Logo
×

Follow Us

শিক্ষা

ঢাবিসহ সব বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা স্থগিতে হাইকোর্টের নির্দেশ

Icon

আদালত প্রতিবেদক

প্রকাশ: ১৮ নভেম্বর ২০২৬, ১২:২৫ পিএম

ঢাবিসহ সব বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা স্থগিতে হাইকোর্টের নির্দেশ

এইচএসসি পরীক্ষার উত্তরপত্র পুনর্মূল্যায়ন ও পুনঃপরীক্ষার ফল প্রকাশ না হওয়া পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়সহ (ঢাবি) দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা স্থগিত রাখার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। 

বুধবার এক রিট আবেদনের প্রাথমিক শুনানি শেষে হাইকোর্টের একটি দ্বৈত বেঞ্চ এ আদেশ দেন। একই সঙ্গে এ বিষয়ে রুল জারি করে সংশ্লিষ্ট বিবাদীদের চার সপ্তাহের মধ্যে জবাব দিতে বলা হয়েছে।

আদালতের নির্দেশনায় বলা হয়েছে, রুল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়সহ দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা নেওয়া যাবে না।

২০২৬ সালের এইচএসসি ও সমমানের উত্তরপত্র পুনর্নিরীক্ষণের ফল আগামী ২৩ নভেম্বর প্রকাশের কথা রয়েছে।

চলতি বছর এইচএসসি পরীক্ষায় অংশ নেন ১০ লাখ ৪৮ হাজার ৫৩০ জন শিক্ষার্থী। তাদের মধ্যে পাস করেছেন ৫ লাখ ৪১ হাজার ২৪৯ জন। অকৃতকার্য হয়েছেন ৫ লাখ ৭ হাজারের বেশি শিক্ষার্থী। অর্থাৎ পরীক্ষায় অংশ নেওয়া প্রায় অর্ধেক শিক্ষার্থীই পাস করতে পারেননি।

সরকারের সিদ্ধান্ত অনুযায়ী, এবার এক বা দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীরা এক মাসের মধ্যে শুধু অকৃতকার্য বিষয়গুলোতে পুনরায় পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ পাবেন।

তবে পুনর্মূল্যায়ন ও পুনঃপরীক্ষার ফল প্রকাশের আগেই বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হলে অনেক শিক্ষার্থী সেই পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ থেকে বঞ্চিত হতে পারেন। এ পরিস্থিতিতে ভর্তি পরীক্ষা স্থগিত চেয়ে হাইকোর্টে রিট আবেদনটি করা হয়।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫