সাভার-আশুলিয়ায় ফের সংঘর্ষ, অর্ধশতাধিক কারখানা ছুটি
ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১১ নভেম্বর ২০২৬, ০২:১১ পিএম
অপ্রীতিকর ঘটনা এড়াতে বিজিবি মোতায়েন করা হয়েছে। ছবি: সংগৃহীত
ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা করার দাবিতে সাভার ও আশুলিয়ায় পোশাকশ্রমিকদের সঙ্গে পুলিশের দফায় দফায় সংঘর্ষ ও ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ টিয়ার শেল (কাঁদানে গ্যাস) ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করেছে। শ্রমিক অসন্তোষের জেরে কয়েকটি কারখানায় ছুটি ঘোষণা করা হয়েছে।
বুধবার সকাল সাড়ে ৯টা থেকে বেলা ১১টা পর্যন্ত সাভারের হেমায়েতপুর ও আশুলিয়ার জামগড়া এলাকায় এসব ঘটনা ঘটে।
তবে দুপুরে ব্রিফিংয়ে পুলিশ জানিয়েছে, বর্তমানে পরিস্থিতি পুরোপুরি শান্ত রয়েছে এবং একটি তৃতীয় পক্ষ উদ্দেশ্যপ্রণোদিতভাবে শ্রমিকদের মধ্যে ঢুকে অস্থিতিশীলতা তৈরির চেষ্টা করছে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে অধিকাংশ কারখানায় কাজ শুরু হলেও কয়েকটি কারখানায় কর্মবিরতি পালন করে শ্রমিকদের একটি অংশ। বেলা ১১টার দিকে হেমায়েতপুরের পদ্মার মোড়ে জিন্স ম্যানুফ্যাকচারিং লিমিটেডের শ্রমিকেরা বেরিয়ে এসে রূপকথা নামের একটি কারখানায় ভাঙচুর চালান। পরে তারা হেমায়েতপুর-সিংগাইর সড়ক অবরোধের চেষ্টা করেন।
এর আগে সকাল সাড়ে ৯টায় আশুলিয়ার জামগড়ায় বাইপাইল-আবদুল্লাহপুর সড়ক আটকে ইটপাটকেল ছুড়লে পুলিশ কাঁদানে গ্যাসের শেল ও সাউন্ড গ্রেনেড ছুড়ে তাদের ছত্রভঙ্গ করে দেয়। এ ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছেন।
বুধবার দুপুরের দিকে সাভারের শ্রমিক বিক্ষোভ নিয়ে সাংবাদিকদের সঙ্গে ব্রিফিং করেন ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম, অপস্ ও ট্রাফিক উত্তর) মো. জাহাঙ্গীর আলম।
তিনি বলেন, “সকাল থেকে পরিস্থিতি ভালো ছিল। মাঝখানে দুই-একটি কারখানায় বহিরাগতরা অশান্ত পরিবেশ তৈরির চেষ্টা করে। প্রকৃতপক্ষে তারা শ্রমিক কি না সে বিষয়ে নিশ্চিত তথ্য পাওয়া যায়নি। তবে পুলিশ দ্রুত পদক্ষেপ নিয়ে তাদের ছত্রভঙ্গ করে দেওয়ায় বর্তমানে পরিবেশ শান্ত রয়েছে।”
পরিস্থিতি অস্থিতিশীল হওয়ার কারণ সম্পর্কে অতিরিক্ত পুলিশ সুপার বলেন, “এখানে মূলত শ্রমিক আন্দোলনের যে বিষয়বস্তু ছিল, তা হলো মজুরি বোর্ড গঠন। ইতিমধ্যে মজুরি বোর্ড গঠন করা হয়েছে। তাদের বলা হয়েছে, খুব শিগগিরই এ বিষয়ে একটি সিদ্ধান্তে পৌঁছানো হবে। এ নিয়ে ইতিমধ্যে বৈঠকও হয়েছে। এর মধ্যে বাইরে থেকে তৃতীয় একটি পক্ষ পরিস্থিতি অস্থিতিশীল করে নিজেদের অন্য কোনো উদ্দেশ্য সাধনের চেষ্টা করছে। এমন একটি গোষ্ঠী এর মধ্যে ঢুকে পড়েছে। এ কারণেই পরিস্থিতি এমন হচ্ছে।”
হেমায়েতপুরে ছুটি হওয়া কারখানার সুনির্দিষ্ট সংখ্যা তাৎক্ষণিকভাবে জানাতে না পারলেও এলাকায় নিরাপত্তা জোরদারের কথা জানান এই কর্মকর্তা।
তিনি জানান, আইনশৃঙ্খলা রক্ষায় শিল্প পুলিশ, আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন), ঢাকা জেলা পুলিশ লাইন্স, থানা পুলিশ, গোয়েন্দা পুলিশ (ডিবি) এবং বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) শতাধিক সদস্য বিভিন্ন পয়েন্টে মোতায়েন রয়েছেন।
