Logo
×

Follow Us

গ্রামের কথা

পঞ্চগড়ে শীতের দাপট, তাপমাত্রা নামলো ১২.৫ ডিগ্রিতে

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৯ নভেম্বর ২০২৬, ১০:১৯ এএম

পঞ্চগড়ে শীতের দাপট, তাপমাত্রা নামলো ১২.৫ ডিগ্রিতে

পঞ্চগড়ে ভোরবেলা থেকে পড়ছে ঘন কুয়াশা। ছবি: সংগৃহীত

উত্তরের জেলা পঞ্চগড়ে মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। একদিনের ব্যবধানে জেলার তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা কমেছে ৩ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস।

বৃহস্পতিবার সকালে তাপমাত্রা নেমে এসেছে ১২ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াসে। এতে উত্তরের হিমেল বাতাসে বাড়ছে শীতের অনুভূতি। 

তবে সকালেই সূর্যের দেখা মেলায় কিছুটা স্বস্তি ফিরেছে জনজীবনে।

আবহাওয়া অধিদপ্তর জানায়, আজ সকাল ৬টায় পঞ্চগড়ের তেঁতুলিয়া প্রথম শ্রেণির আবহাওয়া পর্যবেক্ষণাগারে সর্বনিম্ন তাপমাত্রা ১২ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়। এ সময় বাতাসের আর্দ্রতা ছিল ৯৮ শতাংশ। 

এর আগে বুধবার সকাল ৯টায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল ১৫ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। অর্থাৎ একদিনের ব্যবধানে তাপমাত্রা কমেছে ৩ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস।

এদিকে হিমালয় পর্বতমালার কাছাকাছি অবস্থানের কারণে উত্তর দিক থেকে বয়ে আসা হিমেল বাতাসে শীতের প্রভাব বেশি অনুভূত হচ্ছে পঞ্চগড়ে। রাত থেকে সকাল পর্যন্ত হালকা কুয়াশায় ঢেকে থাকছে সড়ক-মহাসড়ক। কুয়াশার কারণে বিভিন্ন সড়কে যানবাহনগুলোকে হেডলাইট জ্বালিয়ে চলাচল করতে দেখা যাচ্ছে।

অন্যদিকে, শীতের তীব্রতা বাড়ায় সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছেন নিম্ন আয়ের ও খেটে খাওয়া মানুষ। বিশেষ করে ভোরে কাজের সন্ধানে বের হওয়া শ্রমজীবীদের দুর্ভোগ বেড়েছে। অনেকে শীতের কারণে সময়মতো কাজে যেতে পারছেন না। গ্রামীণ জনপদে শীত নিবারণে কেউ গরম কাপড় জড়িয়ে, আবার কেউ খড়কুটো জ্বালিয়ে আগুন পোহাচ্ছেন।

এ ছাড়া ঠান্ডা বাড়ার সঙ্গে সঙ্গে শিশু ও বয়স্কদের মধ্যে শীতজনিত রোগের ঝুঁকি বাড়ছে। সর্দি, কাশি ও জ্বরসহ বিভিন্ন ঠান্ডাজনিত সমস্যায় আক্রান্ত হচ্ছেন অনেকে। স্থানীয় হাসপাতালগুলোতেও রোগীর চাপ বাড়ছে বলে জানা গেছে।

তেঁতুলিয়া প্রথম শ্রেণির আবহাওয়া পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্রনাথ রায় বলেন, “হিমালয়ের কাছাকাছি হওয়ায় উত্তর দিক থেকে প্রবাহিত হিমেল বাতাসের প্রভাবে তেঁতুলিয়ায় তাপমাত্রা আবারও ১২ ডিগ্রির ঘরে নেমেছে। বৃহস্পতিবার সকাল ৬টায় সর্বনিম্ন তাপমাত্রা ১২ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। এ সময় বাতাসের আর্দ্রতা ছিল ৯৮ শতাংশ। সামনের দিনগুলোতে তাপমাত্রা ধীরে ধীরে আরও কমতে পারে।”


Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫