Logo
×

Follow Us

গ্রামের কথা

গোপালগঞ্জে বিএনপি নেতাদের বাড়ি-অফিসে হামলা ও অগ্নিসংযোগ

Icon

ডেস্ক রিপোর্ট

প্রকাশ: ১৫ নভেম্বর ২০২৬, ১০:১৩ পিএম

গোপালগঞ্জে বিএনপি নেতাদের বাড়ি-অফিসে হামলা ও অগ্নিসংযোগ

টুঙ্গিপাড়ার গহরডাঙ্গা চৌরঙ্গী এলাকার সাবেক মেম্বার ও বিএনপি সমর্থক মাহমুদ বিশ্বাসের মুদিদোকানে আগুন। ছবি: সংগৃহীত

গোপালগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের বিক্ষোভ থেকে বিএনপি এবং এর সহযোগী সংগঠনের নেতাদের বাড়ি, কার্যালয় ও ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। 

রবিবার বেলা ১১টা থেকে দেড়টা পর্যন্ত গোপালগঞ্জ জেলা শহরে বিক্ষোভ চলে। বিকাল চারটার দিকে টুঙ্গিপাড়ায়ও বিক্ষোভ কর্মসূচি পালিত হয়।

বিক্ষোভকারীদের অনেকের হাতে দা, রামদা, কাতরা ও ফুলকুচিসহ দেশীয় অস্ত্রশস্ত্র এবং লাঠি দেখা গেছে। বিক্ষোভকারীরা জেলা আওয়ামী লীগের কার্যালয়ের তালা খুলে দেন। শহরের লঞ্চঘাট এলাকায় জুলাই স্মৃতিস্তম্ভ ও এফএনএফ সুপার শপের কাচ ভাঙচুর করা হয়।

এ ছাড়া গোপালগঞ্জ সরকারি কলেজের নামফলক ভেঙে ‘সরকারি বঙ্গবন্ধু কলেজ’ লেখা একটি ব্যানার টাঙিয়ে দেওয়া হয়। 

আওয়ামী লীগ সরকারের পতনের পর কলেজটির নাম পরিবর্তন করে গোপালগঞ্জ সরকারি কলেজ রাখা হয়েছিল। একইভাবে গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের হাদি চত্বরের ব্যানার সরিয়ে সেখানে মুক্তিযোদ্ধা চত্বরের ব্যানার লাগানো হয়।

টুঙ্গিপাড়ায় নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের পূর্বঘোষিত বিক্ষোভ কর্মসূচিতে আওয়ামী লীগ, যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগের নেতাকর্মী ও সমর্থকেরা অংশ নেন। সন্ধ্যায় বিক্ষোভ মিছিলের সময় তিন বিএনপি-সমর্থক ব্যবসায়ীর প্রতিষ্ঠানে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে।

বিক্ষোভকারীরা এক যুবদল নেতার কার্যালয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগ করেন বলেও অভিযোগ উঠেছে। স্বেচ্ছাসেবক দল নেতা জসিমের বাড়িতেও ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে।

ঢাকা রেঞ্জের ডিআইজি মোস্তাফিজুর রহমান এক সংবাদ ব্রিফিংয়ে বলেন, ‘গোপালগঞ্জ শহরে পর্যাপ্ত কর্মকর্তা ও সদস্য মোতায়েন থাকায় বিভিন্ন সরকারি ও গুরুত্বপূর্ণ স্থাপনার সুরক্ষায় কাজ করেছি। আগামী দিনে জনগণের নিরাপত্তা ও জানমাল রক্ষায় যা যা করণীয়, তা করবে পুলিশ।’

গোপালগঞ্জের চলমান সার্বিক পরিস্থিতি নিয়ে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) যশোর অঞ্চলের ব্রিগেড কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মাহমুদুল হাসান বলেন, “গোপালগঞ্জ জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, জনগণের জানমাল নিশ্চিত করা ও যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় বিজিবির প্রায় ১৫০ সদস্য মোতায়েন করা হয়েছে।”

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫