গাজীপুরে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের তিনজন নিহত
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১১ নভেম্বর ২০২৬, ০৫:১৫ পিএম
গাজীপুরের কালিয়াকৈরে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কে পড়ে যাওয়ার পর পেছনের একটি গাড়ির ধাক্কায় একই পরিবারের তিনজন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে স্ত্রী ও শিশু সন্তানও রয়েছে।
বুধবার (১১ নভেম্বর) দুপুরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের সফিপুর উড়ালসেতুতে এ দুর্ঘটনা ঘটে।
তাৎক্ষণিকভাবে নিহতদের পূর্ণাঙ্গ পরিচয় জানা না গেলেও নিহত ব্যক্তির পকেটে জাতীয় পরিচয়পত্র পেয়েছে পুলিশ। জাতীয় পরিচয়পত্রে থাকা ব্যক্তির নাম মামুন হোসেন আশ্রাফ। তার বাড়ি গাজীপুরের কোনাবাড়ী থানার দেওয়ালিয়াবাড়ী এলাকায়।
দুর্ঘটনার খবর পেয়ে নাওজোড় হাইওয়ে পুলিশ ঘটনাস্থল থেকে তিনজনের মরদেহ উদ্ধার করে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, কোনাবাড়ী থেকে একই পরিবারের তিনজন একটি মোটরসাইকেলে করে চন্দ্রার দিকে যাচ্ছিলেন। পথে সফিপুর উড়ালসেতুর ওপর মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কে পড়ে যায়। এ সময় পেছন থেকে আসা একটি অজ্ঞাতনামা গাড়ি তাদের ধাক্কা দিলে ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়।
নাওজোড় হাইওয়ে থানার ওসি মঞ্জুর মোর্শেদ বলেন, ‘দুর্ঘটনাস্থল থেকে তিনজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, নিহত ব্যক্তিরা একই পরিবারের সদস্য। তাদের মধ্যে একজন নারী ও একটি শিশু রয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।’
