অর্থনীতির প্রবৃদ্ধি, মানুষের ঋণগ্রস্ত জীবন: ক্রয়ক্ষমতার সংকটের অন্তর্লিখন
মো. সাইফুল ইসলাম মাসুম
প্রকাশ: ০৮ নভেম্বর ২০২৬, ১১:২১ এএম
একটি অর্থনীতির প্রকৃত স্বাস্থ্য কেবল তার মোট দেশজ উৎপাদনের প্রবৃদ্ধি, বৈদেশিক মুদ্রার রিজার্ভ কিংবা শেয়ারবাজারের সূচক দিয়ে পরিমাপ করা যায় না; বরং সাধারণ মানুষের আয় দিয়ে কতটা জীবনযাপন করা সম্ভব, মাস শেষে কতটা সঞ্চয় অবশিষ্ট থাকে এবং ভবিষ্যৎ অনিশ্চয়তা মোকাবিলায় একটি পরিবার কতটা আর্থিক সক্ষমতা ধরে রাখতে পারে, তার মধ্যেই অর্থনীতির অন্তর্নিহিত শক্তির প্রকৃত পরিচয় নিহিত।
বাংলাদেশের সাম্প্রতিক অর্থনৈতিক বাস্তবতা এই মৌলিক সত্যটিকেই নতুন করে সামনে নিয়ে এসেছে। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) ‘লিভিং স্ট্যান্ডার্ড সার্ভে ২০২৫’-এর বিশেষ জরিপ অনুযায়ী, দেশের ৪৭.৪২ শতাংশ পরিবার নিত্যপ্রয়োজনীয় জীবনযাত্রার ব্যয় মেটাতে ঋণ নিয়েছে। অর্থাৎ প্রায় প্রতি দুটি পরিবারের একটিকে দৈনন্দিন জীবনধারণের ব্যয় নির্বাহ করতে ধারদেনার আশ্রয় নিতে হচ্ছে।
এটি নিছক পারিবারিক অর্থব্যবস্থাপনার দুর্বলতা নয়; বরং আয়, মূল্যস্তর, কর্মসংস্থান ও ক্রয়ক্ষমতার মধ্যকার গভীর কাঠামোগত অসামঞ্জস্যের একটি তাৎপর্যপূর্ণ সংকেত।
জরিপের সবচেয়ে তাৎপর্যপূর্ণ দিকটি নিহিত রয়েছে জাতীয় পর্যায়ে পরিবারের গড় আয় ও ব্যয়ের ব্যবধানে। একটি পরিবারের মাসিক গড় আয় ৩৩ হাজার ৫১৩ টাকা, বিপরীতে গড় ব্যয় ৩৫ হাজার ৩১১ টাকা। অর্থাৎ মাসিক আয় দিয়ে ব্যয় নির্বাহ করতে পরিবারপ্রতি গড়ে ১ হাজার ৭৯৮ টাকা ঘাটতি হচ্ছে।
বার্ষিক হিসাবে এই ঘাটতি দাঁড়ায় ২১ হাজার ৫৭৬ টাকা। আপাতদৃষ্টিতে অঙ্কটি খুব বড় মনে না হলেও এর অর্থনৈতিক তাৎপর্য গভীর। কারণ, এই হিসাব কোনো এক মাসের সাময়িক দুর্যোগের প্রতিফলন নয়; বরং দীর্ঘ সময় ধরে আয় ও ব্যয়ের এই ব্যবধান বজায় থাকলে পরিবারটির সঞ্চয় নিঃশেষ হওয়ার পাশাপাশি ঋণনির্ভরতা বাড়তে বাধ্য। আর ঋণের সুদ, কিস্তি কিংবা অনানুষ্ঠানিক ধারদেনার অতিরিক্ত ব্যয় যুক্ত হলে পরবর্তী মাসের আর্থিক ঘাটতি আরও বিস্তৃত হতে পারে।
তবে একটি গুরুত্বপূর্ণ বিষয় এখানে স্পষ্ট করা প্রয়োজন। জরিপে ঋণগ্রস্ততার যে হার উঠে এসেছে, তা দিয়ে সব ঋণকে ব্যাংকঋণ হিসেবে চিহ্নিত করা যায় না। পরিবারের ধারদেনার উৎস ব্যাংক, ক্ষুদ্রঋণ প্রতিষ্ঠান, আত্মীয়স্বজন, মহাজনি ঋণ কিংবা অন্যান্য অনানুষ্ঠানিক মাধ্যমও হতে পারে।
একইভাবে, জাতীয় গড় আয় ও ব্যয়ের ব্যবধান থেকে প্রতিটি পরিবারের ব্যক্তিগত আর্থিক অবস্থার সরাসরি সিদ্ধান্তে পৌঁছানো সম্ভব নয়। কিন্তু এসব সীমাবদ্ধতা সত্ত্বেও জরিপের ফলাফল একটি মৌলিক প্রশ্ন সামনে নিয়ে আসে: মানুষ যখন উৎপাদনশীল বিনিয়োগ, ব্যবসা সম্প্রসারণ কিংবা সম্পদ সৃষ্টির পরিবর্তে খাদ্য, বাসস্থান, চিকিৎসা ও অন্যান্য মৌলিক চাহিদা মেটাতে ঋণ নেয়, তখন সেই ঋণ অর্থনীতিতে কী ধরনের দীর্ঘমেয়াদি পরিণতি সৃষ্টি করে?
এই প্রশ্নের উত্তর খুঁজতে প্রথমেই কেইনসীয় ভোগ তত্ত্বের দিকে তাকানো প্রয়োজন। অর্থনীতিবিদ জন মেনার্ড কেইনসের ভোগ-আয় সম্পর্কিত ধারণা অনুযায়ী, মানুষের আয় বাড়লে সাধারণত ভোগব্যয়ও বাড়ে, যদিও আয়ের প্রতিটি অতিরিক্ত টাকা ভোগে ব্যয় হয় না। একটি পরিবার তার আয়ের যে অংশ ভোগে ব্যয় করে, তাকে প্রান্তিক ভোগপ্রবণতা বলা হয়।
নিম্ন আয়ের পরিবারের ক্ষেত্রে খাদ্য, চিকিৎসা, বাসস্থান ও শিক্ষার মতো মৌলিক চাহিদা পূরণের জন্য আয়ের বড় অংশ ব্যয় করতে হয়। ফলে তাদের সঞ্চয়ের সুযোগ সীমিত থাকে এবং মূল্যস্ফীতি বেড়ে গেলে ব্যয় সংকোচনের সুযোগও তুলনামূলকভাবে কমে যায়।
উচ্চ আয়ের একটি পরিবার মূল্যবৃদ্ধির অভিঘাত সাময়িকভাবে সঞ্চয় কমিয়ে কিংবা বিলাসবহুল ব্যয় স্থগিত রেখে সামাল দিতে পারে। কিন্তু নিম্ন ও নিম্নমধ্যবিত্ত পরিবারের ক্ষেত্রে খাদ্য, ওষুধ কিংবা বাসাভাড়ার ব্যয় সহজে কমানো সম্ভব নয়। ফলে তাদের প্রকৃত আয় কমে গেলে প্রথমে সঞ্চয় ভাঙতে হয়, এরপর আত্মীয়স্বজনের কাছ থেকে ধার করতে হয়, ক্ষুদ্রঋণ নিতে হয় কিংবা সুদভিত্তিক ঋণের ওপর নির্ভর করতে হয়।
অর্থাৎ যে অর্থনৈতিক ব্যবস্থায় আয় বৃদ্ধির তুলনায় জীবনযাত্রার ব্যয় দ্রুত বাড়ে, সেখানে ভোগব্যয়কে আয়সীমার মধ্যে ধরে রাখা ক্রমেই কঠিন হয়ে পড়ে। এর পরিণতিতে পারিবারিক ঋণগ্রস্ততা বাড়ে এবং অর্থনীতির অভ্যন্তরীণ ভোগচাহিদাও দুর্বল হওয়ার ঝুঁকিতে পড়ে।
এই সংকটের আরেকটি গুরুত্বপূর্ণ ব্যাখ্যা পাওয়া যায় প্রকৃত মজুরি ও প্রকৃত ক্রয়ক্ষমতার বিশ্লেষণে। নামমাত্র আয় বা মজুরি বাড়লেই মানুষের জীবনযাত্রার মান বাড়ে না। আয় বৃদ্ধির তুলনায় পণ্য ও সেবার মূল্য দ্রুত বাড়লে প্রকৃত আয় কমে যায়।
উদাহরণস্বরূপ, কোনো শ্রমিকের মাসিক মজুরি ৮ শতাংশ বাড়লেও তার প্রয়োজনীয় পণ্য ও সেবার মূল্য যদি একই সময়ে ৯ শতাংশ বাড়ে, তাহলে নামমাত্র মজুরি বৃদ্ধি সত্ত্বেও তার প্রকৃত ক্রয়ক্ষমতা হ্রাস পায়। সহজভাবে বলতে গেলে, গত বছর যে পরিমাণ অর্থ দিয়ে একটি পরিবার মাসের প্রয়োজনীয় বাজার করতে পারত, এ বছর সেই অর্থে সমপরিমাণ পণ্য কেনা সম্ভব নাও হতে পারে।
বিবিএসের মজুরি হার সূচক অনুযায়ী, ২০২৬ সালের সেপ্টেম্বরে মজুরি বৃদ্ধির হার কমে ৭.৯ শতাংশে নেমে এসেছে, যা আগের মাসে ছিল ৮.০৫ শতাংশ। অন্যদিকে, একই মাসে মূল্যস্ফীতি ছিল ৮.৩৪ শতাংশ। এই দুই সূচকের সরল ব্যবধান প্রায় ঋণাত্মক ০.৪৪ শতাংশ পয়েন্ট।
অবশ্য প্রকৃত মজুরির সুনির্দিষ্ট পরিবর্তন নির্ধারণে সংশ্লিষ্ট শ্রমিকদের ভোগঝুড়ি ও মূল্যসূচকের সামঞ্জস্যও বিবেচনায় নিতে হয়। তবু পরিসংখ্যানটি স্পষ্ট করে যে নামমাত্র মজুরি বৃদ্ধি মূল্যস্ফীতির সঙ্গে তাল মেলাতে পারছে না।
আরও উদ্বেগজনক হলো, সরকারি পরিসংখ্যান অনুযায়ী, ২০২৬ সালের সেপ্টেম্বর পর্যন্ত টানা ৫৬ মাস মজুরি বৃদ্ধির হার মূল্যস্ফীতির নিচে ছিল। দীর্ঘ সময় ধরে চলতে থাকা এই ব্যবধানকে সাময়িক মূল্যবৃদ্ধি হিসেবে দেখার সুযোগ সীমিত; বরং এটি শ্রমজীবী মানুষের ক্রয়ক্ষমতার ওপর দীর্ঘস্থায়ী চাপের ইঙ্গিত দেয়।
এখানে মিল্টন ফ্রিডম্যানের স্থায়ী আয় তত্ত্ব এবং জীবনচক্রভিত্তিক ভোগ ধারণারও প্রাসঙ্গিকতা রয়েছে। এই তত্ত্বগুলোর মূল বক্তব্য হলো, মানুষ কেবল বর্তমান আয় বিবেচনা করে ভোগের সিদ্ধান্ত নেয় না; ভবিষ্যৎ আয়, সঞ্চয়, সম্পদ এবং সম্ভাব্য আর্থিক নিরাপত্তাকেও বিবেচনায় রাখে। একটি পরিবার যদি বিশ্বাস করে যে তার বর্তমান আয়ের ঘাটতি সাময়িক, ভবিষ্যতে আয় বাড়বে, তাহলে সে সীমিত পরিসরে ঋণ নিয়ে বর্তমান ভোগ বজায় রাখতে পারে।
কিন্তু ভবিষ্যৎ আয় বৃদ্ধির সম্ভাবনা দুর্বল হলে এবং মূল্যস্ফীতি দীর্ঘস্থায়ী হলে সেই ঋণ ভোগের সাময়িক সেতু না হয়ে আর্থিক ফাঁদে পরিণত হতে পারে। তখন ঋণ পরিশোধের জন্য নতুন ঋণ নিতে হয়, কিংবা সুদ ও কিস্তি মেটাতে খাদ্য, চিকিৎসা ও শিক্ষার ব্যয় কমাতে হয়। এভাবে বর্তমানের আর্থিক ঘাটতি ভবিষ্যতের মানবসম্পদ উন্নয়নকেও ক্ষতিগ্রস্ত করে।
ভোগ ও সঞ্চয়ের এই সংকটের সঙ্গে দারিদ্র্যের সম্পর্ক ব্যাখ্যা করতে দারিদ্র্যের দুষ্টচক্র মডেল বিশেষভাবে প্রাসঙ্গিক। নিম্ন আয় সঞ্চয়ের সুযোগ কমিয়ে দেয়; সঞ্চয় কম হলে উৎপাদনশীল বিনিয়োগ সীমিত থাকে; বিনিয়োগের অভাবে দক্ষতা, প্রযুক্তি ও উৎপাদনশীলতা বাড়ে না; আর উৎপাদনশীলতা না বাড়লে আয় বৃদ্ধির সম্ভাবনাও দুর্বল থাকে। এর সঙ্গে উচ্চ সুদের ঋণ, স্বাস্থ্যঝুঁকি ও অনিশ্চিত কর্মসংস্থান যুক্ত হলে পরিবারটি দীর্ঘমেয়াদি দারিদ্র্য থেকে বেরিয়ে আসার প্রয়োজনীয় সম্পদ গড়ে তুলতে পারে না। অর্থাৎ ঋণ এখানে কেবল আর্থিক দায় নয়; এটি ভবিষ্যতে দারিদ্র্য থেকে উত্তরণের সক্ষমতাকেও সংকুচিত করতে পারে।
বিশেষ করে যখন ঋণ নিয়ে কোনো পরিবার সন্তানের শিক্ষা, পেশাগত প্রশিক্ষণ, ব্যবসা সম্প্রসারণ কিংবা কৃষিতে উৎপাদনশীল বিনিয়োগ করতে পারে না, বরং কেবল বর্তমানের ভোগব্যয় মেটাতে বাধ্য হয়, তখন সেই ঋণ ভবিষ্যৎ আয় সৃষ্টির সক্ষমতা বাড়ায় না। এর বিপরীতে ঋণের সুদ ও আসল পরিশোধ করতে গিয়ে পরিবারের হাতে যে অর্থ অবশিষ্ট থাকে, তা আরও কমে যায়। ফলে পরবর্তী মাসে আবারও ঘাটতি তৈরি হয়।
অর্থনীতির ভাষায় এটি ঋণনির্ভর দারিদ্র্যের একটি পুনরাবৃত্তিমূলক চক্র, যা সময়ের সঙ্গে পরিবারের আর্থিক স্থিতিস্থাপকতা দুর্বল করে দিতে পারে।
এই সংকটের ভৌগোলিক বণ্টনও বিশেষ তাৎপর্যপূর্ণ। বিবিএসের জরিপে দেখা গেছে, গ্রামীণ এলাকার ৫১.৯১ শতাংশ পরিবার নিত্যপ্রয়োজনীয় ব্যয় মেটাতে ঋণ নিয়েছে। শহরাঞ্চলে এই হার ৪০.১৯ শতাংশ এবং সিটি করপোরেশন এলাকায় ৩২.১১ শতাংশ।
অন্যদিকে, পরিবারপ্রতি মাসিক গড় ব্যয় সিটি করপোরেশন এলাকায় ৪৬ হাজার ৭৭৮ টাকা, শহরাঞ্চলে ৩৭ হাজার ৩৪৪ টাকা এবং গ্রামীণ এলাকায় ৩২ হাজার ৫৩২ টাকা। এই পরিসংখ্যানের মধ্যে একটি গুরুত্বপূর্ণ অর্থনৈতিক বৈপরীত্য রয়েছে। শহরে জীবনযাত্রার গড় ব্যয় বেশি হলেও ঋণ নেওয়ার হার গ্রামে বেশি। অর্থাৎ ব্যয়ের পরিমাণ একাই ঋণগ্রস্ততা নির্ধারণ করে না; বরং আয়, সম্পদ, সঞ্চয়, কর্মসংস্থানের স্থায়িত্ব এবং জরুরি সময়ে অর্থ পাওয়ার সুযোগও সমান গুরুত্বপূর্ণ।
গ্রামীণ অর্থনীতির বড় অংশ কৃষি, ক্ষুদ্র ব্যবসা, দিনমজুরি ও অনানুষ্ঠানিক কর্মসংস্থানের ওপর নির্ভরশীল। এসব আয়ের অনেকগুলোই মৌসুমি, অনিয়মিত কিংবা প্রাকৃতিক ও বাজারগত ঝুঁকির সঙ্গে যুক্ত। কৃষিপণ্যের উৎপাদক মূল্য কমে যাওয়া, উৎপাদন উপকরণের দাম বৃদ্ধি, মধ্যস্বত্বভোগীর প্রভাব এবং ঋণের ব্যয় কৃষকের প্রকৃত আয়কে সংকুচিত করতে পারে। আবার গ্রামীণ শ্রমজীবী মানুষের আয় নিয়মিত না হলে মাসিক খাদ্যব্যয় নির্বাহেও ধারদেনার প্রয়োজন দেখা দেয়। শহরের কিছু পরিবারের তুলনায় গ্রামীণ পরিবারের প্রাতিষ্ঠানিক আর্থিক সেবা ও বিকল্প কর্মসংস্থানের সুযোগ সীমিত হতে পারে। ফলে একটি আকস্মিক ব্যয় কিংবা আয়ের সামান্য পতনও তাদের ঋণনির্ভর করে তুলতে পারে।
তবে সিটি করপোরেশন এলাকার তুলনামূলক কম ঋণগ্রস্ততার হারকে স্বয়ংক্রিয়ভাবে বেশি আর্থিক স্বাচ্ছন্দ্যের প্রমাণ হিসেবে দেখা যাবে না। সেখানে গড় ব্যয় বেশি, যার ৫৬.৭ শতাংশ খাদ্যবহির্ভূত খাতে ব্যয় হয়। বাসাভাড়া, যাতায়াত, শিক্ষা, চিকিৎসা, বিদ্যুৎ ও অন্যান্য নাগরিক সেবার ব্যয় শহুরে পরিবারের বাজেটের ওপর বড় চাপ সৃষ্টি করতে পারে। আবার পরিবারের সম্পদ, পেশা, আয় ও ঋণ গ্রহণের সুযোগের পার্থক্যও জরিপের ফলাফলকে প্রভাবিত করতে পারে। তাই অঞ্চলভিত্তিক ঋণগ্রস্ততা বিশ্লেষণে শুধু ঋণ নেওয়ার হার নয়, ঋণের পরিমাণ, সুদের হার, পরিশোধের সক্ষমতা এবং পরিবারের আয়-সম্পদের অবস্থাও বিবেচনা করা জরুরি।
জরিপে জাতীয় পর্যায়ে খাদ্য ও খাদ্যবহির্ভূত ব্যয়ের ভারসাম্যও অর্থনৈতিক সংকটের প্রকৃতি বোঝার জন্য গুরুত্বপূর্ণ। জাতীয় পর্যায়ে মাসিক ব্যয়ের প্রায় অর্ধেক খাদ্যে এবং বাকি অর্ধেক খাদ্যবহির্ভূত খাতে ব্যয় হয়। গ্রামীণ এলাকায় খাদ্যব্যয়ের অনুপাত বেশি হলেও শহরাঞ্চলে খাদ্যবহির্ভূত ব্যয়ের চাপ তুলনামূলক বেশি। সিটি করপোরেশন এলাকায় মোট ব্যয়ের ৫৬.৭ শতাংশই খাদ্যবহির্ভূত খাতে চলে যায়। এই কাঠামো নির্দেশ করে যে জীবনযাত্রার ব্যয়ের সংকট কেবল চাল, ডাল, তেল কিংবা সবজির দাম বৃদ্ধির মধ্যে সীমাবদ্ধ নয়; বাসস্থান, পরিবহন, স্বাস্থ্য, শিক্ষা এবং অন্যান্য প্রয়োজনীয় সেবার ব্যয়ও পরিবারের আর্থিক সক্ষমতাকে সংকুচিত করছে।
এখানে ব্যয়-চাপের বণ্টনগত প্রভাবও গুরুত্বপূর্ণ। একই পরিমাণ মূল্যবৃদ্ধি নিম্ন আয়ের পরিবারকে উচ্চ আয়ের পরিবারের তুলনায় বেশি ক্ষতিগ্রস্ত করে, কারণ নিম্ন আয়ের পরিবারের বাজেটে মৌলিক চাহিদার অংশ বেশি। অর্থনীতিতে এই বিষয়টি আয় ও ভোগের অসমতার সঙ্গে সম্পর্কিত।
উচ্চ আয়ের পরিবার মূল্যবৃদ্ধির পরও তার আগের ভোগের বড় অংশ ধরে রাখতে পারে, কিন্তু নিম্ন আয়ের পরিবারকে পুষ্টি, চিকিৎসা কিংবা শিক্ষার মতো গুরুত্বপূর্ণ খাতে ব্যয় কমাতে হতে পারে। ফলে সামগ্রিক মূল্যস্ফীতি সবার জন্য একই হারে পরিমাপ করা হলেও তার সামাজিক অভিঘাত সমান হয় না।
বাংলাদেশের বর্তমান পরিস্থিতিকে সামগ্রিক চাহিদা ও সামগ্রিক জোগানের কাঠামোতেও বিশ্লেষণ করা প্রয়োজন। একদিকে জ্বালানি সংকট, উৎপাদন ব্যয় বৃদ্ধি, সরবরাহব্যবস্থার দুর্বলতা ও বাজারের অদক্ষতা পণ্য ও সেবার মূল্য বাড়াতে পারে।
অন্যদিকে, বিনিয়োগ ও কর্মসংস্থানের গতি দুর্বল হলে মানুষের আয় এবং ভোগচাহিদা সংকুচিত হয়। অর্থাৎ অর্থনীতি একই সঙ্গে মূল্যস্ফীতির চাপ এবং দুর্বল প্রবৃদ্ধির সমস্যায় পড়তে পারে। এই অবস্থায় কেবল সুদের হার বাড়িয়ে চাহিদা নিয়ন্ত্রণের চেষ্টা করলে ঋণনির্ভর ব্যবসা, ক্ষুদ্র উদ্যোক্তা ও কর্মসংস্থান আরও চাপে পড়তে পারে; আবার উৎপাদন ও সরবরাহের কাঠামোগত বাধা অক্ষুণ্ণ রেখে শুধু চাহিদা বাড়ানোর উদ্যোগ নিলে মূল্যস্ফীতির চাপও বাড়তে পারে।
এ কারণেই বাংলাদেশের জন্য মূল্যস্ফীতি মোকাবিলায় মুদ্রানীতি, রাজস্বনীতি এবং উৎপাদন ও সরবরাহব্যবস্থার সংস্কারের মধ্যে সমন্বয় প্রয়োজন। নিত্যপ্রয়োজনীয় পণ্যের সরবরাহ বাড়ানো, পরিবহন ও বিপণন ব্যয়ের অযৌক্তিক বৃদ্ধি কমানো, বাজার প্রতিযোগিতা নিশ্চিত করা এবং জ্বালানি সরবরাহের বাধা দূর করা ছাড়া কেবল আর্থিক নীতির মাধ্যমে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের প্রচেষ্টা যথেষ্ট নাও হতে পারে।
একই সঙ্গে প্রকৃত আয় ও কর্মসংস্থান বাড়ানোর ব্যবস্থা নিতে হবে, যাতে মূল্যস্ফীতি কমার পাশাপাশি পরিবারগুলোর আয়-ব্যয়ের ব্যবধানও সংকুচিত হয়।
বিশ্বব্যাংকের ৬ অক্টোবর ২০২৬-এ প্রকাশিত ‘বাংলাদেশ ডেভেলপমেন্ট আপডেট’ এই উদ্বেগকে আরও গভীর করেছে। সংস্থাটির পূর্বাভাস অনুযায়ী, ২০২৫-২৬ অর্থবছরে বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি ৩.৪ শতাংশে নেমে এসেছে এবং ২০২৬-২৭ অর্থবছরেও প্রবৃদ্ধি একই পর্যায়ে থাকতে পারে।
বিশ্বব্যাংকের বিশ্লেষণে দুর্বল বিনিয়োগ, রপ্তানির গতি হ্রাস, উচ্চ মূল্যস্ফীতি, জ্বালানি সংকট এবং আর্থিক খাতের দুর্বলতাকে অর্থনৈতিক কর্মকাণ্ডের ওপর গুরুত্বপূর্ণ চাপ হিসেবে চিহ্নিত করা হয়েছে। একই প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৫-২৬ অর্থবছরে আরও প্রায় ২১ লাখ মানুষ দারিদ্র্যের মধ্যে পড়েছে।
বিশ্বব্যাংকের পূর্বাভাস অনুযায়ী, জাতীয় দারিদ্র্যের হার ২০২২ সালের ১৮.৭ শতাংশ থেকে ২০২৬ সালে আনুমানিক ২২.৫ শতাংশে পৌঁছাতে পারে। এই পরিবর্তন কেবল আয়সীমার নিচে বসবাসকারী মানুষের সংখ্যা বৃদ্ধির হিসাব নয়; এর অর্থ হলো, সাম্প্রতিক বছরগুলোতে অর্থনৈতিক অগ্রগতির সুফল অনেক পরিবারের কাছে যথেষ্টভাবে পৌঁছায়নি এবং আগে দারিদ্র্য থেকে বেরিয়ে আসা কিছু পরিবারও পুনরায় ঝুঁকির মুখে পড়েছে। আয় কমে যাওয়া, কর্মসংস্থানের অনিশ্চয়তা ও ক্রয়ক্ষমতার অবক্ষয় একসঙ্গে কাজ করলে দারিদ্র্য থেকে উত্তরণের পথ যেমন সংকুচিত হয়, তেমনি দারিদ্র্যে ফিরে যাওয়ার ঝুঁকিও বেড়ে যায়।
এই বাস্তবতা বোঝার জন্য অর্থনৈতিক প্রবৃদ্ধির গুণগত দিকটি বিবেচনা করা জরুরি। মোট দেশজ উৎপাদন বাড়লেই সব শ্রেণির মানুষের আয় সমানভাবে বাড়ে না। প্রবৃদ্ধি যদি মূলত পুঁজি-নিবিড় খাত, সীমিতসংখ্যক প্রতিষ্ঠানের মুনাফা কিংবা কর্মসংস্থান-স্বল্প কার্যক্রমের মধ্যে কেন্দ্রীভূত থাকে, তাহলে জাতীয় আয় বাড়লেও সাধারণ মানুষের আয় বৃদ্ধির গতি দুর্বল থাকতে পারে।
অন্যদিকে, শ্রমঘন শিল্প, কৃষিভিত্তিক প্রক্রিয়াজাতকরণ, ক্ষুদ্র ও মাঝারি উদ্যোগ এবং উৎপাদনশীল সেবা খাতে কর্মসংস্থান সম্প্রসারিত হলে প্রবৃদ্ধির সুফল তুলনামূলক বিস্তৃত জনগোষ্ঠীর কাছে পৌঁছানোর সুযোগ তৈরি হয়।
বাংলাদেশের অর্থনীতিতে এই মুহূর্তে তাই শুধু প্রবৃদ্ধির হার বাড়ানোর লক্ষ্য যথেষ্ট নয়; প্রয়োজন কর্মসংস্থাননির্ভর, উৎপাদনশীল এবং অন্তর্ভুক্তিমূলক প্রবৃদ্ধি। নতুন বিনিয়োগের পরিবেশ তৈরি করা, বিদ্যুৎ ও গ্যাস সরবরাহের নির্ভরযোগ্যতা বাড়ানো, শিল্পের উৎপাদন ব্যয় কমানো, রপ্তানি বহুমুখীকরণ এবং দক্ষতাভিত্তিক কর্মসংস্থান সম্প্রসারণ এই লক্ষ্য অর্জনের গুরুত্বপূর্ণ উপাদান। একই সঙ্গে ক্ষুদ্র উদ্যোক্তাদের জন্য অর্থায়নের সুযোগ উন্নত করতে হবে, যাতে ঋণ কেবল ভোগের ঘাটতি পূরণের উপকরণ না হয়ে আয় সৃষ্টির মাধ্যম হতে পারে।
এখানে ব্যাংকিং খাতের ভূমিকাও অত্যন্ত গুরুত্বপূর্ণ। ব্যাংকের ঋণপ্রবাহ অর্থনীতিতে উৎপাদন, বিনিয়োগ ও কর্মসংস্থান সৃষ্টি করতে পারে; কিন্তু আর্থিক খাত দুর্বল হলে ঋণের সঠিক বণ্টন ব্যাহত হয় এবং উৎপাদনশীল খাতে অর্থায়ন বাধাগ্রস্ত হতে পারে।
বিশ্বব্যাংকের অক্টোবর ২০২৬-এর প্রতিবেদনে জুন ২০২৬-এ ব্যাংকিং খাতের খেলাপি ঋণের অনুপাত ৩৩.২ শতাংশে পৌঁছানোর কথা উল্লেখ করা হয়েছে। এমন পরিস্থিতিতে ব্যাংকের আর্থিক সক্ষমতা পুনরুদ্ধার, ঋণশৃঙ্খলা নিশ্চিত করা, সুশাসন প্রতিষ্ঠা এবং প্রকৃত উৎপাদনশীল উদ্যোক্তাদের কাছে ঋণ পৌঁছানো অত্যন্ত জরুরি। তবে ব্যাংকের খেলাপি ঋণ ও পরিবারের দৈনন্দিন ব্যয় মেটাতে নেওয়া ঋণ দুটি পৃথক বিষয়; তাদের মধ্যে সম্পর্ক বিশ্লেষণ করতে হলে ঋণের উৎস, ঋণগ্রহীতার ধরন ও অর্থের ব্যবহার সম্পর্কে আরও তথ্য প্রয়োজন।
নীতিনির্ধারণের ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন হলো, কীভাবে পরিবারগুলোর আয়-ব্যয়ের ভারসাম্য ফিরিয়ে আনা যায়। প্রথমত, প্রকৃত আয় বাড়ানোর জন্য মজুরি ও কর্মসংস্থানের মধ্যে কার্যকর সমন্বয় প্রয়োজন। শুধু নামমাত্র মজুরি বাড়িয়ে দিলে, কিন্তু একই সঙ্গে নিত্যপ্রয়োজনীয় পণ্য ও সেবার মূল্য দ্রুত বাড়তে থাকলে সেই বৃদ্ধির সুফল স্থায়ী হবে না।
জাতীয় বেতন কাঠামো নির্ধারণের ক্ষেত্রেও মূল্যস্ফীতি, পরিবারের ন্যূনতম ব্যয়, অঞ্চলভিত্তিক জীবনযাত্রার ব্যয় এবং কর্মীদের প্রকৃত ক্রয়ক্ষমতা বিবেচনায় নিতে হবে। তবে বেতন বৃদ্ধি যেন উৎপাদনশীলতা, রাজস্ব সক্ষমতা ও মূল্যস্থিতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হয়, সেটিও গুরুত্বপূর্ণ।
দ্বিতীয়ত, সামাজিক সুরক্ষাব্যবস্থাকে আরও কার্যকর ও লক্ষ্যভিত্তিক করতে হবে। দরিদ্র ও ঝুঁকিপূর্ণ পরিবারকে নগদ সহায়তা, খাদ্যসহায়তা, চিকিৎসা সহায়তা এবং কর্মসংস্থানভিত্তিক কর্মসূচির আওতায় আনা প্রয়োজন। তবে সহায়তা যেন কেবল সাময়িক ভোগব্যয় মেটানোর মধ্যে সীমাবদ্ধ না থাকে; পরিবারগুলোকে দক্ষতা উন্নয়ন, উৎপাদনশীল কাজ এবং স্থায়ী আয়ের সুযোগের সঙ্গেও যুক্ত করতে হবে।
বিশ্বব্যাংকের অক্টোবর ২০২৬ এর প্রতিবেদনে সামাজিক সুরক্ষার আওতা ও উপকারভোগী নির্বাচন উন্নত করার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে। সঠিক পরিবারকে সঠিক সময়ে সহায়তা পৌঁছাতে পারলে সীমিত সরকারি সম্পদের কার্যকারিতা বাড়ানো সম্ভব।
তৃতীয়ত, পারিবারিক ঋণগ্রস্ততা মোকাবিলায় ঋণের প্রকৃতি সম্পর্কে নির্ভরযোগ্য তথ্য সংগ্রহ করতে হবে। কোন শ্রেণির পরিবার কত টাকা ঋণ নিয়েছে, ঋণের কত অংশ ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান থেকে এসেছে, কত অংশ অনানুষ্ঠানিক উৎস থেকে এসেছে, গড় সুদের হার কত এবং পরিবারের আয়ের কত অংশ ঋণ পরিশোধে ব্যয় হচ্ছে—এসব তথ্য ছাড়া কার্যকর নীতি তৈরি করা কঠিন।
নিত্যপ্রয়োজনীয় ব্যয় মেটাতে উচ্চ সুদের ঋণের ওপর নির্ভরশীল পরিবারগুলোর জন্য আর্থিক পরামর্শ, নিরাপদ ও সাশ্রয়ী ঋণপ্রাপ্তি এবং প্রয়োজন অনুযায়ী সামাজিক সহায়তার ব্যবস্থা বিবেচনা করা যেতে পারে। তবে ভোগঋণকে নির্বিচারে বাড়িয়ে দেওয়া সমাধান নয়; কারণ আয় বৃদ্ধির ব্যবস্থা ছাড়া ঋণের সম্প্রসারণ ভবিষ্যতের দায় আরও বাড়াতে পারে।
চতুর্থত, বাজারব্যবস্থায় প্রতিযোগিতা, স্বচ্ছতা এবং সরবরাহের দক্ষতা নিশ্চিত করতে হবে। খাদ্যপণ্যের উৎপাদক ও ভোক্তার মধ্যে অযৌক্তিক মূল্যব্যবধান কমানো, মজুত ও সরবরাহের তথ্য উন্নত করা, প্রতিযোগিতাবিরোধী আচরণ প্রতিরোধ এবং পরিবহন ও সংরক্ষণব্যবস্থা আধুনিকায়নের মাধ্যমে জীবনযাত্রার ব্যয়ের ওপর চাপ কমানো সম্ভব। একই সঙ্গে কৃষক যাতে ন্যায্য মূল্য পান এবং ভোক্তাও সহনীয় দামে পণ্য কিনতে পারেন, সে জন্য উৎপাদন, সংরক্ষণ, বাজারজাতকরণ ও আমদানি ব্যবস্থাপনায় সমন্বিত নীতি প্রয়োজন।
সবশেষে, বাংলাদেশের পারিবারিক ঋণগ্রস্ততার সংকটকে কেবল ব্যাংকঋণ, ক্ষুদ্রঋণ কিংবা ব্যক্তিগত আর্থিক ব্যবস্থাপনার সমস্যা হিসেবে দেখা যথেষ্ট নয়। এটি প্রকৃত আয়, কর্মসংস্থান, মূল্যস্ফীতি, উৎপাদনশীলতা, সামাজিক সুরক্ষা এবং অর্থনৈতিক সুযোগের বণ্টনের সঙ্গে গভীরভাবে সম্পর্কিত।
বিবিএসের জরিপে ৪৭.৪২ শতাংশ পরিবারের ঋণগ্রস্ততার যে চিত্র উঠে এসেছে, তা এই বৃহত্তর বাস্তবতার একটি সতর্কসংকেত। তবে জরিপটি ২০২৫ সালের সেপ্টেম্বর মাসে মাত্র পাঁচ দিনে ৩ হাজার পরিবারের সাক্ষাৎকারের ভিত্তিতে পরিচালিত হয়েছিল; তাই একে দেশের প্রতিটি পরিবারের অবস্থার পূর্ণাঙ্গ প্রতিচ্ছবি না ধরে একটি গুরুত্বপূর্ণ নমুনাভিত্তিক পর্যবেক্ষণ হিসেবে বিবেচনা করা উচিত।
অর্থনীতির চূড়ান্ত সাফল্য তখনই অর্থবহ হয়, যখন তার সুফল সাধারণ মানুষের দৈনন্দিন জীবনে দৃশ্যমান হয়। একটি পরিবার যদি মাসের শেষে সঞ্চয় করতে না পারে, সন্তানের শিক্ষার ব্যয় নির্বাহে হিমশিম খায়, অসুস্থ হলে চিকিৎসা বিলম্বিত করে কিংবা নিত্যপ্রয়োজনীয় বাজার করতে নতুন ঋণের ওপর নির্ভর করে, তাহলে শুধু প্রবৃদ্ধির পরিসংখ্যান দিয়ে তার আর্থিক সুস্থতার প্রমাণ দেওয়া যায় না। কারণ, ঋণ নিয়ে বর্তমানের ভোগ বজায় রাখা সম্ভব হলেও আয় সৃষ্টির সক্ষমতা না বাড়লে সেই ঋণ ভবিষ্যতের স্বাধীনতাকে সংকুচিত করে।
বাংলাদেশের সামনে তাই এখন দ্বিমুখী চ্যালেঞ্জ—একদিকে মূল্যস্ফীতির চাপ কমিয়ে মানুষের প্রকৃত ক্রয়ক্ষমতা পুনরুদ্ধার করা, অন্যদিকে উৎপাদনশীল বিনিয়োগ ও কর্মসংস্থানের মাধ্যমে স্থায়ী আয় বৃদ্ধির পথ তৈরি করা। এর জন্য মুদ্রানীতি, রাজস্বনীতি, শ্রমবাজার, ব্যাংকিং খাত এবং সামাজিক সুরক্ষার মধ্যে সমন্বিত সংস্কার প্রয়োজন।
লক্ষ্য হওয়া উচিত এমন একটি অর্থনৈতিক পরিবেশ তৈরি করা, যেখানে পরিবারকে বেঁচে থাকার জন্য ঋণ নিতে হবে না; বরং ঋণ নেওয়ার সুযোগ থাকলে তা ব্যবহার করা যাবে উৎপাদন, উদ্যোগ, দক্ষতা ও ভবিষ্যৎ সমৃদ্ধি সৃষ্টির জন্য।
কারণ, যে অর্থনীতিতে মানুষ ভবিষ্যৎ গড়ার জন্য নয়, বর্তমানের জীবনটুকু টিকিয়ে রাখার জন্য ঋণ নেয়, সেই অর্থনীতির সবচেয়ে বড় সংকট শুধু অর্থের অভাব নয়—মানুষের অর্থনৈতিক নিরাপত্তা ও ভবিষ্যৎ সম্পর্কে আস্থার সংকট। এই আস্থা ফিরিয়ে আনার প্রথম শর্ত হলো এমন প্রবৃদ্ধি নিশ্চিত করা, যা কেবল জাতীয় আয়ের হিসাব বাড়াবে না, বরং সাধারণ পরিবারের আয়-ব্যয়ের ব্যবধান কমাবে, সঞ্চয়ের সামর্থ্য ফিরিয়ে দেবে এবং ঋণনির্ভর জীবনযাপনের অনিবার্যতা থেকে মানুষকে মুক্ত করবে।
লেখক: ব্যাংকার ও ইকোনোমিক অ্যাফেয়ার্স অ্যানালিস্ট
