ফতুল্লায় মাদ্রাসায় আগুন, বার্ন ইনস্টিটিউটে ৪৮ শিক্ষার্থী
ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১০ নভেম্বর ২০২৬, ০৯:৫৭ এএম
নারায়ণগঞ্জের ফতুল্লার একটি মাদ্রাসায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ছয় শিক্ষার্থী দগ্ধ ও ৪৫ জন ধোঁয়ায় আহত হয়েছেন। তাদের মধ্যে ৪৮ জনকে ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।
সোমবার দিবাগত রাত দুইটায় (৯ নভেম্বর) ফতুল্লার শান্তিধারা এলাকায় অবস্থিত জামিয়াতুল আশরাফিয়া মাদ্রাসার পাঁচতলা ভবনের দ্বিতীয় তলায় এ ঘটনাঘটে।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
মাদ্রাসার শিক্ষার্থীরা জানান, রাত দুইটায় বিদ্যুতের শর্টসার্কিট থেকে মাদ্রাসার লাইব্রেরিতে অগ্নিকাণ্ডের সূচনা ঘটে। ওই সময় শিক্ষার্থীরা ঘুমে ছিলেন। মুহূর্তের মধ্যে আগুনের তীব্রতা বৃদ্ধির পাশাপাশি পুরো কক্ষ ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে যায়। এতে ঘুমন্ত শিক্ষার্থীরা কাগজ ও আসবাবপত্র পোড়ার ধোঁয়ায় অসুস্থ হয়ে পড়েন।
পরে এলাকাবাসী এগিয়ে এসে শিক্ষার্থীদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। তাদের মধ্যে প্রায় ছয়জন দগ্ধ হন এবং ৪৮ জনকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়। অন্যদের চিকিৎসা চলছে স্থানীয় হাসপাতালে।
আহতদের মধ্যে আরিফ (২২), আজিজুল হক সিয়াম (১৬), হাসনাত (২২), নাইমুল (১৫), ইউসুফ (১৮), তানভীর (২১), খাইরুল (২২), হেমায়েত উল্লাহ (২২), লাবিব (২২), আশরাফ (১৭) ও আবিদের (১৭) নাম জানা গেছে।
জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের রেসিডেন্ট সার্জন ডা. সুলতান মাহমুদ শিকদার জানান, জামিয়াতুল আশরাফিয়া মাদ্রাসা থেকে ৪৮ জন শিক্ষার্থী হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) রাখা হয়েছে এবং অন্যদের সর্বোচ্চ গুরুত্ব দিয়ে চিকিৎসা দেওয়া হচ্ছে।
কাঁচপুর মডার্ন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার মোহাম্মদ জাহাঙ্গীর আলম জানান, বিদ্যুতের শর্টসার্কিট থেকে মাদ্রাসার দ্বিতীয় তলার লাইব্রেরি ও অফিসকক্ষে আগুনের সূত্রপাত বলে প্রাথমিক ধারণা করা হচ্ছে। খবর পেয়ে কাঁচপুর ও শিবু মার্কেট ফায়ার স্টেশন থেকে মোট পাঁচটি ইউনিট গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
আগুনে বই ও মূল্যবান আসবাবপত্র পুড়ে মাদ্রাসার বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়েছে। আগুনের মূল কারণ ও ক্ষয়ক্ষতির সুনির্দিষ্ট পরিমাণ অনুসন্ধানে তদন্ত চলছে বলেও জানান তিনি।
