Logo
×

Follow Us

গ্রামের কথা

আশুলিয়ায় আন্দোলনে আহত শ্রমিকের চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু

Icon

ডেস্ক রিপোর্ট

প্রকাশ: ১৬ নভেম্বর ২০২৬, ০১:৪৭ পিএম

আশুলিয়ায় আন্দোলনে আহত শ্রমিকের চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু

সাভারের আশুলিয়ায় মজুরি বৃদ্ধির আন্দোলন চলাকালে হামলায় আহত শ্রমিক মো. সেলিম চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। 

সোমবার ভোর চারটার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

মো. সেলিমের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. হাবিবুর রহমান।

পুলিশ জানায়, গত ৪ নভেম্বর বুধবার সন্ধ্যা সাতটার দিকে আশুলিয়ায় শ্রমিক আন্দোলনের সময় কিছু দুষ্কৃতকারীর হামলায় মাথায় গুরুতর আঘাত পান মো. সেলিম। তিনি আশুলিয়ার ট্রেন্ট সুজ লিমিটেড (ফরচুন জিপার) নামের একটি পোশাক কারখানার জুনিয়র অপারেটর ছিলেন।

পরদিন ৫ নভেম্বর (বৃহস্পতিবার) শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, আহত সেলিমকে প্রথমে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে রাত ১০টায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে স্থানান্তর করা হয়। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আনার পর বৃহস্পতিবার ভোর চারটায় তার মস্তিষ্কে জটিল অস্ত্রোপচার সম্পন্ন হয়।

নিহত শ্রমিক মো. সেলিম মাদারীপুর জেলার কালকিনি উপজেলার উত্তর কানাইপুর গ্রামের মো. আবদুর রহিম ও সেলিনা খাতুনের ছেলে। সেলিমের বাবা আবদুর রহিম জানান, তারা বর্তমানে সাভারের সবুজবাগ এলাকায় বসবাস করেন। তার এক মেয়ে ও এক ছেলের মধ্যে সেলিম ছিলেন ছোট।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫