গাজীপুরে মহাসড়ক অবরোধ, পুলিশের গাড়িতে আগুন
সাম্প্রতিক দেশকাল ডেস্ক
প্রকাশ: ১৮ নভেম্বর ২০২৬, ১১:৪৪ এএম
পোশাক শ্রমিকরা পুলিশের গাড়িতেও আগুন দিয়েছেন। ছবি: সংগৃহীত
গাজীপুরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের মালেকের বাড়ি, ছয়দানা ও হারিকেন এলাকায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন পোশাকশ্রমিকেরা। এ সময় তারা পুলিশের একটি গাড়িতে অগ্নিসংযোগ করেন।
পরিস্থিতি নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সাউন্ড গ্রেনেড ও টিয়ার শেল নিক্ষেপ করে শ্রমিকদের ছত্রভঙ্গ করে দেয়।
বুধবার (১৮ নভেম্বর) সকাল সাড়ে নয়টার দিকে শ্রমিকেরা জড়ো হয়ে মহাসড়ক বন্ধ করে আন্দোলন শুরু করেন বলে জানিয়েছেন গাজীপুর মহানগর পুলিশের উপপুলিশ কমিশনার এস এম আশরাফুল আলম।
শ্রমিকদের এই আন্দোলনের ফলে মহাসড়কে যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায়। একপর্যায়ে শ্রমিকেরা ডেগেরচালা রোড এলাকায় মহানগর পুলিশের এক কর্মকর্তার গাড়িতে আগুন দেন।
গাজীপুর শিল্প পুলিশ-২ এর পুলিশ সুপার মোহাম্মদ আমজাদ হোসাইন জানান, মালেকের বাড়ি এলাকায় শ্রমিকেরা সড়ক অবরোধ করায় যানবাহন চলাচল বন্ধ রয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তাদের সড়ক থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করছেন।
তিনি আরও জানান, গাজীপুরের অন্যান্য এলাকায় পরিস্থিতি ভালো রয়েছে এবং অনেক কারখানা ইতোমধ্যে উৎপাদনে ফিরেছে।
