গাজীপুরে শ্রমিক-পুলিশ সংঘর্ষ, টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ
ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ০৪ নভেম্বর ২০২৬, ১০:৫২ এএম
ন্যূনতম ৩০ হাজার টাকা বেতনের দাবিতে আন্দোলনের ষষ্ঠ দিনেও গাজীপুরের বড়বাড়ী এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন পোশাকশ্রমিকেরা।
বুধবার সকালে এই কর্মসূচিকে কেন্দ্র করে পুলিশের সঙ্গে শ্রমিকদের ধাওয়া-পাল্টাধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করলে মহাসড়কে যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায়।
সকাল সাড়ে ৯টার দিকে গাজীপুর মহানগরীর বোর্ডবাজারের বড়বাড়ী এলাকায় এই ঘটনার সূত্রপাত হয়।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, সকাল সাড়ে ৯টার দিকে আন্দোলনরত শ্রমিকেরা ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন। খবর পেয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে তাদের সরিয়ে দেওয়ার চেষ্টা করলে শ্রমিকেরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করেন। একপর্যায়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ টিয়ারশেল নিক্ষেপ করলে মুহূর্তের মধ্যে এলাকা উত্তপ্ত হয়ে ওঠে।
পরবর্তী সময়ে বিক্ষোভকারীরা নগরীর বাসন থানায় হামলার চেষ্টা চালান। তারা লাঠিসোঁটা নিয়ে থানার ভেতরে ইটপাটকেল নিক্ষেপ করলে পরিস্থিতি সামাল দিতে পুলিশ পুনরায় টিয়ারশেল নিক্ষেপ করে ছত্রভঙ্গ করে দেয়। ঘটনার পর এলাকায় অতিরিক্ত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েন করা হয়।
সার্বিক পরিস্থিতির বিষয়ে গাজীপুর শিল্প পুলিশের পুলিশ সুপার আমজাদ হোসাইন জানান, সকাল থেকে সব জায়গায় পরিস্থিতি স্বাভাবিক থাকলেও বড়বাড়ী এলাকায় একটি বিচ্ছিন্ন ঘটনার সৃষ্টি হয়। সেখানে পর্যাপ্তসংখ্যক আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েন রয়েছে।
