গাজীপুরে শ্রমিক-পুলিশ সংঘর্ষ, আরও ৩৯ কারখানা বন্ধ
গাজীপুর প্রতিনিধি
প্রকাশ: ১৮ নভেম্বর ২০২৬, ০৪:৫৯ পিএম
আন্দোলন চলাকালে পুলিশের একটি গাড়িতে আগুন দেয় শ্রমিকরা। ছবি: সংগৃহীত
গাজীপুরে পোশাকশ্রমিকদের বিক্ষোভকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় পুলিশের একটি গাড়িতে আগুন দেওয়া হয়েছে ও ভাঙচুর করা হয়েছে আরও কয়েকটি যানবাহন। উদ্ভূত পরিস্থিতিতে শিল্পাঞ্চলের আরও ৩৯টি কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, বুধবার গাজীপুর মহানগরের মালেকের বাড়ি এলাকা থেকে সাইনবোর্ড পর্যন্ত সড়ক অবরোধ করেন শ্রমিকেরা। এ সময় পুলিশের সঙ্গে তাদের সংঘর্ষের সূত্রপাত হয়। একপর্যায়ে বিক্ষোভকারীরা পুলিশের একটি গাড়িতে আগুন দেন এবং আরও কয়েকটি যানবাহন ভাঙচুর করেন।
বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা কাদানে গ্যাসের শেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করেন। সংঘর্ষের কারণে সড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়। এতে চরম ভোগান্তিতে পড়েন যাত্রীরা।
এদিকে অস্থিরতার মধ্যে বোর্ডবাজার থেকে চান্দনা চৌরাস্তা পর্যন্ত শিল্পাঞ্চলের গাছা ও বাসন এলাকার অনেক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করে কর্তৃপক্ষ। এসব এলাকার শ্রমিকেরা কাজে যোগ না দিয়ে সড়কে জড়ো হয়ে বিক্ষোভ করেন। এ সময় তারা ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধের চেষ্টা করেন।
খবর পেয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে যান পুলিশ ও বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা। আরও বিশৃঙ্খলা এড়াতে ওই এলাকার আটটি কারখানায় ছুটি ঘোষণা করে কর্তৃপক্ষ।
নতুন করে অস্থিরতা ঠেকাতে মহাসড়কের বিভিন্ন পয়েন্ট ও কারখানার আশপাশে সতর্ক অবস্থানে রয়েছেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। শিল্প পুলিশ ও মহানগর পুলিশের পাশাপাশি ওই এলাকায় ১৩ প্লাটুন বিজিবি, আনসার ও এপিবিএন সদস্য মোতায়েন করা হয়েছে। পরিস্থিতি তদারক করছেন জেলা প্রশাসনের ২৫ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট।
গাজীপুর শিল্পাঞ্চল-২ এর পুলিশ সুপার মোহাম্মদ আমজাদ হোসাইন বলেন, “আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুরো শিল্পাঞ্চলে অতিরিক্ত পুলিশ, বিজিবি ও আনসার সদস্য মোতায়েন করা হয়েছে।”
