মুকসুদপুর থানায় আগুন দিল নিষিদ্ধ আ.লীগ
ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১৯ নভেম্বর ২০২৬, ০১:৫১ পিএম
মুকসুদপুর থানায় আগুন দেয় নিষিদ্ধ আ.লীগের নেতা-কর্মীরা। ছবি: সংগৃহীত
গোপালগঞ্জের মুকসুদপুর থানায় হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। এ সময় পুলিশের সরকারি গাড়িসহ বিভিন্ন মামলায় জব্দ করা মোট ১০টি যানবাহনে আগুন দেওয়া হয়।
বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে মুকসুদপুর থানায় এ হামলা ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে।
স্থানীয় একাধিক সাংবাদিকের সঙ্গে কথা বলে জানা গেছে, বুধবার সন্ধ্যার পর থেকেই থানা ভবনে কোনো পুলিশ সদস্য ছিলেন না। এমন পরিস্থিতিতে আজ সকালে লাঠিসোঁটা নিয়ে থানায় হামলা চালান আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
এ সময় তারা থানা ভবনে ব্যাপক ভাঙচুর চালান ও পরে আগুন ধরিয়ে দেন। পাশাপাশি থানায় থাকা পুলিশের সরকারি গাড়ি ও বিভিন্ন মামলায় জব্দ করা যানবাহনেও আগুন দেওয়া হয়। সব মিলিয়ে ১০টি যানবাহনে অগ্নিসংযোগ করা হয়েছে।
এদিকে আওয়ামী লীগের ঘোষিত লকডাউন কর্মসূচিকে কেন্দ্র করে গোপালগঞ্জের বিভিন্ন এলাকায় উত্তেজনাকর পরিস্থিতি বিরাজ করছে। এর মধ্যেই মুকসুদপুর থানায় হামলা ও অগ্নিসংযোগের ঘটনা ঘটল।
স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার সন্ধ্যা থেকেই ঢাকা-খুলনা মহাসড়কে যান চলাচল বন্ধ রয়েছে। আজ সকাল থেকে মহাসড়কের বিভিন্ন স্থানে আওয়ামী লীগ নেতাকর্মীদের লাঠিসোঁটা ও দেশীয় অস্ত্র নিয়ে অবস্থান করতে দেখা গেছে।
