চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষার ফলাফলে চরম বিপর্যয় হয়েছে। এবার পাসের হার ৫২.১২ শতাংশ, যা ২২ বছরের মধ্যে সর্বনিম্ন। এর আগে সর্বশেষ ২০০৪ সালে পাসের হার ছিল ৪৭.৭৪ শতাংশ।
শুধু পাসের হার নয়, গতবার থেকে এবার জিপিএ ৫ কমেছে ৩২ হাজার ৯২টি। গতবার জিপিএ ৫ পেয়েছিলেন ৭২ হাজার ১৭৬ জন। এবার তা কমে দাঁড়িয়েছে ৪০ হাজার ৮৪ জনে। এই ফল অনেকেই শিক্ষার বাস্তব চিত্র বলে মনে করছেন। তবে এ নিয়ে দ্বিমতও রয়েছে অনেকের।
শিক্ষা বিশ্লেষকদের অনেকের ভাষ্য, এই ফলাফলের জন্য শুধু শিক্ষার্থীদের দূষলে হবে না। শিক্ষাব্যবস্থারও ব্যাপক ঘাটতি রয়েছে। কারণ আমাদের দেশে দক্ষ শিক্ষকের পাশাপাশি পর্যাপ্ত শিক্ষক নেই। আইসিটির জন্য ল্যাব নেই। গ্রাম ও শহরের শিক্ষাব্যবস্থার পার্থক্যও প্রবল। পাশাপাশি শিক্ষাপ্রতিষ্ঠানে অস্থিরতা, একেক সময় একেক কারিকুলাম শিক্ষার্থীদের গিনিপিক বানিয়েছে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের অধ্যাপক মোহাম্মদ মজিবুর রহমানের ভাষ্য মতে, শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে পর্যাপ্ত শিক্ষক নেই, বিষ-য়ভিত্তিক শিক্ষকও নেই। শিক্ষার মূল ভিত্তিতেও রয়েছে দুর্বলতা। প্রাথমিক ও মাধ্যমিক পর্যায় থেকেই শিক্ষার্থীরা শিখন-ঘাটতি নিয়ে পরবর্তী স্তরে যাচ্ছে। অর্থাৎ প্রাথমিক পর্যায়ে যা শেখার কথা, তারা তা শিখছেন না। সেটি না শিখেই মাধ্যমিকে চলে যাচ্ছেন।
আবার মাধ্যমিক পর্যায়ে যা শেখার কথা, তা না শিখেই উচ্চ মাধ্যমিকে আসছেন। উচ্চ মাধ্যমিকের মাত্র দুই বছরে এসে তারা কি ১২ বছরের পড়াশোনার ঘাটতি নিশ্চয়ই পূরণ করতে পারবেন না। তিনি আরো বলেন, সরকার যদি দ্রুততার সঙ্গে বিষয়গুলো গুরুত্ব দিয়ে সমাধানের উদ্যোগ না নেয়, তাহলে সামনের পরিস্থিতি আরো খারাপ হতে পারে।
এই ফল শিক্ষার চরম বৈষম্য সামনে এনেছে বলে মনে করছেন গণস্বাক্ষরতা অভিযানের নির্বাহী পরিচালক রাশেদা কে. চৌধূরীও। তিনি বলেন, এবার যে ইংরেজি ও আইসিটি বিষয়ে বিপুলসংখ্যক শিক্ষার্থী অকৃতকার্য হলো, সেটির কারণ কী?
কোথাও দেখা যায় ল্যাব আছে, শিক্ষক নেই। আবার কোথাও শিক্ষক আছে, ল্যাব নেই। আর এই ফল তো আমাদের শিক্ষার চরম বৈষম্যটি চোখে আঙুল দিয়ে দেখিয়েছে।
ফলাফলের সার্বিক চিত্র
এবার মোট ১২ লাখ ৪০ হাজার ৯৭৮ শিক্ষার্থী পরীক্ষা দিয়ে উত্তীর্ণ হয়েছেন ছয় লাখ ৪৬ হাজার ৬৮৫ জন। অকৃতকার্য হয়েছেন প্রায় পাঁচ লাখ ৯৪ হাজার ১১৩ শিক্ষার্থী। বরাবরের মতো এবারও পাসের হারে এগিয়ে ছাত্রীরা, তবে জিপিএ ৫ পাওয়ার ক্ষেত্রে তারা পিছিয়ে। ছাত্রীদের তুলনায় ৬৪২ জন বেশি ছাত্র জিপিএ ৫ পেয়েছেন।
এবার এইচএসসি ও সমমান পরীক্ষায় পাসের হারে শীর্ষে ঢাকা শিক্ষা বোর্ড। সবচেয়ে কম পাসের হার বরিশাল শিক্ষা বোর্ডে। কারিগরি শিক্ষা বোর্ডে পাসের হার ৪৯.৪৩ শতাংশ এবং মাদ্রাসা শিক্ষা বোর্ডে ৬১.৭ শতাংশ।
এ বছর ২৯৩টি শিক্ষাপ্রতিষ্ঠানের কোনো শিক্ষার্থী পাস করতে পারেননি। গত বছর এমন প্রতিষ্ঠানের সংখ্যা ছিল ২০২টি। অর্থাৎ এক বছরের ব্যবধানে শূন্য পাস করা শিক্ষাপ্রতিষ্ঠানের সংখ্যা বেড়েছে ৯১টি। এ ছাড়া এবার ১৩৯টি প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা শতভাগ পাস করেছেন, যা গতবার ছিল ৩৪৫টি।
শিক্ষা উপদেষ্টা মাহদী আমিন বলেন, “পরীক্ষা যেমন সুষ্ঠুভাবে হয়েছে, তেমনি পরীক্ষার খাতা মূল্যায়নও যেন শতভাগ নির্মোহভাবে সম্পন্ন হয়। জিপিএ ৫ কিংবা পাসের হার কৃত্রিমভাবে বাড়িয়ে দেখানোর যে সংস্কৃতি ছিল, তা থেকে বেরিয়ে এসে মেধার প্রকৃত মূল্যায়ন এবং প্রশ্নপত্রের মান বজায় রেখে সততার সঙ্গে উত্তরপত্র মূল্যায়নে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হয়েছে।”
ইংরেজি, আইসিটি, হিসাববিজ্ঞান ও মানবিকে ফল বিপর্যয়
এবারের ফল বিশ্লেষণ করে দেখা যায়, সাধারণ ৯টি শিক্ষা বোর্ডের মধ্যে ঢাকা বোর্ড ছাড়া বাকি সব বোর্ডেই ইংরেজিতে পাসের হার ৭০ শতাংশের নিচে। এবার ৯টি বোর্ডে মানবিকে ছয় লাখ সাত হাজার ৭৩৫ শিক্ষার্থী অংশ নিয়ে উত্তীর্ণ হয়েছেন দুই লাখ ৫৬ হাজার ৩১১ শিক্ষার্থী। অর্থাৎ প্রায় ৬০ ভাগ শিক্ষার্থীই এই বিভাগের খারাপ ফল করেছে। ব্যবসায় শিক্ষা বিভাগে এক লাখ ৬৭ হাজার ১৬৬ শিক্ষার্থী অংশ নিয়ে উত্তীর্ণ হয়েছে ৮৪ হাজার ৮৬৪ জন। অর্থাৎ এই বিভাগেও অর্ধেক শিক্ষার্থী পাস করেছেন। তবে বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী বেশি পাস করেছেন। এই বিভাগে পাসের হার ৭৩.১২ শতাংশ।
আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান বলেন, ‘ইংরেজির প্রত্যেক শিক্ষার্থীর একটি ভীতি রয়েছে। অনেক চেষ্টা করেও সেটা কাটিয়ে ওঠা সম্ভব হচ্ছে না। তবে আইসিটির শিক্ষক ঘাটতির পাশাশাশি সিলেবাস নিয়েও একটা জটিলতা আছে। শিক্ষার্থীরা সিলেবাস ঠিকমতো বুঝে উঠতে পারছে না। এটা তাদের কাছে একটা আতঙ্কের কারণ হয়ে দাঁড়িয়েছে। তবে এসব সংকট মেটাতে শিক্ষা মন্ত্রণালয় ও আমরা চেষ্টা করছি।’
শিক্ষাব্যবস্থায় নানা সংকট
এইচএসসিতে ফল খারাপের কারণ হিসেবে উত্তরপত্র মূল্যায়নে কড়াকড়ি, শিক্ষাপ্রতিষ্ঠানে ঠিকমতো পড়াশোনা না হওয়া, শিক্ষার্থীদের প্রস্তুতির ঘাটতি ও কঠিন প্রশ্নপত্রের মতো বিষয়গুলো আলোচনায় এসেছে। এ ছাড়া নানা সংকটের কারণে শিক্ষার্থীরা পর্যাপ্ত শিখন দক্ষতা অর্জন করতে না পারারও প্রভাব পড়ছে পরীক্ষার খাতায়। এই সংকটগুলো খুঁজে বের করে তা দ্রুত সমাধান করতে হবে।
এর বাইরে জুলাই গণঅভ্যুত্থান-পরবর্তী রাজনৈতিক অস্থিরতা এবং পরীক্ষার সময় কুমিল্লা ও চট্টগ্রাম অঞ্চলে প্রাকৃতিক দুর্যোগ, দুর্যোগের সময় পরীক্ষা নেওয়াকে কেন্দ্র করে শিক্ষার্থীদের আন্দোলন কিছুটা প্রভাব ফেলতে পারে। পাশাপাশি মোবাইল ফোনে অতিরিক্ত আসক্তি এবং অভিভাবকদের যথাযথ নজরদারির অভাবও ফল খারাপের পেছনে নেতিবাচক ভূমিকা রেখেছে বলে মনে করা হয়।
ইংরেজি, আইসিটি ও হিসাববিজ্ঞানে খারাপ হওয়ার পেছনের কারণ হিসেবে সংশ্লিষ্টরা বলছেন, দেশের অধিকাংশ শিক্ষাপ্রতিষ্ঠানেই এই তিন বিষয়ে নেই দক্ষ শিক্ষক। বিশেষ করে আইসিটি শিক্ষকের ঘাটতি প্রবল। অন্য বিষয়ে ডিগ্রিধারী শিক্ষকরা নেন এই তিন বিষয়ের ক্লাস। ফলে শিক্ষার্থীরা ঠিকমতো বিষয়গুলো সম্পর্কে ধারণা নিতে পারছেন না।
মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) বিষয় বাধ্যতামূলক হয়েছে ২০১৩ সালে। কিন্তু এই ১৩ বছরেও সরকারি কলেজগুলোতে প্রয়োজনীয় শিক্ষক পদ সৃষ্টি হয়নি। সহস্রাধিক সরকারি কলেজের মধ্যে ১৪৫ জন আইসিটি প্রভাষক রয়েছেন। বাকি কলেজগুলোতে অন্য বিষয়ের শিক্ষকরা আইসিটির ক্লাস নেন। একই অবস্থা বেসরকারি কলেজগুলোতেও। বেসরকারি কলেজে পদ থাকলেও অধিকাংশ কলেজে নেই আইসিটি শিক্ষক।
একই অবস্থা গণিত ও ইংরেজিতেও। এই দুই বিষয়েই অধিকাংশ কলেজে নেই দক্ষ ও পর্যাপ্ত শিক্ষক। ফলে অন্য বিষয়ের শিক্ষকরা পড়ান এই দুই বিষয়। বাংলাদেশ শিক্ষা তথ্য ও পরিসংখ্যান ব্যুরোর (ব্যানবেইস) তথ্য মতে, দেশের দুই হাজার ৬২৫টি শিক্ষাপ্রতিষ্ঠানে ইংরেজি বিষয়ের শিক্ষক নেই। যেসব শিক্ষক পড়াচ্ছেন, তাদের মধ্যে ৫১ হাজার ৩৬০ জনের ইংরেজি বিষয়ে স্নাতক-স্নাতকোত্তর বা উচ্চতর কোনো ডিগ্রি নেই।
অন্যদিকে দেশের তিন হাজার ৮৬১টি শিক্ষাপ্রতিষ্ঠানে আইসিটি বিষয়ের কোনো শিক্ষক নেই। তাদের কেউ ইসলাম শিক্ষা, কেউ ইতিহাসে আবার কেউ রাষ্ট্রবিজ্ঞানে ডিগ্রিধারী। পাশাপাশি প্রায় ৪০ শতাংশ শিক্ষকের পেশাগত প্রশিক্ষণ নেই।
এ প্রসঙ্গে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক খান মইনুদ্দিন আল মাহমুদ সোহেল বলেন, সার্বিকভাবেই শিক্ষকসংকট রয়েছে। তাই দ্রুত কীভাবে শিক্ষক নিয়োগ দেওয়া যায়, সে বিষয়ে আলোচনা চলছে। একই সঙ্গে পেশাগত প্রশিক্ষণের ওপর গুরুত্ব দিয়ে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হচ্ছে।
শিক্ষা বিশেষজ্ঞরা যা বলছেন
একাধিক শিক্ষা বিশ্লেষক বলেন, এই সংকটগুলো এবারের নতুন নয়; বরং দীর্ঘদিন ধরেই এসব সমস্যা বিদ্যমান। মানবিক বিভাগের পাশাপাশি ইংরেজি, গণিত, বিজ্ঞান ও আইসিটিতে অনেক দিন থেকেই খারাপ ফল হচ্ছে। হবে না কেন? আইসিটির মতো একটি কঠিন বিষয় পড়ানো হচ্ছে অন্য বিষয়ের শিক্ষক দিয়ে। অনেক শিক্ষকই যেখানে বিষয়টি ভালোভাবে বোঝেন না, সেখানে শিক্ষার্থীরা কীভাবে তা আয়ত্ত করবেন?
অভিযোগ আছে, অনেক প্রতিষ্ঠানে মাসের পর মাস ল্যাবরুমের দরজাই খোলা হয় না। কারিকুলাম আর শিক্ষানীতির অবস্থা তো আরো ভয়ংকর। সরকার পাল্টালে কারিকুলাম, নীতি পাল্টে যায়। এত সংকট রেখে ফলকে ঘিরে শিক্ষার্থীদের শুধু দোষারোপ কিংবা শিক্ষার বাস্তব চিত্র বলে উচ্ছ্বসিত হলে হবে না; বরং দীর্ঘদিনের এসব সংকট আর জিইয়ে না রেখে এখন দীর্ঘমেয়াদি, বাস্তবমুখী, কার্যকর পরিকল্পনা নিতে হবে। অন্যথায় শিক্ষার মানের অবনতি আরো বাড়বে, যার দীর্ঘমেয়াদি প্রভাব পড়বে ভবিষ্যৎ প্রজন্মের ওপর।
কুমিল্লা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক ড. মো. শফিকুল ইসলাম, এবার ইংরেজি ও উচ্চতর গণিতে ফেল করার হার বেশি থাকার উল্লেখযোগ্য কারণ হিসেবে শিক্ষার্থীদের মোবাইল আসক্তি, কয়েকটি আন্দোলন, পরীক্ষা পদ্ধতির পরিবর্তন এবং সম্পূর্ণ নকলমুক্ত পরীক্ষা গ্রহণের বিষয়গুলো উল্লেখ করেন।
যশোর বোর্ডের চেয়ারম্যান প্রফেসর ফারুখে আযম মু. আব্দুস ছালাম বলেন, গ্রামে-গঞ্জে দক্ষ শিক্ষকের ব্যাপক ঘাটতি রয়েছে। এ ছাড়া শিক্ষার্থীদের মধ্যে ইংরেজি ভীতি রয়েছে। আর আইসিটি পড়াতে গেলে যে মানের শিক্ষক দরকার, সেই মানের শিক্ষক নেই। অনেক অধ্যায় আছে যা অন্য বিষয়ের শিক্ষক দিয়ে পড়ানো সম্ভব নয়। তাই দ্রুত সময়ের মধ্যে দক্ষ শিক্ষক নিয়োগ দিতে হবে।
মাউশির সাবেক মহাপরিচালক ড. মুহাম্মদ আজাদ খান বলেন, ফেলের হার বৃদ্ধির অনুঘটক ইংরেজি ও আইসিটি বিষয়। এই বিষয়গুলোতে শিক্ষক সংকটের পাশাপাশি দক্ষ ও প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষকেরও অভাব রয়েছে। শ্রেণিকক্ষে পাঠদান ও গ্রহণ জোরদার করে মূল্যায়ন মানদণ্ড ঠিক রেখে ফল ব্যবস্থাকে পর্যায়ক্রমে উন্নীত করার ব্যবস্থা নিতে হবে।
সার্বিক বিষয়ে শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন বলেন, এইচএসসি পরীক্ষার ফল সন্তোষজনক হয়নি। ফলাফল এভাবে নিচের দিকে নেমে আসা কখনোই কাম্য নয়। ঘাটতি আমাদের শিখন পদ্ধতিতে রয়েছে, অভিভাবকদের রয়েছে, পরিবেশেও রয়েছে। সামগ্রিক ফলাফলে পাসের হার কমার পেছনে দুই বিষয়ের খারাপ ফল বড় ভূমিকা রেখেছে বলে মনে করা হচ্ছে। পরিস্থিতি উত্তরণে এসব দুর্বলতা কাটিয়ে ওঠার উদ্যোগ নেওয়া হবে। ইংরেজির দুর্বলতা কাটাতে আমরা এরই মধ্যে বিশেষ কোর্স কারিকুলাম হাতে নিয়েছি।
