বাসে লাগা আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের কর্মীরা। ছবি: সংগৃহীত
ঢাকার ধামরাইয়ে চার দিনের ব্যবধানে চারটি বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। সর্বশেষ ধামরাই ভূমি অফিসের সামনে হামজা ব্রাদার্স পরিবহনের একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।
বাসটি ঢুলিভিটা থেকে আশুলিয়ার ডিইপিজেড এলাকার একটি পোশাক কারখানার কর্মীদের আনা-নেওয়ার কাজে ব্যবহৃত হতো।
সোমবার রাত ১টার দিকে বাসে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। খবর পেয়ে ধামরাই ফায়ার স্টেশনের দুটি ইউনিট রাত ১টা ৪ মিনিটে ঘটনাস্থলে পৌঁছে কাজ শুরু করে এবং রাত ১টা ৩৫ মিনিটে আগুন সম্পূর্ণ নির্বাপণ করে।
ধামরাই ফায়ার স্টেশনের স্টেশন অফিসার আল আমিন খানের নেতৃত্বে দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে। মো. লালনের মালিকানাধীন বাসটিতে নাশকতামূলকভাবে আগুন দেওয়া হয়েছে বলে প্রাথমিক তথ্যে ধারণা করছে ফায়ার সার্ভিস। এতে বাসটির আনুমানিক তিন লাখ টাকার ক্ষতি হলেও প্রায় পাঁচ লাখ টাকার মালামাল রক্ষা করা সম্ভব হয়েছে বলে জানানো হয়। এ ঘটনায় কেউ হতাহত হননি।
এর আগে রবিবারর ভোররাতে উপজেলার শরীফবাগ এলাকায় আফাজ উদ্দিন কলেজের সামনে নবীনগর থেকে স্নোটেক্স গার্মেন্টসের কর্মীদের আনা-নেওয়ার কাজে ব্যবহৃত পুরোনো ডি-লিংক পরিবহনের একটি বাসে আগুন লাগে। এতে বাসটির আনুমানিক দুই লাখ টাকার ক্ষতি হয়।
তারও আগে বৃহস্পতিবার রাতে ধামরাই থানা রোডে মেরামতাধীন পাভেল পরিবহনের একটি বাসে আগুন লাগে এবং পরদিন শুক্রবার রাতে ঢাকা-আরিচা মহাসড়কের শ্রীরামপুর এলাকায় পল্লী সেবা পরিবহনের আরেকটি বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ওই দুই ঘটনায় মোট পাঁচ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছিল। সব মিলিয়ে ধামরাইয়ে চার দিনের ব্যবধানে চারটি বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল।
ধামরাই থানার ওসি মো. নাজমুল হুদা খান বলেন, “গত কয়েক দিনে চারটি বাসে আগুনের ঘটনা ঘটেছে। বাস মালিকদের বাস নিরাপদে ও পাহারায় রাখার পরামর্শ দেওয়া সত্ত্বেও আরেকটি বাসে আগুনের ঘটনা ঘটল। রাজনৈতিক নাকি ব্যক্তিগত বিরোধ বা অন্য কোনো কারণে এসব ঘটনা ঘটছে, তা গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে। ইতিমধ্যে তিনটি ঘটনার মধ্যে একটি বাসের মালিক থানায় লিখিত অভিযোগ করেছেন।”
