Logo
×

Follow Us

শিক্ষা

৫ বছরের নথিসহ তলব

এইচএসসিতে ‘শূন্য পাস’ ২৬ কলেজকে ঢাকা বোর্ডের শোকজ

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০৬ নভেম্বর ২০২৬, ১০:৩৫ এএম

এইচএসসিতে ‘শূন্য পাস’ ২৬ কলেজকে ঢাকা বোর্ডের শোকজ

২০২৬ সালের এইচএসসি পরীক্ষায় একজন শিক্ষার্থীও পাস করতে না পারায় ২৬টি শিক্ষাপ্রতিষ্ঠানকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দিয়েছে ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড। শতভাগ ফেলের কারণ ব্যাখ্যা করতে বিগত পাঁচ বছরের প্রশাসনিক ও অ্যাকাডেমিক নথিপত্রসহ সংশ্লিষ্ট কলেজের অধ্যক্ষদের বোর্ডে সশরীরে হাজির হওয়ার কঠোর নির্দেশ দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার ঢাকা শিক্ষা বোর্ডের কলেজ পরিদর্শক (অতিরিক্ত দায়িত্ব) কুদরাত-ই-খুদার সই করা এই নোটিশ সংশ্লিষ্ট কলেজগুলোর অধ্যক্ষ বরাবর পাঠানো হয়।

নোটিশে উল্লেখ করা হয়, পরীক্ষায় কোনো শিক্ষার্থী পাস না করায় এসব প্রতিষ্ঠানের বিরুদ্ধে কেন বিধিমোতাবেক শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে না, সে বিষয়ে সুস্পষ্ট ও লিখিত জবাব দিতে হবে। এ জন্য আগামী মঙ্গলবার (১০ নভেম্বর) সকাল ১০টায় শিক্ষা বোর্ডের সভাকক্ষে অনুষ্ঠিতব্য এক জরুরি সভায় সংশ্লিষ্ট অধ্যক্ষদের ব্যক্তিগতভাবে উপস্থিত থাকতে বলা হয়েছে। শুনানিতে অংশ নেওয়ার সময় প্রতিষ্ঠানগুলোর বিগত পাঁচ বছরের অ্যাকাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম সংক্রান্ত সব ধরনের প্রয়োজনীয় কাগজপত্র সঙ্গে নিয়ে আসতে হবে।

ঢাকা বোর্ডের শতভাগ ফেল করা ২৫ শিক্ষা প্রতিষ্ঠানের তালিকা

ঢাকা শিক্ষা বোর্ডের অধীন শূন্য পাস করা ২৫টি প্রতিষ্ঠানের ১০২ জন পরীক্ষার্থী অংশ নিয়ে সবাই অকৃতকার্য হয়েছে। প্রতিষ্ঠানগুলো হলো:

ঢাকা (৩টি): ই. হক কলেজ, সিটি মডেল কলেজ ও এশিয়ান আইডিয়াল কলেজ।

ফরিদপুর (৪টি): কবি জসীম উদ্দীন উচ্চবিদ্যালয়, মেঘচামী আদর্শ স্কুল অ্যান্ড কলেজ, কাজী সিরাজুল ইসলাম গার্লস হাই স্কুল এবং সাঈদা সাজেদা চৌধুরী উচ্চবিদ্যালয় ও কলেজ।

গাজীপুর (১টি): জালাল উদ্দিন মাস্টার স্কুল অ্যান্ড কলেজ।

গোপালগঞ্জ (১টি): দুর্বাসুর মডেল হাই স্কুল।

কিশোরগঞ্জ (২টি): কিশোরগঞ্জ সিটি কলেজ ও আবুল কাশেম কলেজ।

মানিকগঞ্জ (২টি): ড. আবদুর রহিম খান মহিলা কলেজ ও গোলাম মনির হোসেন মহিলা কলেজ।

মুন্সীগঞ্জ (৩টি): মদিনীমণ্ডল গার্লস কলেজ, রাইদা অভয় পাইলট স্কুল অ্যান্ড কলেজ ও হাসাড়াখালি কিশোর উচ্চবিদ্যালয়।

নারায়ণগঞ্জ (২টি): নবীগঞ্জ গার্লস স্কুল অ্যান্ড কলেজ ও গিয়াস উদ্দিন চৌধুরী স্কুল অ্যান্ড কলেজ।

রাজবাড়ী (২টি): মুক্তিযোদ্ধা ফকির আবদুল জব্বার কলেজ ও কাচারী পাড়া হাই স্কুল।

শরীয়তপুর (১টি): নগর পাড়া স্কুল অ্যান্ড কলেজ।

টাঙ্গাইল (৪টি): আলোয়া হাই স্কুল, খন্দকার আসাদুজ্জামান একাডেমি, শিমলা পাবলিক হাই স্কুল ও সুরা তরুণ শিক্ষাঙ্গণ।

উল্লেখ্য, সদ্য সমাপ্ত পরীক্ষায় দেশের ২৯৩টি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে অংশ নেওয়া কোনো শিক্ষার্থীই পাস করতে পারেনি, যা গত বছরের তুলনায় ৯১টি বেশি। বিপর্যয়কর এ ফলাফলের দায়ে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ), পাঠদানের অনুমতি বাতিল এবং এমপিও (মান্থলি পে-অর্ডার) বন্ধের মতো কঠোর শাস্তিমূলক পদক্ষেপ নিতে যাচ্ছে বলে জানিয়েছিল শিক্ষা প্রশাসন।

গত শনিবার (৩১ অক্টোবর) দেশজুড়ে ২০২৬ সালের এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হয়। প্রকাশিত ফলাফলে ১১টি শিক্ষা বোর্ডে গড় পাসের হার রেকর্ড হয়েছে ৫২ দশমিক ১২ শতাংশ।

এ বছর মোট ১২ লাখ ৪০ হাজার ৭৯৮ জন পরীক্ষার্থী অংশ নিয়ে পাস করেছেন ৬ লাখ ৪৬ হাজার ৬৮৫ জন। পরীক্ষায় জিপিএ-৫ পেয়েছেন ৪০ হাজার ৮৪ জন শিক্ষার্থী, যা গত বছরের (৬৯ হাজার ৯৭ জন) তুলনায় ২৯ হাজার ১৩ জন কম।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫