সেই চেনা সমীকরণে দেখা গেল অন্য ছবি।
ডিসি কমিকসের অন্ধকার জগতের জনপ্রিয় চরিত্র ‘ক্লেফেস’কে পেছনে ফেলে বক্স অফিসের শীর্ষে উঠে এসেছে একটি ডকুমেন্টারি! নাম ‘ইউ ক্যান সি এভরিথিং’। আরো বিস্ময়কর, মুক্তির তৃতীয় সপ্তাহে এসে এমন কীর্তি গড়েছে ছবিটি। আর এতেই একটা আলোচনা সামনে এসেছে। হলিউডের দর্শক কি তবে নতুন গল্পের খোঁজে?
হ্যালোইন সপ্তাহান্তে যুক্তরাষ্ট্রের বক্স অফিসে প্রথম স্থান নিয়ে লড়াইয়ে নামে এ২৪-এর এলিজাবেথ হোমসকে নিয়ে নির্মিত তথ্যচিত্র ‘ইউ ক্যান সি এভরিথিং’ এবং ডিসির ‘ক্লেফেস’। ৩০ অক্টোবর থেকে ১ নভেম্বর পর্যন্ত তিন দিনে দুই ছবির আয়ের ব্যবধান ছিল সামান্য। স্টুডিওর প্রাথমিক হিসাব অনুযায়ী, ১০.৬ মিলিয়ন ডলার আয় করে এগিয়ে ছিল ডকুমেন্টারিটি। ‘ক্লেফেস’-এর আয় ১০.৪ মিলিয়ন ডলার। ব্যবধান মাত্র দুই লাখ ডলার। পরে চূড়ান্ত হিসাবেও শীর্ষস্থান ধরে রাখে ‘ইউ ক্যান সি এভরিথিং’।
সাফল্যটি শুধু প্রথম স্থান পাওয়ার কারণে নয়, এর পেছনের গল্পটাও চমকপ্রদ। তৃতীয় সপ্তাহে এসে ডকুমেন্টারিটি প্রদর্শিত হয়েছে তিন হাজার ২৪২টি প্রেক্ষাগৃহে। অন্যদিকে দ্বিতীয় সপ্তাহে ‘ক্লেফেস’ চলেছে তিন হাজার ৪৭৮টি প্রেক্ষাগৃহে। অর্থাৎ তুলনামূলক কম প্রেক্ষাগৃহে প্রদর্শিত হয়েও প্রায় সমান আয় করেছে তথ্যচিত্রটি। তিন ঘণ্টার কাছাকাছি দৈর্ঘ্যরে একটি ডকুমেন্টারির জন্য এমন সাফল্য বিরল। রেন্ট্রাকের মার্কেটপ্লেস ট্রেন্ডস বিভাগের প্রধান পল ডারগারাবেডিয়ানের কথায়, যেকোনো ছবির জন্য মুক্তির তৃতীয় সপ্তাহে বক্স অফিসের শীর্ষে ওঠা বিরল ঘটনা। তিন ঘণ্টার বেশি দৈর্ঘ্যরে তথ্যচিত্র হলে তা আরো বিস্ময়কর।
ছোট বাজেট, বড় চমক
‘ইউ ক্যান সি এভরিথিং’ নির্মাণে ব্যয় হয়েছে মাত্র সাত মিলিয়ন ডলার। অথচ উত্তর আমেরিকায় ছবিটির আয় এরই মধ্যে ৬৩.৮৮ মিলিয়ন ডলার। আন্তর্জাতিক বাজারে তখনো মুক্তি পায়নি এটি। ইতিবাচক মুখে মুখে প্রচারণা, দর্শকের আগ্রহ এবং একই ছবি আবারও দেখতে প্রেক্ষাগৃহে ফেরার প্রবণতা—সব মিলিয়ে ছবিটি হয়ে উঠেছে চলতি শরতের অন্যতম বড় চমক। কয়েক দশকের মধ্যে অন্যতম সফল তথ্যচিত্র হওয়ার সম্ভাবনাও দেখছেন সংশ্লিষ্টরা। অন্যদিকে ‘ক্লেফেস’ ব্যাটম্যানের জগতের এক ভিলেনের উৎসকাহিনি। প্রচলিত সুপারহিরো অ্যাডভেঞ্চারের বদলে এতে প্রাধান্য পেয়েছে ভৌতিক আবহ ও অন্ধকার গল্প। আর-রেটেড ছবিটি নির্মাণে ব্যয় হয়েছে ৪৪ মিলিয়ন ডলার।
উত্তর আমেরিকায় আয় ৪৪.১ মিলিয়ন, বিশ্বব্যাপী ৮৩ মিলিয়ন ডলার। ডিসির সাম্প্রতিক বড় আয়োজন ‘সুপারম্যান’ ও ‘সুপারগার্ল’-এর তুলনায় এর বাজেট অনেক কম। পরিচিত সুপারহিরো নয়, অপেক্ষাকৃত কম পরিচিত চরিত্র নিয়ে কাজ করায় ঝুঁকিও ছিল তুলনামূলক কম।
তবে এই লড়াইয়ের ফল দেখেই দর্শকের রুচি পুরোপুরি বদলে গেছে—এমন সিদ্ধান্তে পৌঁছানোর সুযোগ নেই। এবার হ্যালোইন শনিবার হওয়ায় পরিবার ও শিশুদের বড় অংশ ব্যস্ত ছিল উৎসবের আয়োজনে। নতুন বড় কোনো ছবি মুক্তি না পাওয়ায় বক্স অফিসও ছিল মন্থর। শুক্রবার থেকে রবিবার পর্যন্ত উত্তর আমেরিকার সব সিনেমা মিলিয়ে আয় হয়েছে আনু-মানিক ৬০ মিলিয়ন ডলার। অন্য ছবিগুলোর অবস্থাও খুব স্বস্তিদায়ক নয়।
তৃতীয় সপ্তাহে ‘স্ট্রিট ফাইটার’-এর আয় কমেছে ৬৩ শতাংশ। ১০০ মিলিয়ন ডলারের বাজেটের ‘ওয়াইল্ডউড’ এখন পর্যন্ত বিশ্বব্যাপী আয় করেছে ৩৫ মিলিয়ন ডলার। বিপরীতে কম বাজেটের রোমান্টিক কমেডি ‘উইকার’ দ্বিতীয় সপ্তাহেও দর্শক ধরে রেখেছে।
সব মিলিয়ে হলিউডের বক্স অফিসে নতুন এক প্রশ্নের জন্ম দিয়েছে ‘ইউ ক্যান সি এভরিথিং’। বড় বাজেট, সুপারহিরো কিংবা চোখ ধাঁধানো দৃশ্যের বাইরেও যে দর্শককে হলে টানা সম্ভব, সেই বার্তাই যেন দিয়েছে ছবিটি।
