এইচএসসির খাতা পুনর্নিরীক্ষণে রেকর্ড ১০ লাখ আবেদন
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৮ নভেম্বর ২০২৬, ১২:১৮ পিএম
ছবি: কৃত্রিম বুদ্ধিমত্তায় তৈরি
চলতি বছরের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষার খাতা পুনর্নিরীক্ষণে আবেদনের ক্ষেত্রে নতুন রেকর্ড সৃষ্টি হয়েছে। নির্ধারিত সাত দিনে ২ লাখ ৭৮ হাজার ৮৮২ জন শিক্ষার্থী মোট ১০ লাখ ৩৭ হাজার ৭১৭টি খাতা পুনর্নিরীক্ষণের আবেদন করেছেন, যা গত কয়েক বছরের মধ্যে সর্বোচ্চ।
আগামী ২৭ নভেম্বর এই পুনর্নিরীক্ষণের ফল প্রকাশ করা হবে।
শনিবার রাতে বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান জানান, নির্ধারিত সময়ের মধ্যে ২ লাখ ৭৮ হাজার ৮৮২ জন শিক্ষার্থী ফল পুনর্নিরীক্ষণ ও পুনর্মূল্যায়নের আবেদন করেছেন।
একজন শিক্ষার্থী একাধিক বিষয় ও পত্রের জন্য আবেদন করায় সব মিলিয়ে আবেদনের সংখ্যা দাঁড়িয়েছে ১০ লাখ ৩৭ হাজার ৭১৭টি।
আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির তথ্য অনুযায়ী, গত দুই বছরের তুলনায় এবার আবেদনের সংখ্যা দ্বিগুণেরও বেশি বেড়েছে। এর আগে ২০২৫ সালে এইচএসসি ও সমমান পরীক্ষার ফল পুনর্নিরীক্ষণের জন্য ১১টি শিক্ষা বোর্ডের ২ লাখ ২৬ হাজার ৫৬১ জন পরীক্ষার্থী ৪ লাখ ২৮ হাজার ৪৫৮টি খাতা পুনর্নিরীক্ষণের আবেদন করেছিলেন। আর ২০২৪ সালে ১১টি শিক্ষা বোর্ডে মোট আবেদন জমা পড়েছিল ৫ লাখ ৮ হাজার ১১৬টি।
