Logo
×

Follow Us

গ্রামের কথা

সিডরের ১৯ বছরেও উপকূলে আতঙ্ক কাটেনি

Icon

বরগুনা প্রতিনিধি

প্রকাশ: ১৫ নভেম্বর ২০২৬, ১১:৪৩ এএম

সিডরের ১৯ বছরেও উপকূলে আতঙ্ক কাটেনি

উপকূলের বিস্তীর্ণ অঞ্চলকে ধবংসস্তুপে পরিণত করেছিল সিডর। ছবি: উইকিমিডিয়া

১৯ বছর আগে প্রলয়ঙ্করী ঘূর্ণিঝড় সিডরের সেই ভয়াল রাত কেড়ে নিয়েছিল অসংখ্য মানুষের জীবন ও জীবিকা। সময় ও স্রোতে ক্ষতিগ্রস্ত জনপদ ঘুরে দাঁড়ালেও নতুন করে দুর্যোগের আশঙ্কা এবং ঝুঁকিপূর্ণ বেড়িবাঁধের কারণে উপকূলবাসীর আতঙ্ক আজও কাটেনি।

আজ ১৫ নভেম্বর। প্রলয়ঙ্করী ঘূর্ণিঝড় সিডরের ১৯ বছর পূর্ণ হলো। ২০০৭ সালের এই দিনে উপকূলে আঘাত হানা ভয়াবহ ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাসে তছনছ হয়ে যায় বরগুনার পাথরঘাটাসহ উপকূলীয় অঞ্চল। 

সরকারি হিসাব অনুযায়ী, সিডরে পাথরঘাটায় ৩৪৯ জনসহ বরগুনা জেলায় প্রাণ হারান ১ হাজার ৩৪৫ জন। অসংখ্য মানুষ নিখোঁজ হন। বিধ্বস্ত হয় বসতবাড়ি, শিক্ষাপ্রতিষ্ঠান, রাস্তাঘাট ও ফসলি জমি। মাছ ধরার ট্রলার নিয়ে নদী ও সাগরে থাকা অনেক জেলে আর ফিরে আসেননি।

পাথরঘাটায় সিডরে নিখোঁজ হওয়া ৯১ জন জেলের স্বজনদের কাছে ১৯ বছরেও অপেক্ষার অবসান ঘটেনি। তাদের কেউ ছিলেন পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি, কেউ ছিলেন বৃদ্ধ বাবা-মায়ের শেষ অবলম্বন। নিখোঁজ ব্যক্তিদের মৃত্যুর আনুষ্ঠানিক সনদ না থাকায় অনেক পরিবার জমিজমার মালিকানা ও সরকারি সুযোগ-সুবিধা পাওয়ার ক্ষেত্রেও জটিলতায় পড়েছে। স্বজন হারানোর শোকের পাশাপাশি এসব পরিবারকে প্রতিনিয়ত লড়তে হচ্ছে অর্থনৈতিক সংকটের সঙ্গে।

সিডরে ছেলে হারানো মা আয়েশা বেগম বলেন, “আমার ছেলেসহ ১২ জন জেলেকে নিয়ে একটি ট্রলার নিখোঁজ হয়েছিল। ১৯ বছর হয়ে গেল, আজও তাদের কোনো সন্ধান পাইনি। তারা বেঁচে আছে, নাকি মারা গেছে, কিছুই জানি না। পরিবারের মানুষগুলো এখনো তাদের ফিরে আসার অপেক্ষা করে।”

এদিকে সিডরের ক্ষত পেছনে ফেলে নতুন করে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করলেও নিরাপত্তা নিয়ে স্বস্তিতে নেই পাথরঘাটার নদীতীরবর্তী এলাকার বাসিন্দারা। 

তাদের অভিযোগ, বিভিন্ন স্থানে বেড়িবাঁধ দুর্বল হয়ে পড়েছে। কোথাও নদীভাঙন, কোথাও বাঁধের ক্ষয় ও নিচু অংশ দিয়ে জোয়ারের পানি প্রবেশের আশঙ্কা রয়েছে। বর্তমানে উপজেলায় প্রায় ১৯ কিলোমিটার বেড়িবাঁধ ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। ফলে ঘূর্ণিঝড়ের সংকেত কিংবা অস্বাভাবিক জোয়ারের খবর পেলেই আতঙ্কিত হয়ে পড়েন স্থানীয়রা।

তালতলীর বাসিন্দা আবু তালেব বলেন, “নদীর পানি বাড়লেই আমাদের চিন্তা শুরু হয়। বাঁধ ভেঙে পানি ঢুকলে ঘরবাড়ি, ফসলি জমি নিয়ে কোথায় যাব সেই ভয় থাকে। সিডরে কী হয়েছিল, তা আমরা ভুলিনি। তাই বাঁধের কাজ এমনভাবে করতে হবে, যাতে কয়েক বছর পর আবার ভেঙে না যায়।”

পাথরঘাটা নদীতীরবর্তী বাসিন্দা আব্দুর রশিদ বলেন, “প্রতিবার ঝুঁকিপূর্ণ জায়গায় সাময়িক মেরামত করা হয়। কিন্তু স্থায়ী সমাধান না হলে মানুষের আতঙ্ক দূর হবে না। আমরা চাই, নদীভাঙন এলাকাগুলো চিহ্নিত করে মজবুত বেড়িবাঁধ নির্মাণ করা হোক।”

স্থানীয় জনপ্রতিনিধিদের মতে, উপকূলীয় জনপদের মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে শুধু ঘূর্ণিঝড়ের সময় আশ্রয়কেন্দ্রে নেওয়ার ব্যবস্থা করলেই হবে না, দুর্যোগের আগেই প্রতিরোধমূলক অবকাঠামো শক্তিশালী করতে হবে। বিশেষ করে ঝুঁকিপূর্ণ বেড়িবাঁধগুলো স্থায়ীভাবে সংস্কার করা জরুরি।

এ বিষয়ে বরগুনা পানি উন্নয়ন বোর্ডের প্রধান নির্বাহী প্রকৌশলী আব্দুল হান্নান প্রধান বলেন, “পাথরঘাটায় প্রায় ১৯ কিলোমিটার বেড়িবাঁধ ঝুঁকিপূর্ণ রয়েছে। নদীভাঙনকবলিত ঝুঁকিপূর্ণ এলাকাগুলো আমাদের নজরে রয়েছে। এসব এলাকায় টেকসই বেড়িবাঁধ নির্মাণের পরিকল্পনা রয়েছে। সরকার এ পরিকল্পনা অনুমোদন দিলে প্রয়োজনীয় কাজ বাস্তবায়নের মাধ্যমে উপকূলীয় এলাকার মানুষের জানমাল, বসতবাড়ি ও ফসলি জমি প্রাকৃতিক দুর্যোগের ক্ষয়ক্ষতি থেকে রক্ষা করা সম্ভব হবে।”

সিডরের ১৯ বছর পরও পাথরঘাটার মানুষের কাছে ১৫ নভেম্বর কেবল একটি স্মরণ দিবস নয়, এটি স্বজন হারানোর বেদনা ও নতুন করে সবকিছু হারানোর শঙ্কার নাম। একদিকে ৯১ নিখোঁজ জেলের পরিবারের দীর্ঘ অপেক্ষা, অন্যদিকে ঝুঁকিপূর্ণ বেড়িবাঁধ নিয়ে হাজারো মানুষের উদ্বেগ—সব মিলিয়ে উপকূলের জীবন এখনো নানা অনিশ্চয়তায় ঘেরা। তাই তাদের দাবি, আর কোনো প্রাণহানি কিংবা সর্বস্ব হারানোর অপেক্ষায় না থেকে দ্রুত ঝুঁকিপূর্ণ ১৯ কিলোমিটার বেড়িবাঁধ টেকসইভাবে নির্মাণ ও সংস্কারের উদ্যোগ বাস্তবায়ন করতে হবে।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫