Logo
×

Follow Us

গ্রামের কথা

শাহ মখদুম বিমানবন্দরে মিলল গ্রেনেডসদৃশ বস্তু

Icon

ডেস্ক রিপোর্ট

প্রকাশ: ১০ নভেম্বর ২০২৬, ০২:২২ পিএম

শাহ মখদুম বিমানবন্দরে মিলল গ্রেনেডসদৃশ বস্তু

রাজশাহীর হজরত শাহ মখদুম বিমানবন্দরের সামনে থেকে গ্রেনেডসদৃশ দুটি বস্তু জব্দ করা হয়। ছবি: সংগৃহীত

রাজশাহীর হজরত শাহ মখদুম বিমানবন্দর থেকে গ্রেনেডসদৃশ দুটি বস্তু জব্দ করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। মঙ্গলবার বেলা ১১টার দিকে বিমানবন্দরের প্রধান ফটকের সামনে থেকে বস্তু দুটি জব্দ করা হয়।

একই সময়ে একটি ফ্লাইটে বিমানবন্দরে অবতরণ করেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। প্রধান ফটকের সামনে থেকে গ্রেনেডসদৃশ বস্তু জব্দের পর নিরাপত্তার স্বার্থে মন্ত্রীকে পেছনের ফটক দিয়ে বাইরে নিয়ে যাওয়া হয়।

রাজশাহী নগরের এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ জানায়, সকাল ১০টা ৫৫ মিনিটে স্থানীয় এক ব্যক্তি গ্রেনেডসদৃশ দুটি বস্তু বিমানবন্দরে কর্মরত পুলিশের নজরে আনেন। এরপরই জায়গাটি ঘিরে ফেলে পুলিশ। অন্যদিকে সকাল ১০টা ৫০ মিনিটে একটি ফ্লাইটে বিমানবন্দরে অবতরণ করে ভিআইপি লাউঞ্জে অবস্থান করছিলেন বিদ্যুৎ ও জ্বালানিমন্ত্রী। গ্রেনেডসদৃশ বস্তুর বিষয়ে অবহিত করার পর নিরাপত্তার স্বার্থে তাকে বিমানবন্দরের পেছনের ফটক দিয়ে বাইরে নিয়ে যাওয়া হয় এবং পরবর্তীতে তিনি সড়কপথে বগুড়ার উদ্দেশে রওনা দেন।

গ্রেনেডসদৃশ বস্তু দুটি নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে জানিয়ে রাজশাহী মহানগর পুলিশের মুখপাত্র উপকমিশনার গাজিউর রহমান জানান, পরীক্ষা-নিরীক্ষার পর এ ব্যাপারে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫