Logo
×

Follow Us

গ্রামের কথা

কুবি শিক্ষার্থী ও তার মাকে হত্যায় কবিরাজের মৃত্যুদণ্ড

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১১ নভেম্বর ২০২৬, ০২:২৯ পিএম

কুবি শিক্ষার্থী ও তার মাকে হত্যায় কবিরাজের মৃত্যুদণ্ড

দণ্ডপ্রাপ্ত আসামি মোবারক হোসেন।

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) শিক্ষার্থী সুমাইয়া আফরিন ও তার মা তাহমিনা বেগমকে ধর্ষণ ও হত্যার আলোচিত মামলায় একমাত্র আসামি কবিরাজ মো. মোবারক হোসেনকে দুই রায়ে মৃত্যুদণ্ড এবং তিন লাখ টাকা অর্থদণ্ডের আদেশ দিয়েছেন আদালত।

বুধবার (১১ নভেম্বর) কুমিল্লার জেলা ও দায়রা জজ আদালতের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল ১–এর বিচারক মো. ইয়াসির আরাফাত আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন।

নারী ও শিশু নির্যাতন দমন আইনে সুমাইয়াকে ধর্ষণের পর হত্যার ঘটনায় মৃত্যুদণ্ডের পাশাপাশি দুই লাখ টাকা অর্থদণ্ড এবং তার মা তাহমিনা বেগমকে হত্যার অভিযোগে মৃত্যুদণ্ডের পাশাপাশি এক লাখ টাকা অর্থদণ্ডের আদেশ দেন আদালত। রায় ঘোষণার সময় আদালতে বাদীপক্ষের আইনজীবী সোহেল হোসেন, নিহতের পরিবারের সদস্য ও কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

আদালত সূত্রে জানা যায়, মামলাটিতে মোট ১৩ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করা হয়েছে। দীর্ঘ আড়াই মাসের বিচারিক প্রক্রিয়া শেষে গত ২৭ অক্টোবর মামলার যুক্তিতর্ক সম্পন্ন হয়। পরবর্তীতে আদালত ৫ নভেম্বর রায় ঘোষণার দিন ধার্য করলেও রায় সম্পূর্ণ না হওয়ায় সেদিন রায় ঘোষণা না করে ১১ নভেম্বর নতুন তারিখ নির্ধারণ করা হয়।

মামলার বিবরণ অনুযায়ী, ২০২৫ সালের ৭ সেপ্টেম্বর কুমিল্লা নগরের কালিয়াজুড়ি এলাকার একটি ভাড়া বাসায় সুমাইয়া ও তার মা তাহমিনা বেগমকে হত্যা করা হয়। পরদিন ৮ সেপ্টেম্বর ওই বাসা থেকে তাদের মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় নিহতদের পরিবারের পক্ষ থেকে সুমাইয়ার ভাই তাজুল ইসলাম বাদী হয়ে কুমিল্লা কোতোয়ালি মডেল থানায় হত্যা মামলা করেন। ঘটনার পর অভিযুক্ত মো. মোবারক হোসেনকে গ্রেপ্তার করে পুলিশ। 

পরে ৯ সেপ্টেম্বর কুমিল্লার আদালতে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় দেওয়া স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে তিনি হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করেন।

তদন্তসংশ্লিষ্ট তথ্য অনুযায়ী, ঝাড়ফুঁকের সূত্র ধরে সুমাইয়ার পরিবারের সঙ্গে মোবারকের পরিচয় হয়। হত্যাকাণ্ডের ঘটনার আগে প্রায় এক মাস ধরে তিনি ওই বাসায় যাতায়াত করতেন। স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে তিনি সুমাইয়াকে ধর্ষণ এবং বিষয়টি দেখে ফেলায় তার মাকে হত্যার কথা জানান।

এদিকে সুমাইয়া ও তার মায়ের হত্যাকাণ্ডের পর থেকেই দ্রুত বিচার ও আসামির সর্বোচ্চ শাস্তির দাবিতে সোচ্চার ছিলেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। বিভিন্ন সময়ে তারা মানববন্ধন, বিক্ষোভ ও মোমবাতি প্রজ্বালন কর্মসূচি পালন করেন।

নিহত সুমাইয়ার ভাই তাজুল ইসলাম বলেন, ‘আসামি মোবারক যে ন্যক্কারজনক ঘটনাটি ঘটিয়েছে, সে কারণে আমি আমার মা এবং একমাত্র বোনকে হারিয়েছি। তদন্তে একটু বেশি সময় লেগেছে। কিন্তু তদন্ত শেষে বিজ্ঞ আদালত দ্রুতই রায় ঘোষণা করেছেন। আমি চাই এই রায়ের দ্রুত বাস্তবায়ন হোক।’

আসামিপক্ষের আইনজীবী (রাষ্ট্র নিযুক্ত) আয়েশা বলেন, ‘এখানে যদিও কোনো প্রত্যক্ষদর্শী নেই। আবার যে ভিডিও ফুটেজের কথা বলা হচ্ছে, সেই ভিডিও ফুটেজেও ঠিকমতো বলা হয় নাই। কিছু বিতর্কের জায়গা থাকলেও আইনগত কারণে আমরা সেই জায়গায় পারিনি। ডিএনএ টেস্টে কিছু আলামত পাওয়ায় আর পারা যায়নি।’

নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল ১–এর অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর আব্দুল মোতালেব মজুমদার বলেন, ‘মামলার যুক্তিতর্ক শেষে বিজ্ঞ আদালত আজকে মামলার রায় ঘোষণা দিয়েছেন। রায়ে সুমাইয়াকে ধর্ষণ ও হত্যার দায়ে ফাঁসি ও মৃত্যুদণ্ড এবং তার মাকে হত্যার দায়ে ফাঁসি দিয়েছেন আদালত। আমাদের দাবি, এই রায় যেন দ্রুত কার্যকর করা হয়।’

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫