সোমবার সকালে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে অবরোধকারীদের ধাওয়া দিয়ে সড়ানোর চেষ্টায় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। ছবি: সংগৃহীত
ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা করার দাবিতে আন্দোলনরত শ্রমিকেরা মহাসড়ক অবরোধ করায় উত্তপ্ত হয়ে উঠেছে গাজীপুরের শিল্পাঞ্চল। উদ্ভূত পরিস্থিতিতে গাজীপুরের অন্তত ১৫০টি পোশাক কারখানা ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ।
সোমবার সকাল সাতটা থেকে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চন্দ্রা পল্লী বিদ্যুৎ এলাকায় মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন পোশাক কারখানার শ্রমিকেরা।
এ ছাড়া কোনাবাড়ী, সফিপুর ও মৌচাক এলাকার বিভিন্ন পয়েন্টে অবস্থান নিয়ে শ্রমিকেরা বিক্ষোভ চালিয়ে যাচ্ছেন।
শ্রমিকদের অবরোধের কারণে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যান চলাচল পুরোপুরি বন্ধ হয়ে গেছে। এতে মহাসড়কের উভয় পাশে অন্তত ১০ কিলোমিটার এলাকাজুড়ে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে এবং মারাত্মক ভোগান্তিতে পড়েছেন বিভিন্ন গন্তব্যের যাত্রী ও চালকেরা।
নাওজোর পুলিশ ফাঁড়ির এসআই আব্দুল করিম জানান, শ্রমিকদের অবস্থানের কারণে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যান চলাচল বন্ধ রয়েছে। শিল্পাঞ্চলের বিভিন্ন স্থানে এবং কারখানাগুলোর ফটকে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ও শিল্প পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে।
গাজীপুর শিল্প পুলিশের পুলিশ সুপার আমজাদ হোসেন বলেন, “শ্রমিক আন্দোলনের কারণে গতকাল গাজীপুরে ৪৫টি কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছিল। আজ ১৫০টি কারখানা ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ। বিভিন্ন এলাকায় শ্রমিকদের বিক্ষোভ চলছে।”
