Logo
×

Follow Us

গ্রামের কথা

সাজেক অবরোধ প্রত্যাহার নিয়ে পাল্টাপাল্টি বিবৃতি

Icon

ডেস্ক রিপোর্ট

প্রকাশ: ১১ নভেম্বর ২০২৬, ১১:৩২ এএম

সাজেক অবরোধ প্রত্যাহার নিয়ে পাল্টাপাল্টি বিবৃতি

রাঙ্গামাটির সাজেক সড়কে চলমান ‘অনির্দিষ্টকালের অবরোধ’ প্রত্যাহার এবং সংগঠন বিলুপ্তির কথা জানিয়েছে সাজেক কার্বারি অ্যাসোসিয়েশন। তবে অন্য পক্ষ অবরোধ অব্যাহত রাখার ঘোষণা দেওয়ায় সাজেক পর্যটন সড়ক অবরোধ প্রত্যাহার নিয়ে পাল্টাপাল্টি বিবৃতি ও বিতর্কের সৃষ্টি হয়েছে।

মঙ্গলবার (১০ নভেম্বর) রাত পৌনে ৯টার দিকে সাজেক কার্বারি অ্যাসোসিয়েশনের সভাপতি নতুন জয় চাকমার সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে অবরোধ প্রত্যাহারের তথ্য জানানো হয়।

বিবৃতিতে নতুন জয় চাকমা বলেন, ‘দীর্ঘস্থায়ী অবরোধের কারণে সাজেকে স্বাভাবিক জীবনযাত্রা মারাত্মকভাবে ব্যাহত হয়েছে। বাইরের এলাকার সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ায় খাদ্য, ওষুধ ও নিত্যপ্রয়োজনীয় পণ্যের সরবরাহ বাধাগ্রস্ত হচ্ছে, যা সাধারণ মানুষকে চরম দুর্ভোগে ফেলেছে।’

তিনি অভিযোগ করেন, ইউপিডিএফের উসকানি ও প্ররোচনায় সাজেক কার্বারি অ্যাসোসিয়েশন এবং সাজেক গণঅধিকার রক্ষা কমিটি গঠিত হয়েছিল। রাজনৈতিক স্বার্থ হাসিল করতে সাধারণ মানুষকে জোরপূর্বক এসব সংগঠনের কার্যক্রমে যুক্ত করা হচ্ছিল এবং বিভিন্ন কর্মসূচিতে অংশ নিতে বাধ্য করা হচ্ছিল বলে দাবি করেন তিনি।

নতুন জয় চাকমা আরও বলেন, ‘একজন কার্বারি হিসেবে স্থানীয় বাসিন্দাদের স্বার্থ ও অধিকার রক্ষা করাই আমার দায়িত্ব। সেই দায়বদ্ধতা থেকেই সংগঠনের কার্যক্রম থেকে সরে আসার সিদ্ধান্ত নিয়েছি।’ একই সঙ্গে সাজেক কার্বারি অ্যাসোসিয়েশনের কমিটি বিলুপ্ত এবং অনির্দিষ্টকালের অবরোধ প্রত্যাহারের ঘোষণা দেন তিনি। 

কোনো রাজনৈতিক দলের স্বার্থে নয়, বরং সাজেকের সাধারণ মানুষের অধিকার, নিরাপত্তা এবং বৃহত্তর কল্যাণের কথা বিবেচনা করেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে তিনি জানান।

এদিকে সাজেক পর্যটন সড়ক অবরোধ বাস্তবায়ন গণকমিটির আহ্বায়ক বাবুধন চাকমা অভিযোগ করেন, পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির (পিসিজেএসএস) চাপে সাজেক কার্বারি অ্যাসোসিয়েশনের সভাপতি এ সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছেন। 

তিনি বলেন, ‘জেএসএসের চাপের কারণেই নতুন জয় চাকমা এই সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছেন। তবে আমাদের চলমান আন্দোলন ও অবরোধ অব্যাহত থাকবে।’

তবে রাজনৈতিক চাপ প্রয়োগের অভিযোগ অস্বীকার করে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির (পিসিজেএসএস) কেন্দ্রীয় সহ-তথ্য ও প্রচার সম্পাদক সজীব চাকমা বলেন, ‘এসব দাবি সম্পূর্ণ ভিত্তিহীন এবং জেএসএস কোনো ধরনের চাপ দেয়নি।’

অন্যদিকে, মঙ্গলবার রাত ১০টার পর গণমাধ্যমে দেওয়া আরেক বিবৃতিতে সাজেক পর্যটন সড়ক অবরোধ বাস্তবায়ন গণকমিটির সদস্য সচিব বিজয় কান্তি চাকমা জানিয়েছেন, পাঁচ দফা দাবি পূরণ না হওয়া পর্যন্ত সাজেকবাসীর অবরোধ অব্যাহত থাকবে। জনগণের স্বার্থপরিপন্থী ষড়যন্ত্র ও অপপ্রচারে বিভ্রান্ত না হয়ে চলমান অবরোধ সফল করার জোর আহ্বান জানান তিনি।

উল্লেখ্য, রাঙ্গামাটির সাজেক এলাকা থেকে জনসংহতি সমিতির সশস্ত্র সদস্যদের প্রত্যাহারের দাবিতে সাজেক পর্যটন সড়কে গত ২২ অক্টোবর থেকে লাগাতার অনির্দিষ্টকালের সড়ক অবরোধ কর্মসূচি পালন করে আসছিল সাজেক গণ-অধিকার রক্ষা কমিটি ও সাজেক কার্বারি অ্যাসোসিয়েশন নামে দুটি সংগঠন। সংগঠন দুটি ইউপিডিএফ সমর্থিত হিসেবে পরিচিত। 

টানা অবরোধের ফলে সড়কটিতে সব ধরনের যান চলাচল বন্ধ হয়ে যায়। এ পরিস্থিতির মধ্যেই অবরোধ প্রত্যাহার করে নিজেদের কমিটি বিলুপ্তির ঘোষণা দিল সাজেক কার্বারি অ্যাসোসিয়েশন। তবে শেষ পর্যন্ত সিদ্ধান্ত নিয়ে তৈরি হয়েছে মিশ্র প্রতিক্রিয়া।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫