ফাইল আর প্রেসক্রিপশনের মাঝে কর্মজীবী নারীর দিনকাল
মনিরা তাবাস্সুম
প্রকাশ: ১৪ নভেম্বর ২০২৬, ১১:১১ এএম
সকাল সাড়ে ৭টা। অ্যালার্মের শব্দে ঘুম ভাঙার সঙ্গেই শুরু হয় মাথার ভেতরের ঘড়িটার টিকটিক আওয়াজ। এক হাতে কফির কাপ অন্য হাতে প্রেসক্রিপশন মিলিয়ে মায়ের ডায়াবেটিসের ইনসুলিন আর বাবার হার্টের ওষুধ দেওয়া, সেই সঙ্গে হাত বাড়ালেই পাওয়া যাবে এমনভাবে স্বামীর প্রয়োজনীয় ওষুধগুলোও গুছিয়ে রাখতে হয়। আয়নায় নিজের ক্লান্ত মুখের দিকে তাকানোর ফুরসতটুকুও নেই। কারণ ঠিক সকাল ৯টায় করপোরেট ডেস্কের ল্যাপটপের সামনে হাজির হতে হবে।
অফিসে যার সাবলীল হাসি আর প্রফেশনাল এক্সিলেন্স দেখে সবাই মুগ্ধ, ভেতরের দুনিয়াটা যে কতটা ওলটপালট, তা কজনই বা জানে! শহুরে যান্ত্রিক জীবনে কর্মজীবী নারীদের লড়াই নতুন কিছু নয়। কিন্তু সেই লড়াই যখন ঘরের ভেতরের কোনো দীর্ঘমেয়ায়ী অসুস্থতা বা মুমূর্ষু প্রিয়জনের সেবার সঙ্গে যুক্ত হয়, তখন তা রূপ নেয় এক অদৃশ্য ট্র্যাজেডিতে।
একদিকে পেশাগত চ্যালেঞ্জ, ডেডলাইন আর বসের কড়া নজর, অন্যদিকে হাসপাতালের বারান্দা, ওষুধের রসিদ আর ঘরে শুয়ে থাকা স্বামী, সন্তান কিংবা মা-বাবার কষ্ট—এই টানাপোড়েনে প্রতিনিয়ত নিঃশেষ হচ্ছে আশপাশের অসংখ্য নারী।
দ্বৈত জগতের টানাপোড়েন : একটি নির্দিষ্ট গণ্ডির মধ্যে করপোরেট লুক বা প্রফেশনালিজম বজায় রাখা যত না কঠিন, তার চেয়ে ঢের বেশি কঠিন নিজের মানসিক ভাঙন লুকিয়ে রেখে হাসিমুখে কাজ করা। অফিসে মিটিং চলাকালীন ফোন বাজলেই বুকটা কেঁপে ওঠে। হাসপাতাল বা বাসা থেকে ফোন এলো বলে! অফিসে প্রেজেন্টেশন দেওয়ার সময়ও মনে ঘুরপাক খায়—দুপুরের পর সন্তানের জ্বরটা কমল তো? মনস্তত্ত্ববিদদের মতে, এই পরিস্থিতি তৈরি করে তীব্র মানসিক ক্লান্তি বা কেয়ারগিভার বার্নআউট।
অফিসের টেবিলে বসে সহকর্মীকে হাসিমুখে ফাইল বুঝিয়ে দেওয়া নারীটিই যখন রাতে কেবিনের বেড বা ঘরের কোণে প্রিয় মানুষটির শিয়রে বসে রাত জাগেন, তখন সেই দ্বৈত ভূমিকা স্বাস্থ্যকে ভেঙে দেয়।
অদৃশ্য অপরাধবোধ ও সামাজিক চাপ : এই পরিস্থিতির সবচেয়ে বড় চাপ হলো অপরাধবোধ বা গিল্ট। অফিসে যখন কোনো গুরুত্বপূর্ণ প্রজেক্টের কাজে আটকা পড়ে দেরি হয়, তখন মনে হয়—‘ইশ, এই সময়টায় যদি আমি আমার মানুষটার পাশে থাকতে পারতাম!’ আবার উল্টোটা যখন হয়—পরিবারের প্রয়োজনে অফিস থেকে দ্রুত বাড়ি ফিরে আসায় মনে অপরাধবোধ কাজ করে যে, আজকের সব কাজ ঠিকঠাক শেষ করে আসতে পারলাম না। বা এই দ্রুত চলে আসাটা কেউ বাহানা ভাবছে কি না।
সমাজ এখনো ধরে নেয়, সেবামূলক কাজটি কেবল নারীর একারই দায়িত্ব। ফলে স্বামী, সন্তান বা পরিবারের কেউ অসুস্থ হলে সবার আগে কর্মজীবী নারীকেই নিজের পেশাগত উচ্চাশা বা ব্যক্তিগত সময় বিসর্জন দেওয়ার অদৃশ্য চাপ সইতে হয়। অফিসগুলো অনেক সময় ফ্লেক্সিবল ছুটির কথা বললেও বাস্তবায়নের ক্ষেত্রে সেই সহানুভূতি সব সময় পাওয়া যায় না।
যেখানে থামার উপায় নেই : বলা সহজ—‘ছুটি নিয়ে নাও’ বা ‘একটু বিশ্রাম করো’। কিন্তু বাস্তব জীবন এতটা সহজ নয়। পরিবারে যখন কেউ দীর্ঘমেয়াদী অসুস্থ থাকে, তখন চিকিৎসার খরচও আকাশছোঁয়া। এই আর্থিক চাপে চাকরি ছাড়ার কোনো উপায় থাকে না।
ফলে প্রতিদিন সকাল হলে হাসিমুখে সেজেগুজে করপোরেট গিয়ারে নিজেকে মুড়ে ঘরের দরজা পেরিয়ে বাইরে বের হতে হয়। জ্যাম ঠেলে অফিসে পৌঁছে কি-বোর্ডে এমনভাবে আঙুল চালাতে হয়, যেন পৃথিবীতে কোনো ব্যক্তিগত কষ্টই নেই।
প্রয়োজন একটুখানি সহানুভূতির : অফিসগুলো যদি আরেকটু সংবেদনশীল হয়, সহকর্মীরা যদি সহযোগিতার হাত বাড়িয়ে দেন, তবে এই নারীদের বুকের ওপর থেকে পাহাড়সমান চাপ কিছুটা হলেও হালকা হতে পারে। নমনীয় কর্মঘণ্টা বা রিমোট ওয়ার্কের সুবিধা এই কঠিন সময়ে জীবন রক্ষাকারী হয়ে উঠতে পারে।
দিনশেষে এই নারীরা কোনো সুপারওম্যান নন। অফিস শেষ করে ঘরে ফিরে যখন তারা অসুস্থ স্বামী, সন্তান বা মা-বাবার কপালে হাত বুলিয়ে দেন, তখন ভেতরের আবেগটুকু হয়তো কেউ টের পায় না। কিন্তু এই নিঃশব্দ লড়াই প্রমাণ করে, করপোরেট ডেস্কে বসা মানুষটার ভেতরেও লুকিয়ে থাকে এক লড়াকু যোদ্ধা, যিনি এক হাতে সামলান জীবিকা, অন্য হাতে পরম মমতায় আগলে রাখেন নিজের পৃথিবী।
