এ বছর এইচএসসি ও সমমানের পরীক্ষায় এক থেকে দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের জন্য সাপ্লিমেন্টারি বা সম্পূরক পরীক্ষা নেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। আগামী ২ ডিসেম্বর থেকে এ পরীক্ষা শুরুর সম্ভাব্য তারিখ নির্ধারণ করেছে শিক্ষা বোর্ড। প্রশ্নপত্র প্রণয়নের কাজ শেষ হওয়া সাপেক্ষে এ সময়সূচি চূড়ান্ত করা হবে।
শিক্ষা বোর্ড সূত্র জানায়, পুনর্নিরীক্ষণের ফল প্রকাশের পর সম্পূরক পরীক্ষায় কারা অংশ নিতে পারবেন, সে বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। প্রাথমিকভাবে এক থেকে দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের এ সুযোগ দেওয়ার কথা বিবেচনা করা হচ্ছে।
শনিবার (৩১ অক্টোবর) ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক এবং আন্তশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটির আহ্বায়ক অধ্যাপক জেসমিন তাসলিমা বানুর সই করা কর্মপরিকল্পনায় এ তথ্য জানানো হয়।
কর্মপরিকল্পনা অনুযায়ী, ১ থেকে ২০ নভেম্বর পর্যন্ত সম্পূরক পরীক্ষার প্রশ্নপত্র প্রণয়নের কাজ চলবে। এরপর ২ ডিসেম্বর থেকে পরীক্ষা নেওয়ার সম্ভাব্য তারিখ নির্ধারণ করা হয়েছে। এ পরীক্ষার ফল প্রকাশের জন্য ৩১ ডিসেম্বর দিন ধার্য করা হয়েছে।
এদিকে এইচএসসি পরীক্ষার ফল পুনর্নিরীক্ষণের আবেদন গ্রহণ শুরু হবে ১ নভেম্বর। শিক্ষার্থীরা অনলাইনে ৭ নভেম্বর পর্যন্ত আবেদন করতে পারবেন।
কর্মপরিকল্পনা অনুযায়ী, ৮ নভেম্বর বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) কাছ থেকে আবেদনকারীদের তথ্য সংগ্রহ করা হবে। এরপর ৯ থেকে ১২ নভেম্বর পর্যন্ত পুনর্মূল্যায়নের পরীক্ষক নিয়োগ ও উত্তরপত্র সংগ্রহের কাজ চলবে। ১৩ থেকে ১৯ নভেম্বর পর্যন্ত উত্তরপত্র পুনর্মূল্যায়ন করা হবে। ২০ নভেম্বরের মধ্যে নম্বর পরিবর্তনসংক্রান্ত বিবরণী ও উত্তরপত্র কম্পিউটার সেলে পাঠাতে হবে। পরবর্তী সময়ে ২১ থেকে ২৩ নভেম্বর পর্যন্ত পরিবর্তিত নম্বর এন্ট্রি ও উত্তরপত্রের তথ্য যাচাই করা হবে। ২৪ থেকে ২৬ নভেম্বর চলবে চূড়ান্ত যাচাই কার্যক্রম।
সব প্রক্রিয়া শেষে ২৭ নভেম্বর পুনর্নিরীক্ষণের ফল প্রকাশের তারিখ নির্ধারণ করা হয়েছে। এ ফল প্রকাশের পরই সম্পূরক পরীক্ষায় অংশগ্রহণের যোগ্যতা ও চূড়ান্ত সময়সূচি সম্পর্কে সিদ্ধান্ত জানা যাবে।
চলতি ২০২৬ খ্রিষ্টাব্দের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। এ বছর ১১টি শিক্ষা বোর্ডে পাসের হার ৫২ দশমিক ১২ শতাংশ। জিপিএ-৫ পেয়েছেন ৪০ হাজার ৮৪ জন পরীক্ষার্থী। গত বছর এইচএসসি ও সমমানে জিপিএ-৫ পেয়েছিলেন ৬৯ হাজার ৯৭ জন পরীক্ষার্থী এবং মোট পাসের হার ছিল ৫৮ দশমিক ৮৩ শতাংশ।
শনিবার সকাল ১১টায় শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সভাকক্ষে এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশের উদ্বোধন করেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। এরপর এ ফল দেশের শিক্ষা বোর্ডগুলোর ওয়েবসাইট, সংশ্লিষ্ট সব পরীক্ষা কেন্দ্র ও শিক্ষাপ্রতিষ্ঠান এবং এসএমএসের মাধ্যমে প্রকাশ করা হয়।
চলতি বছরের এইচএসসি ও সমমানের পরীক্ষা গত ২ জুলাই থেকে শুরু হয়। গত ৮ আগস্ট এ পরীক্ষা শেষ হয়। বন্যার কারণে চট্টগ্রাম বোর্ডের পরীক্ষা পেছানো হয়। পরে সে পরীক্ষা অনুষ্ঠিত হয়ে শেষ হয়েছে গত ৯ সেপ্টেম্বর।
