মুসা মিয়া বুদ্ধি বিকাশ বিদ্যালয় অন্ধকারে আলোর মশাল
নাসিম আনসারী
প্রকাশ: ০৫ নভেম্বর ২০২৬, ১১:৩১ এএম
মুসা মিয়া বুদ্ধি বিকাশ বিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে রেডিয়েন্ট ফার্মাসিউটিক্যালসের চেয়ারম্যান নাসের শাহরিয়ার জাহেদী ও পরিচালক মুসাওয়াত শামস্ জাহেদী। ছবি: সাম্প্রতিক দেশকাল
প্রতিবন্ধী মানেই যেখানে মনে করা হয় বোঝা, অবহেলার চোখে দেখা হয় পুরো পরিবারটিকেই, সেখানে এসব পরিবারের পাশে শক্তভাবে দাঁড়িয়েছে ঝিনাইদহ মুসা মিয়া বুদ্ধি বিকাশ বিদ্যালয়। সম্পূর্ণ বিনা খরচে বছরের পর বছর সেবা দিয়ে চলেছে প্রতিষ্ঠানটি।
স্কুল সূত্রে জানা যায়, বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের সামাজিক প্রতিবন্ধকতা পেরিয়ে যথাযথ প্রশিক্ষণ প্রদানের মাধ্যমে যুগোপযোগী শিক্ষা নিশ্চিত করে তাদের সমাজের মূল ধারায় ফিরিয়ে আনার জন্য মুসা মিয়া বুদ্ধি বিকাশ বিদ্যালয়টি প্রতিষ্ঠিত হয় ২০১৪ সালের ১৭ আগস্ট। বর্তমানে চুয়াডাঙ্গা বাসস্ট্যান্ডের দক্ষিণ দিকে তিন তলাবিশিষ্ট একটি ভবনে চলে দুই শতাধিক বিশেষ চাহিদাসম্পন্ন শিশুর পাঠদান।
প্রতিষ্ঠার শুরু থেকেই ঝিনাইদহ জাহেদী ফাউন্ডেশন বিদ্যালয়টিতে সর্বাত্মক পৃষ্ঠপোষকতা করে আসছে। এখানে প্রায় এক কোটি টাকার ওপর ব্যয়ে নির্মিত অত্যাধুনিক আইসিটি ল্যাব, সমৃদ্ধ ফিজিওথেরাপি ল্যাব, স্পিচ ও অকুপেশনাল থেরাপি ল্যাব, সেন্সরি ল্যাবসহ শিশুদের দক্ষতা বৃদ্ধি, মানসিক ও শারীরিক বিকাশে সহায়ক বিভিন্ন সুযোগ-সুবিধা চলমান। এখানে পাঁচ ধরনের বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থী, যেমন—বুদ্ধি প্রতিবন্ধী, ডাউন সিনড্রোম, সেরিব্রিয়াল পালসি, শ্রবণ প্রতিবন্ধী এবং বহুমাত্রিক প্রতিবন্ধীদের শিক্ষার ব্যবস্থা রয়েছে।
বিদ্যালয়টিতে তিন হাজার ৫০০-এর অধিক বিশেষ প্রশিক্ষণ যন্ত্রপাতি ও শিখন উপকরণ সহায়তা রয়েছে। রেডিয়্যান্ট ফার্মাসিউটিক্যালসের চেয়ারম্যান নাসের শাহরিয়ার জাহেদী মহুল বিদ্যালয়টির নামে ১৫ শতক জমি দান করেন। বিদ্যালয়ের যাবতীয় ব্যয়ভার বহন করা ছাড়াও শিক্ষার্থীদের যাতায়াতের সুবিধার্থে একটি স্কুল পিকআপ ভ্যান প্রদান করেছে জাহেদী ফাউন্ডেশন।
বিদ্যালয়টিতে ১২ জন সুপ্রশিক্ষিত শিক্ষক, তিনজন থেরাপিস্ট, ছয়জন শিক্ষা সহকারী ও আটজন কর্মকর্তা নিয়মিত নিরলস পরিশ্রম করে চলেছেন।
ঝিনাইদহের মুসা মিয়া বুদ্ধি বিকাশ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সিরাজুম মুনিরা জানান, বিদ্যালয়ে মানসম্পন্ন শিক্ষার ফলে একজন শিশু চিত্রাঙ্কনে প্রধানমন্ত্রীর কাছ থেকে জাতীয়ভাবে পুরস্কার, দুজন শিক্ষার্থী জার্মানির বার্লিনে অনুষ্ঠিত স্পেশাল অলিম্পিকে স্বর্ণপদক ও ব্রোঞ্জ পদক লাভ করার গৌরব অর্জন করে, যা ঝিনাইদহবাসীর জন্য এক অনন্য গৌরব বয়ে এনেছে।
তিনি বলেন, আমরা এখানে তিন ধাপে শিক্ষা দিয়ে থাকি। তিন থেকে ছয় বছরের মধ্যে আর্লি ডেভেলপমেন্ট চাইল্ডহুল প্রোগ্রাম, ৭ থেকে ১৩ বছরের শিশুদের অ্যাডভান্স লেভেল, ১৩ বছরের ওপরের বাচ্চাদের অটিজম শ্রেণিতে ভাগ করে শিক্ষা দিয়ে থাকি।
স্কুলের ছাত্রী পান্না আক্তার জানায়, জার্মানির বার্লিনে অনুষ্ঠিত স্পেশাল অলিম্পিকে স্বর্ণপদক জয় করেছে সে। এটা তার জন্য খুবই আনন্দের।

ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সিরাজুম মুনিরা বলেন, ‘শিশুদের বিভিন্ন জাতীয় অনুষ্ঠানের সঙ্গে পরিচয় করিয়ে দিতে সব ধরনের জেলাভিত্তিক আয়োজনের সঙ্গে আমরা সম্পৃক্ত হই । এ ছাড়া পিঠা উৎসব, নবান্ন উৎসব, বিভিন্ন নাচ, শারীরিক পারফরম্যান্সেও যোগ দেয় বাচ্চারা।
ঝিনাইদহ জাহেদী ফাউন্ডেশনের সমন্বয়কারী তবিবুর রহমান লাবু জানান, স্কুলটি বর্তমানে ঝিনাইদহের একটি গৌরবের জায়গা। নাসের শাহরিয়ার জাহেদীর বাবার নামে স্কুলটি প্রতিষ্ঠিত। আমাদের এখানে ১০ কিলোমিটার দূরের বিশেষ চাহিদাসম্পন্ন শিশুরাও পড়তে আসে। তাদের জন্য যাতায়াতের সুব্যবস্থা করা হয়েছে। একটি পিকআপ ভ্যানে নিরাপদে তাদের বাড়ি থেকে আনা-নেওয়া করা হচ্ছে। আরো একটি গাড়ির ব্যবস্থা করার পরিকল্পনা রয়েছে। এ ছাড়া স্কুলটি সম্পূর্ণ অনাবাসিক। তবে আমাদের চিন্তাভাবনা রয়েছে স্কুলটিকে ভবিষ্যতে আবাসিক করার।
