টিএসসিতে ককটেল বিস্ফোরণের পর দুজনকে আটক করা হয়। ছবি: সংগৃহীত
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) টিএসসি এলাকায় আবারও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ ঘটনায় জড়িত সন্দেহে দুজনকে আটক করে শাহবাগ থানায় সোপর্দ করেছেন শিক্ষার্থীরা।
সোমবার সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটের দিকে বিশ্ববিদ্যালয়ের টিএসসি সংলগ্ন মেট্রোরেল স্টেশনের নিচে এ ঘটনা ঘটে।
আটকরা হলেন—আব্দুল্লাহ আল জোবায়ের (২৬) ও নজাবির সালেহীন দিপু।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. ইসরাফিল রতন বলেন, “সন্ধ্যা ৬টা ৪০ মিনিটের দিকে এ ঘটনা ঘটার পর শিক্ষার্থীরা দুজনকে আটক করে প্রক্টরিয়াল টিমের কাছে হস্তান্তর করেন। পরে প্রক্টরিয়াল টিম ও শিক্ষার্থীরা মিলে তাদের শাহবাগ থানায় সোপর্দ করে।”
প্রত্যক্ষদর্শীরা জানান, সন্ধ্যায় মেট্রোরেল স্টেশনের নিচে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে পালানোর সময় ঘটনাস্থলের আশপাশে থাকা ছাত্র-জনতা দুজনকে ধাওয়া দিয়ে আটক করে। পরে তাদের শাহবাগ থানা-পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
এর আগে রবিবার সন্ধ্যা ৬টা থেকে ৭টার মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের অন্তত ছয়টি স্থানে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। ওই ঘটনায় তিনজনকে আটক করে শাহবাগ থানা-পুলিশের কাছে হস্তান্তর করেন ছাত্রদলের নেতাকর্মীরা। এ নিয়ে টানা দুই দিন ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটল।
