গোপালগঞ্জে এসআইকে কুপিয়ে জখম, বিএনপি নেতার বাড়িতে আগুন
গোপালগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: ১৬ নভেম্বর ২০২৬, ১০:২৫ এএম
রবিবার দিনভর গোপালগঞ্জের বিভিন্ন এলাকায় তাণ্ডব চালায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কর্মীরা। ছবি: সংগৃহীত
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় পুলিশের গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় করা মামলার বাদী উপপরিদর্শক (এসআই) মোসলেম আলীকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা।
রবিবার বিকালে টুঙ্গিপাড়া সরকারি কলেজ রোড এলাকায় এ ঘটনা ঘটে। এ ছাড়া সন্ধ্যায় টুঙ্গিপাড়া পৌর বিএনপির সভাপতি ইমদাদুল হক মোল্লার বাসভবনে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।
পুলিশ সূত্রে জানা যায়, রবিবার বিকালে টুঙ্গিপাড়া সরকারি কলেজ রোড এলাকায় দায়িত্ব পালন করছিলেন এসআই মোসলেম আলী। এ সময় দুর্বৃত্তরা তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে আহত করে। পরে তাকে উদ্ধার করে টুঙ্গিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে তাকে গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
পুলিশ জানায়, ১০ নভেম্বর গোপালগঞ্জে দিনভর সহিংসতা ও ভাঙচুরের ঘটনা ঘটে। ওই দিন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা লগি-বৈঠা, ঢাল-সড়কিসহ দেশীয় অস্ত্র নিয়ে টুঙ্গিপাড়া উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে অবস্থান নেন।
সংঘর্ষের মধ্যে গিমাডাঙ্গা টুঙ্গিপাড়া উচ্চবিদ্যালয়-সংলগ্ন সড়কে পুলিশের একটি গাড়িতে আগুন ধরিয়ে দেন বিক্ষোভকারীরা। ওই ঘটনায় ১৩ নভেম্বর এসআই মোসলেম আলী বাদী হয়ে টুঙ্গিপাড়া থানায় সন্ত্রাসবিরোধী আইনে একটি মামলা করেন। ওই মামলায় ২৪ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও ২ হাজার জনকে আসামি করা হয়।
টুঙ্গিপাড়া থানার ওসি আয়ুব আলী বলেন, ১০ নভেম্বর হামলাকারীরা পুলিশের একটি পিকআপ ভ্যানে ভাঙচুর চালিয়ে আগুন ধরিয়ে দিয়েছিল। ওই ঘটনায় করা মামলার বাদীই হামলার শিকার হলেন।
এদিকে রবিবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে টুঙ্গিপাড়ার পাটগাতী বাজার এলাকায় পৌর বিএনপির সভাপতি ইমদাদুল হক মোল্লার বাসভবনে আগুন দেয় দুর্বৃত্তরা। ওই ভবনের নিচতলায় তার দোকান থেকে মালপত্রও লুট করার ঘটনা ঘটেছে।
এর আগে রবিবার বেলা ১১টা থেকে পৌনে ২টা পর্যন্ত গোপালগঞ্জ শহরের বিভিন্ন সড়কে মিছিল করেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা। এ সময় তাদের অনেকের হাতে লগি-বৈঠা, লাঠিসোঁটা, রামদা, চায়নিজ কুড়াল, টেঁটা, বল্লমসহ দেশীয় অস্ত্র দেখা যায়। এ সময় পুলিশের একটি সাঁজোয়া যান (এপিসি) ও পুলিশ বক্স ভাঙচুর করা হয়।
এ ছাড়া জুলাই স্মৃতিস্তম্ভ ও হাদি চত্বরের নামফলকও ভাঙচুর করেন নিষিদ্ধ দলটির নেতাকর্মীরা।
