আশুলিয়ায় ফের সড়ক অবরোধ, শ্রমিকদের টিয়ারশেল ছুড়ে ছত্রভঙ্গ
ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১০ নভেম্বর ২০২৬, ০২:০০ পিএম
আশুলিয়ায় শ্রমিকরা সড়ক অবরোধ করলে পুলিশ টিয়ার শেল-সাউন্ড গ্রেনেড ছুড়ে তাদের ছত্রভঙ্গ করে।
পোশাক খাতের শ্রমিকদের ন্যূনতম মজুরি বৃদ্ধির দাবিতে আন্দোলনের জেরে আবারও উত্তপ্ত হয়ে উঠেছে ঢাকার আশুলিয়া শিল্পাঞ্চল। সকালে জামগড়া এলাকায় সড়ক অবরোধকারী পোশাকশ্রমিকদের কাঁদানে গ্যাসের (টিয়ার) শেল ও সাউন্ড গ্রেনেড ছুড়ে ছত্রভঙ্গ করে দিয়েছে পুলিশ।
মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে আশুলিয়ার বাইপাইল-আবদুল্লাহপুর সড়কের জামগড়া এলাকায় এ ঘটনা ঘটে। এতে দুই শ্রমিক আহত হলেও গুলিবর্ষণের দাবি পুরোপুরি নাকচ করেছে পুলিশ।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, সকালে নির্ধারিত সময়েই শিল্পাঞ্চলের সব কারখানার শ্রমিকেরা শান্তিপূর্ণভাবে কর্মস্থলে যোগ দিয়েছিলেন। তবে জামগড়ায় ইসলাম গ্রুপের রোজ ড্রেস কারখানার শ্রমিকেরা কারখানায় প্রবেশ না করে বাইরে অবস্থান নেন। পরে তারা বের হয়ে কনভয় ও স্টারলিং গ্রুপসহ আশপাশের কয়েকটি কারখানায় ঢিল মারলে কারখানাগুলো ছুটি দিতে বাধ্য হয় কর্তৃপক্ষ। এরপর শ্রমিকেরা বাইপাইল-আবদুল্লাহপুর সড়ক অবরোধ করে ইটপাটকেল নিক্ষেপ শুরু করলে পুলিশ টিয়ার শেল ও সাউন্ড গ্রেনেড ছুড়ে তাদের ছত্রভঙ্গ করে দেয়।
আশুলিয়ায় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে শিল্প পুলিশ-১ এর পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ মোমিনুল ইসলাম ভূঁইয়া বলেন, ‘সকালে প্রতিটি কারখানায় শ্রমিকেরা শান্তিপূর্ণভাবে প্রবেশ করেছিলেন। তবে জামগড়ায় রোজ ড্রেস কারখানার শ্রমিকেরা ভেতরে না গিয়ে সামনে হইচই শুরু করেন। পরে তারা বের হয়ে অন্যান্য কারখানায় ঢিল মারলে সেগুলো ছুটি দিতে বাধ্য হয়।’
রাবার বুলেট বা গুলির অভিযোগ নাকচ করে এসপি বলেন, ‘কোনো ধরনের হতাহতের সুযোগ নেই। তারা আমাদের ওপর ইটপাটকেল মেরেছেন। এতে আমাদের দু-একজন সদস্যের হাতে ও পায়ে আঘাত লেগেছে, তবে বড় কোনো ক্ষয়ক্ষতি হয়নি। আমরা কোনো ধরনের আগ্নেয়াস্ত্র ব্যবহার করি না, কোনো শর্টগানও ব্যবহার করি না।’
পুলিশ সুপার জানান, পরিস্থিতি বর্তমানে স্বাভাবিক রয়েছে এবং যেসব কারখানা ছুটি দেয়নি, সেগুলোতে কাজ চলছে। এলাকায় অতিরিক্ত পুলিশের পাশাপাশি বিজিবি মোতায়েন রয়েছে। তবে চলমান অসন্তোষের জেরে নিউএইজ গ্রুপের অধীন আশুলিয়ায় অবস্থিত সব কারখানা আজ ১০ নভেম্বর থেকে বাংলাদেশ শ্রম আইনের ১৩(১) ধারা অনুযায়ী অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ।
