পিরোজপুরে বাসে আগুন, প্রাণ গেল ঘুমন্ত হেলপারের
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১৮ নভেম্বর ২০২৬, ০৯:৫৫ এএম
পিরোজপুরের ভাণ্ডারিয়ায় দাঁড়িয়ে থাকা দুটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।
মঙ্গলবার (১৭ নভেম্বর) দিনগত রাত পৌনে চারটার দিকে ভাণ্ডারিয়া বাসস্ট্যান্ডে এ ঘটনা ঘটে। এতে বাসের ভেতর ঘুমিয়ে থাকা সিয়াম (১৭) নামের এক বাসসহায়কের (হেলপার) মৃত্যু হয়েছে। নিহত সিয়ামের বাড়ি বরিশালের উজিরপুরে।
স্থানীয় সূত্রে জানা গেছে, বাসস্ট্যান্ডে দাঁড়িয়ে থাকা ‘বাহক’ ও ‘লিসা’ পরিবহনের দুটি বাসে রাতে অগ্নিসংযোগ করে দুর্বৃত্তরা। এ সময় আগুনে বাসের ভেতরে ঘুমিয়ে থাকা হেলপার সিয়ামের মৃত্যু হয়। পরে আগুন দেখে টহলরত পুলিশ সদস্যরা আশপাশের বাসের ভেতরে ঘুমন্ত ব্যক্তিদের ডেকে সরিয়ে দেন।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন এবং পুড়ে যাওয়া বাস থেকে লাশ উদ্ধার করে থানায় হস্তান্তর করেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, দুর্বৃত্তরা তিনটি মোটরসাইকেলে করে এসে বাস দুটিতে আগুন দিয়ে পালিয়ে যায়।
ভাণ্ডারিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হাসিবুল হাসান এবং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জগলুল হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
জানা গেছে, ‘লিসা’ পরিবহনের বাসটির মালিক ঝালকাঠি জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও আওয়ামী লীগের সভাপতি মো. শাহ আলম সরদার এবং ‘বাহক’ পরিবহনের বাসটির মালিক ঝালকাঠির অমিত পাল।
